মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০২ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু মন্তব্য করেছেন যে, রাষ্ট্রের কল্যাণের জন্য কারো সাথে কোনো আপস করা হবে না। তিনি আরও বলেন, "পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলস কাজ করে যেতে চাই।"
গতকাল ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আজ সরকারের এক তথ্যবিবরণীতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মন্ত্রী কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে বলেন, দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, "শুধু ঢাকায় বসে ফাইল সই বা নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই।"
রোহিঙ্গা সংকট এবং কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সাথে নিবিড় সমন্বয় করে কাজ করা হবে।
সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় সীমান্ত অপরাধ, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, অপহরণ ও মানবপাচার রোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকরণ, পর্যটন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা বা রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়।
জুম মিটিংয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সাংবাদিকদের চাকরি এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি উল্লেখ করেন, ‘সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে।’
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সংবাদকর্মীদের জীবনযাত্রার ব্যয়ভার, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের জটিলতার বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের যদি আমরা তাদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চিত করতে না পারি, তবে বেটার জার্নালিজম বা ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্পূর্ণ একমত এবং নিশ্চিত করছি যে, এ ব্যাপারে সরকার খুব দ্রুত কাজ করবে।’
সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই বাস্তবায়ন..., আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না।’
সরকারি কর্মচারীদের পে-স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে, ঢালাওভাবে বাজারে টাকা বেড়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা সঠিক নয়।
একই সাথে তিনি জানান, মূল্যস্ফীতির চাপ সামলাতে এ বছরের শেষ নাগাদ দেশের ৪১ লাখ পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সুফল পাবেন।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অ্যাটর্নি জেনারেল অফিসের (ডিএজি-এএজি) আইন কর্মকর্তারা সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সমবেত হয়ে এই অঙ্গীকার প্রকাশ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা উল্লেখ করেন, "সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তারা আরও বলেন, "অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।" বক্তারা অভিযোগ করেন যে, "যারা দুর্নীতিবাজ, তারাই এখন বিভিন্ন কলঙ্ক দিয়ে যাচ্ছে।"
আজকের এই কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কয়েকশ (ডিএজি-এএজি) আইন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলায় উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা পালন করেন।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান।
এ সময় রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী।
তিনি এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এছাড়া বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রপতি আনসার ও ভিডিপি প্রধানকে আশ্বস্ত করেন যে, দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ