০৭:৩১ এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।
প্রতিবেদনটি সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। তবে তদন্তের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হয়নি কমিটি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একটি অনলাইন পোর্টালে ইবির কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। পরে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদককে চিঠি দেওয়া হয়। চিঠিতে তাদের কথোপকথনের স্ক্রিনশটসহ অন্যান্য বিস্তারিত তথ্য চাওয়া হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রতিবেদন অনুযায়ী, ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হলেও সংবাদমাধ্যমে প্রকাশিত তালিকা যাচাই করে দেখা গেছে, ইবির শিক্ষকদের মধ্যে প্রায় ২৫ জনের নাম পাওয়া গেছে, যারা অভিযুক্তদের সঙ্গে মিলে যায়।
তদন্ত কমিটি জানিয়েছে, যদি অভিযুক্ত শিক্ষকদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, "এটি তদন্তাধীন বিষয়। এ বিষয়ে কিছু বলার থাকলে কমিটির আহ্বায়ক বলবেন। অথবা আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করব।"
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, "নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবেন। প্রশাসনের সিদ্ধান্তের আগে তদন্তাধীন বিষয়ে কোনো তথ্য প্রকাশের নিয়ম নেই। তাই এর বেশি কিছু বলতে পারছি না।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন