ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের কবল থেকে ফেরাতে ছেলেকে পুলিশে দিলেন মা


মাদকের কবল থেকে ফেরাতে ছেলেকে পুলিশে দিলেন মা

পাবনার সাঁথিয়ায় আব্দুর রাজ্জাক মুন্সী (৩০) নামে একজন মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা পুলিশে ধরিয়ে দিয়েছেন।

রোববার (৫ জুলাই) এটি ঘটেছে সাঁথিয়া ফকিরপাড়া গ্রামে।

আব্দুর রাজ্জাক মোনোয়ারা খাতুনের ছেলে, যিনি একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মাদক সেবনের জন্য টাকা না পেয়ে স্ত্রী ও মাকে বিভিন্ন সময় মারধর করে সংসারে অশান্তি সৃষ্টি করেন। এর পাশাপাশি একাধিকবার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তার মা পারিবারিকভাবে সবার পরামর্শে সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন। এই প্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ। এরপর রোববার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাককে মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছরের জেল এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় জরিমানার টাকা প্রদান করতে না পারায় তাকে আরও এক মাসের জেল দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার তিনজন

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুসারে, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন একই এলাকার মো. কামরুল, সোহাগ, নাজির শেখ এবং জুয়েল। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে গাড়ি নিয়ে পথে চলাচল করতে দেওয়া হবে না বলে তারা হুমকি দিতে থাকেন।

ব্যবসায়ী ওহিদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন দিবাগত রাত পৌনে ৪টার সময় ওহিদুজ্জামানের বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেটকারে আগুন লাগিয়ে দেয়। এর ফলে গাড়িটির ডান পাশে পিছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজনকে শনাক্ত করা হয়। সেই প্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাতে থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন ওহিদুজ্জামান। মামলার পরিপ্রেক্ষিতে ওই রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রাত ১১টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, গত ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। তিনি তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করা হলো চোরাই মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করা হলো চোরাই মোটরসাইকেল

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে আসা একটি ফোনকলের সূত্র ধরে বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল। এই অভিযানে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে হেলাল শেখ (৩০) নামক এক যুবককে।

রোববার (৫ জুলাই) সকালে ফকিরহাট থানাধীন শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত হেলাল শেখ রামপাল থানার গৌরুবা (১নং ওয়ার্ড) গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। তিনি বর্তমানে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের সূত্রে জানা যায়, রোববার সকালে শ্যামবাগাত গ্রামের একজন বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, তাদের গ্রামের আজিম শেখের বাড়িতে এক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেল রেখে গেছে। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জাকির হোসেন কলটি রিসিভ করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ফকিরহাট থানাকে অবহিত করেন।

পরবর্তীতে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই উদয় কুমার ঘোষ কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সংবাদ পেয়ে ফকিরহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং চুরির অভিযোগে হেলাল শেখকে গ্রেপ্তার করা হয়।

ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহ্যের প্রতীক টমটম, অস্তিত্ব সংকটে পুরান ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


ঐতিহ্যের প্রতীক টমটম, অস্তিত্ব সংকটে পুরান ঢাকায়

আধুনিক নগরজীবনে দ্রুতগতির যান্ত্রিক যানবাহনের ভিড়েও পুরান ঢাকার রাস্তায় এখনো দেখা মেলে দেড় শতকের ঐতিহ্য বহনকারী টমটম বা ঘোড়ার গাড়ির। একসময় এটি ছিল অভিজাতদের আভিজাত্যের প্রতীক এবং নগর পরিবহনের অন্যতম মাধ্যম। তবে সময়ের পরিবর্তনে বর্তমানে টমটম মূলত ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রয়োজনে যেমন দৌড়ানোর পরিমাণ কমে গেছে, তেমনি শখ, বিনোদন কিংবা বিশেষ আয়োজনের জন্য এখন এর ব্যবহার বেশি দেখা যায়।

বর্তমানে সদরঘাট-গুলিস্তান রুটেই টমটম চলাচলের মূল স্থান। কিন্তু যানজট এবং দ্রুতগতির গণপরিবহনের বিস্তার, ঘোড়া রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান ব্যয় এ ঐতিহ্যবাহী বাহনকে টিকিয়ে রাখা দিন দিন কঠিন করে তুলছে।

ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে ১৮৫৬ সালের দিকে পুরান ঢাকায় আনুষ্ঠানিকভাবে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। সেসময় এই বাহনটি ‘ঠিকা গাড়ি’ নামে পরিচিত ছিল। নবাব, জমিদার ও অভিজাতরা মর্যাদার প্রতীক হিসেবে এই বাহনটি ব্যবহার করতেন, পাশাপাশি এটি ছিল পণ্য পরিবহনের একটি মাধ্যম। একসময় ঢাকা নগরীর অন্যতম গণপরিবহন হলেও আজ টমটম প্রায় বিলুপ্তির পথে।

সংশ্লিষ্টরা জানান, একটি টমটম তৈরি করতে, কারুকাজ এবং দুটি ঘোড়া কিনতে প্রাথমিকভাবে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা ব্যয় হয়। অনেক ক্ষেত্রে খরচ আরো বেশি। একটি টমটমের মধ্যে সাধারণত ১০ থেকে ১২ জন যাত্রী বসতে পারেন। তবে যাত্রী নিয়ে পিচঢালা সড়কে গাড়ি টানতে ঘোড়াগুলোকে যথেষ্ট কষ্ট করতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক টমটম রক্ষণাবেক্ষণকারী সমকালকে জানিয়েছেন, একসময় ঢাকার বিভিন্ন রুটে প্রায় ৩৬০টি টমটম চলাচল করত। কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ থেকে ২৬টিতে। প্রতিটি গাড়ির আলাদা নম্বর রয়েছে।

তিনি বলেন, 'ঘোড়ার খাবারসহ রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেড়ে গেছে। আগের মতো লাভ নেই। এখন ব্যবসার জন্য নয়, মূলত পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার জন্যই টমটম চালিয়ে যাচ্ছি।'

তার ভাষ্য, বর্তমানে সাধারণ যাত্রী পরিবহনের চেয়ে বিয়ে, সুন্নতে খাতনা, চলচ্চিত্র ও নাটকের শুটিংসহ বিভিন্ন আয়োজনেই টমটমের চাহিদা বেশি। এই ঐতিহ্য সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান তিনি।

এক কোচোয়ান মিজান জানান, তারা মালিকের কাছ থেকে দৈনিক মজুরিতে টমটম চালান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঘোড়ার খাবার, পরিচর্যা ও গাড়ি মেরামতের খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় তাদের আয় বৃদ্ধি পায়নি।

তিনি বলেন, 'প্রতিদিন ঘোড়ার খাবার, পরিচর্যা আর গাড়ি মেরামতেই অনেক খরচ হয়। মালিকেরা আমাদের বেতন বাড়াতে পারছেন না।' ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ঘোড়া রাখার জন্য পর্যাপ্ত আস্তাবলের অভাবও বড় সমস্যা বলে জানান তিনি।

রায়সাহেব বাজার এলাকায় হৃদয় বেগ নামের এক টমটম আরোহীর সঙ্গে কথা হয়। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে শখের বশে টমটমে চড়তে এসেছেন। তিনি বলেন, 'রায়সাহেব বাজার থেকে গুলিস্তান পর্যন্ত বাসভাড়া মাত্র ১০ টাকা। কিন্তু টমটমে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। তবুও সন্তানদের পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই অভিজ্ঞতা নিতে এসেছি।'

তবে টমটমকে ঘিরে ভিন্ন মতও রয়েছে। ধীরগতির এই বাহন অনেক সময় ব্যস্ত সময়ে যানজট বাড়ায় বলে অভিযোগ রয়েছে। তাছাড়া তীব্র হর্ন ও যান্ত্রিক কোলাহলে ঘোড়া নিয়ন্ত্রণ হারালে পথচারী ও অন্যান্য যানবাহনের জন্য ঝুঁকির সৃষ্টি হতে পারে।

পুরান ঢাকার প্রবীণ বাসিন্দা হাজী জলিল বলেছেন, 'টমটম আমাদের পুরান ঢাকার ঐতিহ্য। কিন্তু এখন এত যান্ত্রিক গাড়ির ভিড়ে এটি চলাচল করলে অনেক সময় যানজটও তৈরি হয়।'

ঐতিহ্য আর আধুনিক নগরবাস্তবতার টানাপোড়েনে টমটম আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনা না থাকলে পুরান ঢাকার এই ঐতিহ্য হয়তো একসময় ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%