সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৩১ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের হামলায় ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদায় চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইরানের সমর্থনপ্রাপ্ত হুতি যোদ্ধারা ইয়েমেনের হোদেইদাসহ দেশের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে তাদের সংঘাত অব্যাহত রয়েছে।
হুতিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়েমেনের সরকারি টেলিযোগাযোগ করপোরেশনের একটি ভবন।
সৌদি আরব এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এক দিন আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল যে, তারা দেশের পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো ওই অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি যোদ্ধারা এসব স্থাপনার পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে জড়িয়ে পড়ে। সে সময় হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে কার্যকর যুদ্ধবিরতি ভেঙে যায়।
জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, এরপর থেকে দেশটিতে সংঘাতের কারণে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামক সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাবটি অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই প্রস্তাব উত্থাপন করেন।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
সড়কটির নামকরণের প্রক্রিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তা বিশেষভাবে মূল্যায়িত হয়।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে ৫২১ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১, লালবাগ বিভাগ থেকে ৪৪, ওয়ারী বিভাগ থেকে ৭০, মতিঝিল বিভাগ থেকে ৫৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১৫০, গুলশান বিভাগ থেকে ৩৩, উত্তরা বিভাগ থেকে ৫৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা এবং নয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বৃদ্ধি পেয়েছে, যা টানা দাম কমার পর ঘটেছে। ২২ ক্যারেটের স্বর্ণের গহনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে, ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আজ সোমবার সকাল থেকে দেশের কিছু অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর একটি বিজ্ঞপ্তিতে রবিবার (২২ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে।
এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এমন এলাকাগুলো হলো হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ