ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভেঙে পড়ল রাবি শিক্ষার্থীদের স্মৃতিবিজড়িত শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ


ভেঙে পড়ল রাবি শিক্ষার্থীদের স্মৃতিবিজড়িত শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত নয়, বরং এর সবুজ-শ্যামল পরিবেশের জন্যও এটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ সবুজের মধ্যে পুরোনো গাছগুলো যেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নীরব সাক্ষী। প্রজন্মের পর প্রজন্মকে ছায়া দেওয়া এমন একটি গাছ এবার ভেঙে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থিত সেই ছায়াদানকারী কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কৃষ্ণচূড়া গাছটি ছিল কেবল একটি গাছ নয়; এটি ছিল ক্যাম্পাসের একটি স্মৃতি। রোদে ঘেমে ও বৃষ্টিতে ভিজে ক্লান্ত শিক্ষার্থীরা তার ছায়ায় বসে বিশ্রাম নিতেন। কেউ বই পড়তেন, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতেন। পরীক্ষার চাপের মাঝে কিংবা ক্লাস শেষে অনেকের জন্য এই গাছের ছায়া ছিল স্বস্তির একটি স্থান।

কৃষ্ণচূড়ার মৌসুমে দৃশ্যটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠত। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা লাল ফুল গাছটিকে ক্যাম্পাসের সৌন্দর্যের এক অনন্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অসংখ্য শিক্ষার্থী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। কেউ হয়তো প্রিয়জনের সঙ্গে ছবি তুলেছেন, আবার কেউ একা দাঁড়িয়ে গাছটির সৌন্দর্য স্মৃতিতে ধরে রেখেছেন।

সময়ের সঙ্গে গাছটির বয়স বাড়ছিল। কাণ্ডে বার্ধক্যের ছাপ দেখা যাচ্ছিল, ডালপালা দুর্বল হয়ে পড়ছিল। তবুও, ক্যাম্পাসের ব্যস্ততার মধ্যে গাছটি দাঁড়িয়ে ছিল। নতুন প্রজন্ম এসেছে, পুরোনো প্রজন্ম বিদায় নিয়েছে, কিন্তু কৃষ্ণচূড়াটি একই স্থানে ছিল। তাই এটি অনেকের কাছে একটি গাছ ভেঙে পড়ার ঘটনা নয়; বরং এটি ক্যাম্পাসের একটি স্মৃতির অধ্যায়ের সমাপ্তি।

গাছটি ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের অনেকেই সেখানে ছুটে যান। কেউ বিস্ময়ে গাছটির বিশাল কাণ্ড দেখেন, কেউ মোবাইল ফোনে শেষ দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই গাছটির সঙ্গে জড়িত পুরোনো স্মৃতি শেয়ার করেছেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

জুবায়ের রহমান নামের একজন শিক্ষার্থী গাছটির স্মৃতিচারণ করে বলেন, "আমরা যারা প্রথম বিজ্ঞান ভবনের শিক্ষার্থী, তাদের কষ্টটা একটু বেশি। এইতো, কয়েকদিন আগেই আমরা এখানে প্রোগ্রাম করলাম। ডিপার্টমেন্টে যত ধরনের অনুষ্ঠান হোক, এখানে এসে ছবি তুলি। প্রতিদিন বিল্ডিংয়ে ঢুকার আগে পরে চোখে পড়ে। এত এত স্মৃতি কীভাবে ভুলি?"

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, "ক্যাম্পাসের একটা জীবন্ত প্রাণ ও ইতিহাসের একটা অংশ চিরতরে হারিয়ে গেল। থমকে যাওয়া এই ডালে ডালে আজও লেগে আছে অজস্র শিক্ষার্থীর স্মৃতির মায়া।"

মুবতাসির ফুয়াদ নামের এক শিক্ষার্থী বলেন, "ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটা ভেঙে পড়েছে। প্রেমিকা মারা গেলে হয়তো এত বেশি দুঃখ হতো না। এই কৃষ্ণচূড়া গাছটা ঘিরে বর্ষা উৎসব করতে চেয়েছিলাম। এই রাস্তাটা দিয়ে আর হাঁটবো কীভাবে? কীভাবে তাকাবো এই অনুপস্থিতির দিকে?"

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ বলেন, "কৃষ্ণচূড়া গাছটি অত্যন্ত সুন্দর একটি গাছ ছিল। এই গাছটির নিচে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত ছবি তুলেছে যে এটি এতটাই জনপ্রিয় ছিল। গাছটার গঠনও খুব সুন্দর ছিল। গাছটাকে দেখে কখনও মনে হয়নি যে এটি ভেঙে পড়বে। ক্যাম্পাসের অন্যান্য বয়স্ক কৃষ্ণচূড়া গাছগুলোর চেয়ে এ গাছটির গঠনও আলাদা ছিল। আসলে এটি আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটি সুন্দর গাছ হারালাম।"

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

একটি গাছ পড়ে গেছে। কিন্তু তার সঙ্গে পড়ে যায়নি তার স্মৃতিগুলো। লাল কৃষ্ণচূড়ার ফুলে, পুরোনো ছবিতে আর অসংখ্য শিক্ষার্থীর গল্পে প্রজন্মের পর প্রজন্মকে ছায়া দেওয়া সেই গাছটি হয়তো বেঁচে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতির পাতায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।

প্রতিবেদনটি সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। তবে তদন্তের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হয়নি কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একটি অনলাইন পোর্টালে ইবির কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। পরে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদককে চিঠি দেওয়া হয়। চিঠিতে তাদের কথোপকথনের স্ক্রিনশটসহ অন্যান্য বিস্তারিত তথ্য চাওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হলেও সংবাদমাধ্যমে প্রকাশিত তালিকা যাচাই করে দেখা গেছে, ইবির শিক্ষকদের মধ্যে প্রায় ২৫ জনের নাম পাওয়া গেছে, যারা অভিযুক্তদের সঙ্গে মিলে যায়।

তদন্ত কমিটি জানিয়েছে, যদি অভিযুক্ত শিক্ষকদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, "এটি তদন্তাধীন বিষয়। এ বিষয়ে কিছু বলার থাকলে কমিটির আহ্বায়ক বলবেন। অথবা আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করব।"

কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, "নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবেন। প্রশাসনের সিদ্ধান্তের আগে তদন্তাধীন বিষয়ে কোনো তথ্য প্রকাশের নিয়ম নেই। তাই এর বেশি কিছু বলতে পারছি না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহত ছাত্রীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


আহত ছাত্রীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবের সময় দুর্ঘটনায় আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অতসী সরকার, যিনি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেটও।

ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে তার জন্য দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে, বিভাগের উদ্যোগে ‘লোয়ার ডেপথ’ নাটকের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটির মোট চারটি প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে শো অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনী থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ অতসী সরকারের চিকিৎসা তহবিলে প্রদান করা হবে।

জানা গেছে, বিভাগের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনকালে আকস্মিক দুর্ঘটনার শিকার হন অতসী সরকার, যার ফলে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন এবং আনুমানিক দুই লক্ষাধিক টাকা ব্যয় হতে পারে। এই পরিস্থিতিতে অতসীর পাশে দাঁড়াতে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগের সার্বিক আয়োজনে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হাসিব এ বিষয়ে বলেন, "অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি সবসময় অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে অংশ নিয়ে অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।"

বিভাগটির সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা জানান, "আমাদের আর্থিক ও সামাজিক বাস্তবতায় একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের অর্থের ব্যবস্থা করা সহজ নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। নাটকের টিকিট বিক্রি থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা অতসী সরকারের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।"

নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, "অতসীর চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ‘শো ফর অতসী’ আয়োজনের পরিকল্পনা প্রথমে তার বন্ধুরাই গ্রহণ করে। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভাগের শিক্ষকরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। পরবর্তীতে বিভাগের উদ্যোগে দুই দিনে মোট চারটি প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়।"

তিনি আরও জানান, "অতসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার গ্রুপের একজন রোভার মেট। তাই টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চায়নের প্রতিটি ধাপে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আমাদের পাশে আছে। তাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫ জন যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


৪৫ জন যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১

সুনামগঞ্জ -সিলেট সড়কের জানিগাঁও নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ফলে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত নারীর নাম শিউলি রানী দাস (২৯)। তিনি দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তারা জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাত্রা শুরু করে। বাসটি যখন সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় পৌঁছায়, তখন ঢাকা থেকে আসা অন্য একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। নিহত শিউলি রানী দাস ঘটনাস্থলেই মারা যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করেন। এ সময় অনেক যাত্রী আহত হন এবং ১ জন নিহত হন। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, সোমবার রাতের সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ৪ জন গুরুতর আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’

চলতি অর্থবছরের মধ্যে দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি উল্লেখ করেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সাথে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য ইসির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল এবং তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সাথে আলোচনা শেষে মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি ব্রিফিং করবে।

বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি আরো জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ সম্পন্ন করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে থাকবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।

এ প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া, রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%