মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই বছরের শুরু থেকে অঙ্গরাজ্যটিতে ৩৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিলসবরো ও পিনেলাস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর এক দিন পূর্বে পাশের পাসকো কাউন্টি একই ঘোষণা দেয়। ডেঙ্গুর বিস্তার রোধে এসব এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে।
ফ্লোরিডার পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হিলসবরো কাউন্টি। এই কাউন্টির অন্তর্ভুক্ত টাম্পা এলাকায় এ বছর এখন পর্যন্ত ১৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই সংক্রমণের বৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ হিসেবে চিহ্নিত করেছেন।
এদিকে, ডেঙ্গুতে ফ্লোরিডায় একজনের মৃত্যু ঘটেছে। টাম্পার ৮০ বছর বয়সী গে স্মল নামের এক নারী গত ৪ সেপ্টেম্বর মারা যান। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বাড়ির আশপাশে মশার কামড়ের কারণে তার ডেঙ্গু হয়েছিল।
ফ্লোরিডায় অতীতে ডেঙ্গুর বেশিরভাগ সংক্রমণ বিদেশ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে চলতি বছরের জুলাই মাস থেকে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
ডেঙ্গুর বিস্তার রোধে হিলসবরো কাউন্টিতে মশা নিয়ন্ত্রণের জন্য নিচু দিয়ে উড়তে সক্ষম হেলিকপ্টার ব্যবহার করে আক্রান্ত এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় কিছু ব্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পিনেলাস কাউন্টিতেও মশা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করছেন এবং প্রয়োজন অনুযায়ী সেখানে ব্যবস্থা নিচ্ছেন।
কীভাবে ছড়ায় ডেঙ্গু
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উষ্ণমণ্ডলীয় এলাকায় এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে স্থানীয়ভাবে ডেঙ্গুর সংক্রমণ ঘটে, যার মধ্যে ফ্লোরিডা অন্যতম।
বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুতে গুরুতর উপসর্গ দেখা যায় না। তবে আক্রান্ত ব্যক্তির জ্বর, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে লালচে দাগ দেখা দিতে পারে। বিরল ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
ডেঙ্গু থেকে বাঁচতে মশা প্রতিরোধক ব্যবহার, হাত-পা ঢেকে রাখে এমন পোশাক পরা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। জমে থাকা পানিতেই মশা বংশবিস্তার করতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে। বাংলাদেশ সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের পুত্র। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানে একটি বাগানে কাজ করতেন।
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন হিরন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানায়। বর্তমানে হিরনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন বিদেশে যাওয়ার জন্য অনেক ঋণ করেছিলেন এবং কষ্টের মাধ্যমে সেখানে পৌঁছান। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তার পরিবার শোকের মধ্যে রয়েছে।
হিরন চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণির শিক্ষার্থী, দুই মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।
হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী হ্যাপি আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. সাজ্জাদ হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং সাজ্জাদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হাসানকে আদালতে পাঠানো হয়েছে, এ কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপে একটি ভয়াবহ ঝড়ের পর সমুদ্রসৈকতে ভেসে উঠেছে প্রায় ১৪২ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের কাঠের অংশ। ইতিহাসবিদদের মতে, এই কাঠের অংশটি ‘ওয়ারেন সয়্যার’ নামের একটি তিন মাস্তুলের পালতোলা জাহাজের ধ্বংসাবশেষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
১৮৬৯ সালে নির্মিত জাহাজটি ১৮৮৪ সালের ২২ ডিসেম্বর নানটাকেট দ্বীপের কাছে ডুবে যায়। সেই সময় জাহাজটি নিউ অরলিন্স থেকে বোস্টনের দিকে যাচ্ছিল। এতে এক হাজার ১১৫টির বেশি তুলার গাঁট এবং ২৮ টন লোহার ভাঙা অংশ ছিল।
ম্যাসাচুসেটসের পানির নিচের প্রত্নতাত্ত্বিক সম্পদ বিষয়ক সংস্থার পরিচালক ও প্রধান প্রত্নতাত্ত্বিক ডেভিড রবিনসন জানিয়েছেন, উনিশ শতকে পণ্য পরিবহনের জন্য জাহাজটি ব্যবহৃত হতো। সে সময় এটি বর্তমান সময়ের বড় পণ্যবাহী যানবাহনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
সাম্প্রতিক ঝড়ের পর নানটাকেটের সমুদ্রসৈকতে পচে যাওয়া কাঠের তক্তা ও কাঠামোর বেশ কিছু অংশ দেখা গেছে। এসব কাঠের অংশে এখনও অসংখ্য পেরেক বিদ্যমান। ঢেউয়ের আঘাতে ধ্বংসাবশেষগুলো বারবার নড়াচড়া করছিল।
স্থানীয় ইতিহাসবিদদের মতে, একই এলাকায় ২০২২ ও ২০২৩ সালেও ওই জাহাজের আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। ফলে এবারের কাঠের অংশটিও ‘ওয়ারেন সয়্যার’-এর বলে ধারণা করা হচ্ছে।
১৮৮৫ সালের জানুয়ারিতে প্রকাশিত স্থানীয় একটি সংবাদপত্রে জাহাজটির দুর্ঘটনার ভয়াবহ বিবরণ প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, বিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটির পেছনের একটি বড় অংশ ভেঙে যায় এবং সাগরের প্রচণ্ড ঢেউয়ের সামনে জাহাজের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে।
নানটাকেটকে ঐতিহাসিকভাবে ‘আটলান্টিকের জাহাজকবরস্থান’ বলা হয়। উনিশ শতকে প্রতিদিন শত শত জাহাজ এই ছোট দ্বীপটির পাশ দিয়ে চলাচল করত। ঝড় ও সমুদ্রের অগভীর বালুচরের কারণে দ্বীপটির আশপাশের পানিতে প্রায় ৭০০টি জাহাজডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নানটাকেট জাহাজডুবি ও জীবনরক্ষা জাদুঘর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে, ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়। নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেয়েছে।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, "সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।"
নাগোয়ায় টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। মঙ্গলবার সকালে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে, আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় পাকিস্তান ফাইনালে উঠবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।
এর আগে, নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। চীনের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ