ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!


বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নতুনভাবে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ডি থ্রির নিলাম আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিলামের আগে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলাম অনুষ্ঠান পরিচালনার জন্য বিসিবি ভারতের চারু শর্মাকে আমন্ত্রণ জানাচ্ছে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় সঞ্চালকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ২৫ অক্টোবর ঢাকায় আসবেন। ডি থ্রি টুর্নামেন্টের নিলামে একাধিক ভিন্নধর্মী আয়োজন থাকবে।

আরও পড়ুন: নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

সাধারণত বিভিন্ন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের অর্থের বিনিময়ে কেনা হয়। তবে বিসিবি এই টুর্নামেন্টে অর্থের পরিবর্তে পয়েন্টের ব্যবস্থা রেখেছে। ফলে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের ক্রিকেটারকে দলে নিতে অর্থের বদলে পয়েন্টের হিসাব করতে হবে।

আগেই জানানো হয়েছে, প্রতিটি দলে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার থাকতে পারবে। নিলামের আগে প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। ফলে ফ্র্যাঞ্চাইজিরা নিলাম থেকে আরও ২২ জন ক্রিকেটার নিতে পারবে।

এর আগে বিপিএলে বিদেশি ও দেশি বিভিন্ন সঞ্চালক নিলাম পরিচালনা করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এবারই প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চারু শর্মা নিলামের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ। তিনি আইপিএল-এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন। ক্রিকেটের পাশাপাশি টেনিস ও ফুটবলের নিলামেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

২০২২ আইপিএলে আকস্মিকভাবে আইপিএলের নিলামে যুক্ত হয়েছিলেন চারু শর্মা। ওই আসরের নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলাম চলাকালীন অসুস্থ হয়ে পড়লে চারু শর্মা ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে নিলামের বাকি অংশ পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।

উল্লেখ্য, ডি থ্রি ট্রফির এই আসরে অংশগ্রহণকারী ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে দেশের তারকারা আগেই চূড়ান্ত হয়েছেন। সেভেন রিংস সিমেন্টের আইকন হিসেবে খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া ফরচুনের আইকন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের আইকন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং সিটিজেন গ্রুপের আইকন হিসেবে থাকছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

রংপুরের বদরগঞ্জে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে। যাত্রীদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ১৩নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, ১৩ নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। পরে দেখা যায়, ট্রেনটির চারটি চাকা রেললাইন থেকে মাটিতে পড়ে গেছে।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, মেইন সিগন্যাল পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্রেনের ব্রেক করা হয়।

তিনি আরও জানান, ট্রেন থামানোর পর স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। দুর্ঘটনার ক্ষেত্রে তার কোনো দায় নেই বলেও তিনি দাবি করেছেন।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কাইস জানান, আন্তঃনগর ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে আসে। ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যালও যথাযথভাবে দেওয়া হয়। মেইন লাইনের পয়েন্টও ঠিক ছিল। পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় রমনা নামের একটি ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর লাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কী কারণে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিনার প্রশংসায় সাইফ বললেন, ‘নজর লাগিও না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কারিনার প্রশংসায় সাইফ বললেন, ‘নজর লাগিও না’

সম্প্রতি বলিউডের খ্যাতনামা অভিনেতা সাইফ আলী খান ইনস্টাগ্রামে একটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন। সম্প্রতি, তিনি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন। তবে ভিডিওতে গিটার বাজানোর চেয়ে তার স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে মজার কথোপকথনই নেটিজেনদের বেশি আকৃষ্ট করেছে।

ভিডিওতে সাইফকে নীল কুর্তা ও সাদা পায়জামা পরিহিত অবস্থায় হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তার সঙ্গে ড্রামসহ আরও কয়েকজন সংগীতশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। বাড়ির বারান্দায় গান করার জন্য সুন্দরভাবে জায়গাটি সাজানো হয়েছিল। ভিডিওর ক্যাপশনে সাইফ উল্লেখ করেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে কারিনা স্বামীর প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

এদিকে, স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ মজার ছলে লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাদের এই খুনসুটির কথোপকথন ভক্তদের কাছে বেশ আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাইফের মন্তব্যে মজার ছলে নজর লাগার ভয়ও খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকেই।

সাইফ আলী খান ও কারিনা কাপুর ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তারা প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। তাদের দুই ছেলে রয়েছে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

এর আগে সাইফ অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন। সেই সংসারে তার দুই সন্তান রয়েছে, যারা হলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকবাসীর দাবিতে বাঘাইছড়িতে মশাল মিছিল, হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


সাজেকবাসীর দাবিতে বাঘাইছড়িতে মশাল মিছিল, হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সমর্থন

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ মশাল মিছিলের আয়োজন করেছে, যা সাজেকে হামলার প্রতিবাদ এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মিছিলের পর একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা এবং সমাজসেবক লক্ষ্মী চাকমা।

তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা সরকারের কাছে অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সাজেকবাসীর প্রতি আন্দোলন থেকে সরে না যাওয়ার অনুরোধ জানিয়ে তারা বলেন, "পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণসহ বিশ্বের সব বিবেকবান মানুষ ও মানবাধিকার সংগঠন সাজেকবাসীর সঙ্গে আছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের আদর করে চুমু দেওয়া জায়েজ? ইসলাম কী বলে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


শিশুদের আদর করে চুমু দেওয়া জায়েজ? ইসলাম কী বলে

শিশুদের নিষ্পাপ হাসি এবং কোমল উপস্থিতি যে কারো মনকে ভালোবাসায় ভরিয়ে তোলে। অবাধ্যতা কিংবা আনন্দের মুহূর্তে তাদেরকে জড়িয়ে ধরা এবং কপালে চুমু দেওয়া মানব হৃদয়ের একটি প্রাকৃতিক এবং নির্মল ভালোবাসার প্রকাশ। ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং এটি মানুষের স্বাভাবিক অনুভূতির যথাযথ মর্যাদা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও শিশুদের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করতেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরতেন এবং কপালে ও গালে চুমু দিতেন। তবে এই নির্মল স্নেহের পাশাপাশি ইসলাম শিশুদের নিরাপত্তা, শালীনতা এবং শারীরিক সীমানা রক্ষার ব্যাপারে জোর তাগিদ দিয়েছে। কোমলমতি শিশুদের প্রতি সুন্নাহসম্মত ভালোবাসা এবং তাদের নিরাপত্তার ব্যাপারে ইসলামের চমৎকার নির্দেশনাসমূহ জানা আমাদের সবার জন্য জরুরি।

শিশুদের চুমু দিতেন মহানবী (সা.)

শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করা মহানবী (সা.)-এর জীবনাচরণের অন্যতম সুন্দর দিক। তিনি শিশুদের আদর করতেন এবং নিয়মিত চুমু দিতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে—

قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا، فَقَالَ الأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ

‘একবার রাসুলুল্লাহ (সা.) তার নাতি হাসান ইবনে আলী (রা.)-কে চুমু দিলেন। সে সময় আকরা ইবনে হাবিস তামিমি নামের এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ‘আমার দশটি সন্তান রয়েছে, কিন্তু আমি তাদের কাউকেই কখনো চুমু দিইনি।’ তখন রাসুলুল্লাহ (সা.) তার দিকে তাকিয়ে বললেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (বুখারি ৫৯৯৭, মুসলিম ২৩১৮)

এই বিশুদ্ধ হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায়, শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশে চুমু দেওয়া কেবল জায়েজই নয়, বরং এটি নবীজি (সা.)-এর সুন্নাহ এবং অন্তরের দয়ার বহিঃপ্রকাশ।

কঠোরতা ও স্পর্শকাতরতাহীন আচরণকে নবীজি (সা.) নিরুৎসাহিত করেছেন।

সন্তানকে জড়িয়ে ধরা এবং স্নেহের চুমু দেওয়াকে যারা অপ্রয়োজনীয় মনে করে বা শিশুদের প্রতি কঠোরতা দেখায়, রাসুলুল্লাহ (সা.) তাদের এই মনোভাবকে অপছন্দ করেছেন। আম্মাজান হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত—

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: تُقَبِّلُونَ الصِّبْيَانَ؟ فَمَا نُقَبِّلُهُمْ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ

‘একবার কয়েকজন বেদুইন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, ‘আপনারা কি শিশুদের চুমু দেন? আমরা তো সন্তানদের চুমু দিই না।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া-মমতা তুলে নিয়ে থাকেন, তবে তাতে আমার কী করার আছে?’ (বুখারি ৫৯৯৮, মুসলিম ২৩১৭)

এ থেকে স্পষ্ট হয়, সন্তান ও শিশুদের সাথে উষ্ণ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ইসলামি সংস্কৃতির মূলভিত্তি।

পবিত্র কুরআনে দয়া ও কোমলতার শিক্ষা

যদিও পবিত্র কুরআনে শিশুদের চুমু দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি নিয়ে পৃথক আয়াত নেই, তবে সার্বিকভাবে কোমল আচরণ, দয়া এবং মানুষের সঙ্গে উত্তম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন—

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

‘আর তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর ভাষায় কথা বলো।’ (সুরা আল-বাকারা: আয়াত ৮৩)

অন্য আয়াতে স্নেহ ও বিনয় প্রকাশের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন—

وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ

‘আর মুমিনদের প্রতি তোমার দয়ার ডানা অবনত কর (অর্থাৎ বিনয় ও অমায়িক আচরণ প্রদর্শন কর)।’ (সুরা আল-হিজর: আয়াত ৮৮)

কোমল আচরণ এবং দয়ার এই সার্বিক নির্দেশনাই শিশুদের প্রতি স্নেহ প্রকাশের মৌলিক ভিত্তি।

অন্যের শিশু এবং বয়সের সীমানা: শরিয়তের সচেতন নিয়ম

নিজের সন্তান, নাতি-নাতনি কিংবা কাছের আত্মীয়দের শিশুকে আদর করে কপালে বা মাথায় চুমু দেওয়া সম্পূর্ণ বৈধ। অন্যের শিশুকেও নীতিগতভাবে আদর করা যায়, তবে সেক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন—

১. অভিভাবকের সম্মতি: শিশুটির মাতা-পিতা বা অভিভাবক বিষয়টি কীভাবে দেখছেন এবং তাদের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া।

২. শিশুর মতামত ও স্বস্তি: শিশু যদি কোনো কারণে কোলে আসতে বা চুমু খেতে অস্বস্তি বোধ করে, তবে তাকে জোর করা যাবে না।

৩. বয়স ও পর্দার বিধান: শিশু বড় হওয়ার কাছাকাছি (বালেগ হওয়ার বয়স) পৌঁছালে মাহরাম এবং গায়রে মাহরামের বিধান প্রযোজ্য হয়। গায়রে মাহরামের ক্ষেত্রে শারীরিক স্পর্শের সীমাবদ্ধতা, পর্দা এবং শালীনতা রক্ষা করা আবশ্যক। যৌন মানসিকতা বা কামনাসংক্রান্ত যেকোনো স্পর্শ স্নেহের দোহাই দিয়ে কস্মিনকালেও বৈধ হতে পারে না।

আদরের ছলে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং নিরাপত্তা

ইসলাম সব ধরনের অপকর্ম এবং অন্যায়ের দুয়ার শুরুতেই রুদ্ধ করে দেয়। শিশুদের কপালে বা মাথায় স্নেহপূর্ণ চুমু দেওয়া জায়েজ হওয়ার অর্থ এই নয় যে, যে কেউ চাইলেই শিশুকে যেমন ইচ্ছে স্পর্শ করতে পারবে। আদর এবং যৌন নিপীড়ন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সংবেদনশীল অঙ্গ স্পর্শ নিষেধ: শিশুর সংবেদনশীল বা গোপনাঙ্গ স্পর্শ করা, কামনার দৃষ্টিতে কাছে টানা বা অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে ধরা চরম অন্যায় এবং কবিরা গুনাহ।

সতর্কতা এবং ভারসাম্য: কারো সাধারণ স্নেহের আচরণকে ঢালাওভাবে নিপীড়ন ভাবাও যেমন ভুল, তেমনি শিশুর কোনো অভিযোগকে অবহেলা করাও বিপজ্জনক। অভিযোগ উঠলে ভীতিহীন পরিবেশে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি যাচাই করা উচিত।

শিশুর মর্যাদা এবং শারীরিক সুরক্ষার দায়িত্ব

অভিভাবক এবং সমাজ হিসেবে অভিভাবকদের দায়িত্ব হলো শিশুদের নিজস্ব শারীরিক সুরক্ষার শিক্ষা দেওয়া (Good touch and Bad touch)। শিশুকে শেখাতে হবে—তার শরীর একান্তই তার নিজের। কেউ তার অনুমতি ছাড়া স্পর্শ করলে বা অস্বস্তি দিলে ‘না’ বলার পূর্ণ অধিকার তার রয়েছে। শিশু কোনো ক্ষতিকর স্পর্শের কথা জানালে তাকে ভয় না দেখিয়ে বা দোষারোপ না করে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।

সংক্ষেপে বলতে গেলে, শিশুদের আদর করে চুমু দেওয়া এবং বুকে জড়িয়ে নেওয়া কেবল বৈধই নয়, বরং বিশ্বনবী রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসা এবং সুন্নাহর অনুগামী আমল। তবে এই ভালোবাসার প্রকাশ হতে হবে শালীনতা, নিরাপত্তা এবং শুভচেতনার ফ্রেমে বাঁধা। শিশুর সম্মতি, অভিভাবকের স্বাচ্ছন্দ্য, বয়স অনুযায়ী পর্দার সীমা এবং যে কোনো অপপ্রভাব থেকে সুরক্ষার বিষয়ে সচেতন থেকে ভালোবাসাই হলো প্রকৃত ইসলামি শিক্ষা। ভালোবাসা এবং নিরাপত্তার এক ভারসাম্যপূর্ণ ছায়ায় যেন আমাদের শিশুরা বড় হতে পারে— এটাই ইসলামের কাম্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%