ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ


স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

 জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সাক্ষাৎ করেছেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. মো. শফিকুর রহমানের এটি স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম সাক্ষাৎ।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাজেট বাস্তবায়ন, রোহিঙ্গা ইস্যুর সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জগুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধের সময়ের গুলি ৫৪ বছর ধরে শরীরে, অস্ত্রোপচারে সরানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


মুক্তিযুদ্ধের সময়ের গুলি ৫৪ বছর ধরে শরীরে, অস্ত্রোপচারে সরানো হলো

নেত্রকোনার দুর্গাপুরে ৭৫ বছরের এক দরিদ্র বৃদ্ধ, যিনি মন্নাস আলী নামে পরিচিত, তার পিঠ থেকে চিকিৎসকরা একটি গুলি বের করেছেন। পরিবারের সূত্রে জানা যায়, গুলিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার শরীরে প্রবেশ করেছিল। দীর্ঘ ৫৪ বছর তিনি এই গুলির ভোগান্তির মধ্যে ছিলেন। তীব্র অভাব এবং অনটনের কারণে এতদিন তিনি কোনো পরীক্ষা বা চিকিৎসা করাতে পারেননি।

সম্প্রতি, তার পিঠের ব্যথা অসহনীয় হয়ে উঠলে মন্নাস আলী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে পরীক্ষার মাধ্যমে গুলিটির অস্তিত্ব শনাক্ত করা হয়। পরে, শনিবার (৪ জুলাই) সফল অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘ ৫৫ বছর পর তার শরীর থেকে গুলি বের করা হয়। তবে এটি সত্যিকার অর্থে তৎকালীন পাকিস্তানি বাহিনীর তৈরি কিনা, তা সম্পর্কে কিছু বলা হয়নি।

বৃদ্ধের পরিবার এবং স্থানীয় উৎস অনুযায়ী, ১৯৭১ সালে দুর্গাপুরে মুক্তিবাহিনী একটি অভিযান চালিয়ে পাকিস্তানি তিন মিলিটারিকে হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তানি বাহিনী আশপাশের গ্রামগুলোতে আকস্মিক হামলা চালায়, ফলে নির্বিচারে মানুষ হত্যা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসময় প্রাণ রক্ষার জন্য অনেকেই গ্রাম থেকে পালিয়ে যান, তাদের মধ্যে মন্নাস আলীও ছিলেন। তিনি পালানোর সময় পিঠে গুলিবিদ্ধ হন, কিন্তু চিকিৎসার অভাবে পরে কষ্ট সহ্য করতে থাকেন।

সম্প্রতি, যন্ত্রণা তীব্র হয়ে ওঠায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য যান। মন্নাস আলীর ছেলে আবুল হোসেন জানান, 'আমার বাবা প্রায়ই অসুস্থ ছিলেন। আর্থিক সমস্যার কারণে আমরা চিকিৎসার প্রয়োজনীয়তা মেটাতে পারিনি। বাবাও গুলি বের করার অস্ত্রোপচারের বিষয়ে খুব ভয় পেতেন। তবে সবার সহযোগিতায় অবশেষে বাবার শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হয়েছে।'

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানিয়েছেন, একজন স্থানীয় মোশারফ মন্নাস আলীকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার পিঠে গুলি থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায় এবং সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অর্থের অভাবে তিনি এতদিন চিকিৎসা নিতে পারেননি। উদ্ধার হওয়া গুলির বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মন্নাস আলীকে ৩ থেকে ৪ দিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হবে, বর্তমানে তিনি সুস্থ আছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে, তবে আমরা এখনও কোনো লিখিত তথ্য পাইনি। তারা চাইলে এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে পারবেন। আমরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের চার দিনে ৩৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


জুলাইয়ের চার দিনে ৩৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

চলতি মাসের প্রথম ৪ দিনে দেশের ব্যাংকিং খাতে এসেছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশটিতে।

রোববার, ৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ৪ দিনে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি ডলার।

এছাড়া, গত জুন মাসে দেশে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই ও আগস্টে যথাক্রমে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্ষা করে নির্বাচনী খরচে দিয়েছিলেন ৭০ টাকা, বদলে পেলেন নতুন ঘর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ভিক্ষা করে নির্বাচনী খরচে দিয়েছিলেন ৭০ টাকা, বদলে পেলেন নতুন ঘর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ভিক্ষা করে জমানো টাকা থেকে একজন রিনা স্নাল (৭১) নামে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন। এমপি নির্বাচিত হয়ে প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে সালমান ওমর সেই নারীর জন্য নতুন ঘর করে দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু মারা যান কয়েক বছর আগে। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার কারণে পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।

রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। বৃদ্ধা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে।

স্থানীয়রা বলেন, রিনা স্নালের দেখভালের তেমন কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটু গ্রেফতার, বৃদ্ধের অন্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়ার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


লিটু গ্রেফতার, বৃদ্ধের অন্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়ার ঘটনা

বরিশালে বেসরকারি প্রতিষ্ঠান 'অগ্রণী হাউজিং লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর, অন্ডকোষ চেপে ধরা এবং জোরপূর্বক চেক ও স্টাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে নগরীর সদর রোডের ‘টপ টেন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে এই গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) প্রধান আশিক সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন, গত ২৭ জুন সন্ধ্যার পর সদর রোডে তার অগ্রণী হাউজিং অফিসে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, লিটু একসময় আবাসন ব্যবসার অংশীদার ছিলেন এবং লিটুর বিনিয়োগের বিপরীতে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা পাওনা নেই বলে লিটু অঙ্গীকারনামাও দিয়েছিলেন। তবে এরপরও লিটু দীর্ঘদিন ধরে তার কাছ থেকে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

আব্দুল আজিজ জানিয়েছেন, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর রোডের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর করে লিটু ও তার ক্যাডার বাহিনী। প্রথমে মারধরের পর একপর্যায়ে লিটু তার অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাংক (সাদা) চেক এবং দুটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়। ঘটনার পরপরই তিনি ব্যাংকে অভিযোগ করে রাখায় আসামিরা টাকা তুলতে পারেনি। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন, আদালত সেটি এফআইআরভুক্ত করতে কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

ঘটনার সত্যতা সবাইকে জানাতে শনিবার রাতে আব্দুল আজিজ নিজেই তার অফিসের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, ফলে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু সরাসরি আজিজকে মারধর করছেন। একপর্যায়ে লিটু আজিজের অন্ডকোষ চেপে ধরে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়। মারধরের সময় আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে চিৎকার করলে একজন ব্যক্তি কক্ষে ঢোকার চেষ্টা করেন, কিন্তু লিটুর সঙ্গীরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। স্বাক্ষর নেওয়ার পর চেক ও স্টাম্প হস্তান্তরের ছবিও তোলে তারা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত লিটু কাটপট্টি সড়কের বাসিন্দা এবং তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। নগরীতে লিটু যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে গুঞ্জন ছড়ালে রোববার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর যুবদল।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন স্পষ্ট জানান, লিটু যুবদলের জেলা, মহানগর বা ওয়ার্ড, কোনো কমিটির সদস্য নন। তিনি কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক ফায়দা লুটতে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে, সেজন্য তারা অবিলম্বে লিটুর গ্রেফতারের দাবি জানান। এই সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেরকের মাথায় পুলিশ লিটুকে গ্রেফতার করে।

অপরদিকে, ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত লিটু সময় সংবাদের কাছে দাবি করেন, ওইদিন যারা গিয়েছিলেন তারা সকলেই প্রতিষ্ঠানের পরিচালক। লিটু আরো জানান, আজিজ সকলের টাকা আত্মাসাত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%