ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ ‘হিস হিস’ শব্দে আতঙ্কিত চা শ্রমিকরা


হঠাৎ ‘হিস হিস’ শব্দে আতঙ্কিত চা শ্রমিকরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনা ঘটে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে।

জানা যায়, চা পাতার কুঁড়ি তোলার সময় এক শ্রমিক হঠাৎ ‘হিস হিস’ শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। এরপর ঘটনাটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

খবর পেয়ে সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। তারা জানান, এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

সাপটি নিরাপদে উদ্ধার করে পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষধর সাপটি না মেরে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সময়মতো সচেতনতার সঙ্গে খবর দেওয়ায় একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজারের ডিমের আসলতা যাচাইয়ের সহজ উপায় জানালেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


বাজারের ডিমের আসলতা যাচাইয়ের সহজ উপায় জানালেন বিশেষজ্ঞরা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম’ সংক্রান্ত বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ায় ক্রেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকেই বাজার থেকে এই ডিম কিনে এসে ঠকছেন, যা শরীরের জন্যও ক্ষতিকর হতে পারে।

তবে ডিমের মান যাচাইয়ের জন্য প্রচলিত কিছু ঘরোয়া পরীক্ষার পরিবর্তে খোসার অবস্থা, সংরক্ষণ পদ্ধতি এবং ডিম ভাঙার পর এর গন্ধ ও চেহারা পরীক্ষা করাই অধিক গুরুত্বপূর্ণ। রাসায়নিক দিয়ে তৈরি নকল ডিম দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু আসল ডিমের সঙ্গে নকল ডিমের পার্থক্য বুঝতে খুব একটা কঠিন নয়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ডিম কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা। খুচরা বিক্রির জন্য ডিম কেনার ক্ষেত্রে ঠান্ডা বা উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষিত ডিম বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে বুঝবেন ‘আসল ডিম’ নাকি ‘প্লাস্টিকের’

১. প্রথমে ডিমের খোসার দিকে নজর দিতে হবে। আসল ডিমের খোসা সাধারণত একটু এবড়ো-খেবড়ো হয়। কিন্তু প্লাস্টিকের ডিমের খোসা সম্পূর্ণ মসৃণ হবে। তবে কেবল খোসার উপরিভাগ দেখে ডিমকে নকল বলা যাবে না।

২. ডিম পরীক্ষা করার জন্য একে কানের কাছে ধরে আলতো করে ঝাঁকান। তাজা ডিমে সাধারণত শব্দ হয় না বা ভেতরে নড়াচড়া অনুভূত হয় না। পুরোনো ডিমের কারণে ভেতরে পরিবর্তনের জন্য হালকা শব্দ হতে পারে বা তরল পদার্থ নড়তে পারে।

৩. আসল ডিম এবং নকল ডিমের মধ্যে ওজনের পার্থক্য থাকবে। আসল ডিম তার আকারের তুলনায় একটু ভারী হয়। কিন্তু প্লাস্টিকের ডিমের ওজন হালকা।

৪. আসল এবং নকল ডিমের মধ্যে পার্থক্য বোঝার জন্য একটি সহজ পরীক্ষা হলো। একটি গ্লাসে পানি নিয়ে ডিমটি তাতে ফেলুন। আসল ডিম নকল হলে তা ডুবে যাবে।

৫. গন্ধ দ্বারা শনাক্ত করুন। একটি নষ্ট ডিমে অপ্রীতিকর বা তীব্র গন্ধ থাকতে পারে। কখনো কখনো, ডিম ভাঙার আগেও এর খারাপ হওয়ার লক্ষণ বোঝা যায়। যদি কোনও ডিমে অস্বাভাবিক গন্ধ থাকে, তবে সেটি না খাওয়াই ভালো।

বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী, ডিম ভালোভাবে রান্না করাও নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউএসডিএ-এর পরামর্শ হলো ডিম এমনভাবে রান্না করা, যাতে কুসুম ও সাদা অংশ ভালোভাবে জমে যায়। ডিমযুক্ত খাবারের ক্ষেত্রে নিরাপদ অভ্যন্তরীণ তাপমাত্রা নিশ্চিত করা জরুরি।

সুতরাং, বাজার থেকে ডিম কেনার সময় শুধু ‘আসল না নকল’ নিয়ে গুজবে কান না দিয়ে খোসা অক্ষত আছে কি না, ডিম সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কি না এবং ব্যবহারের আগে এর গন্ধ ও চেহারা স্বাভাবিক কি না- এসব বিষয় আগে খেয়াল করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, পরিবেশ অধিদপ্তরের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানের ফলে নির্ধারিত মাত্রার চেয়ে অধিক কালো ধোঁয়া নির্গমন করায় একাধিক যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কসমস বাসস্ট্যান্ড এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযান চলাকালে দূরপাল্লা ও স্থানীয় রুটের বিভিন্ন যাত্রীবাহী বাসে স্মোক অপাসিটি মিটার ব্যবহার করে নির্গত ধোঁয়ার ঘনত্ব ও মান পরীক্ষা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনের নির্ধারিত সীমার চেয়ে বেশি বিষাক্ত কালো ধোঁয়া নির্গমন করার কারণে কয়েকটি বাসকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর ধোঁয়া নির্গমন না করার শর্তে বাস কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের সুরক্ষায় কালো ধোঁয়া উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে এই ধরনের বিশেষ তদারকি এবং মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা। এসময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি একটি বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান এবং সরকারের কাছে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

ডা. শফিকুর রহমানের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু সদস্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের অস্থায়ী কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন। এই সময় উপাচার্যের ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগও তোলা হয়েছে। পরে উপাচার্যের কাছ থেকে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

এছাড়া, বিবৃতিতে উল্লেখ করা হয় যে, উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন, স্লোগান ও বক্তব্য দেওয়ার মাধ্যমে তার পদত্যাগ দাবি করা হয়েছিল।

ডা. শফিকুর রহমানের বিবৃতিতে উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এর আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েকবার বিশৃঙ্খল আচরণ ও হুমকি-ধমকি প্রদর্শন করেছেন। সর্বশেষ ঘটনার পর উপাচার্য সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন এবং বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে, এই প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যবহৃত একটি কম্পিউটারের সিপিইউ চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উপাচার্য। এই বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে দেশের স্বাস্থ্য খাতে অতীতে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসাকর্মীদের নাজেহাল, মেডিকেল কলেজ বন্ধ এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও দখলচেষ্টার বিভিন্ন অভিযোগের উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা স্বাস্থ্য খাতকে আরও ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণের ভোগান্তি বাড়াবে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের কাছে ঘটনার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

এছাড়া, উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগের ঘটনায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)ও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিডনি বিকল আরিফুলের চিকিৎসার জন্য ২০-২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


কিডনি বিকল আরিফুলের চিকিৎসার জন্য ২০-২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রয়োজন

তিন বছর আগে, স্ত্রী বর্ষা খাতুনের কোল আলোকিত করে আসে তাদের একমাত্র ছেলে আদিল আহনাফ। সন্তান জন্মের পর পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল ইসলাম খুশু।

প্রথমে সাধারণ অসুখ মনে হলেও, তার অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে, আরিফুল ইসলাম খুশুর দুটি কিডনিই বিকল হয়ে গেছে।

এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এভাবে কেটে গেছে তিন বছর। বর্তমানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ঝাওডাঙা গ্রামের দুই কিডনি বিকল হওয়া আরিফুল ইসলাম অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে অকালে ঝরে যেতে পারেন ২৮ বছর বয়সী আরিফুল।

এ কারণে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। জানা গেছে, ২০২৩ সাল থেকে কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরিফুল ইসলাম খুশু। কিডনি ডায়ালিসিস ও চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একসময়ের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফুল ইসলাম। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন।

অর্থসংকটের কারণে মাঝে মাঝে চিকিৎসা বন্ধ রাখতে হচ্ছে। ধারদেনা করে কোনোমতে সংসার ও চিকিৎসা চলছে তার। কিডনি বিকল হওয়ার পর একমাত্র ছেলেকে নিয়েই সময় কাটছে আরিফুল ইসলাম খুশুর।

দুঃসময়েও তার পাশে রয়েছেন স্ত্রী বর্ষা খাতুন। এখন তিন বছর বয়সী একমাত্র ছেলের জন্যই বাঁচতে চান আরিফ। তবে তাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপনের জন্য কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা আরিফুলের পরিবারের পক্ষে সম্ভব নয়। এমনকি ভিটেমাটি বিক্রি করেও এত টাকা সংগ্রহ করা সম্ভব নয় এই পরিবারটির পক্ষে।

তাহলে সরকার, দানবীর, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহায়তা চান আরিফুল ও তার স্ত্রী। সহৃদয়বান মানুষের একটু সহায়তায় বেঁচে যেতে পারে একটি জীবন।

এ বিষয়ে কিডনি রোগী আরিফুল ইসলাম খুশু বলেন, "প্রায় তিন বছর ধরে কিডনি বিকল হয়ে মানবেতর জীবনযাপন করছি। চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছি। কিডনি প্রতিস্থাপন করা হলে আমার বাঁচার সম্ভাবনা রয়েছে। তাই দেশবাসীর কাছে আর্থিক সহায়তা কামনা করছি। আমি বেঁচে গেলে আমার ছেলে ও স্ত্রী ভালোভাবে বাঁচতে পারবে।"

আরিফুলের স্ত্রী বর্ষা খাতুন বলেন, "আরিফুলকে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন। কেউ যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমার স্বামী বেঁচে যাবে।"

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, "আমরা এই পরিবারের পাশে দাঁড়াব। আর্থিক ব্যবস্থার জন্য জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জানাব। পাশাপাশি বর্তমানে আরিফের পরিবারে কোনো কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।"

এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের আরিফুলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%