মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৩১ পি.এম
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারত থেকে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের দাবি করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এই আবদারকে ‘উন্মাদনা’ ও ‘নজিরবিহীন ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার বাইরে স্বাভাবিক ভ্রমণ প্রক্রিয়ায় তার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বিজয় দিবসে ফেরার ঘোষণা ও রাষ্ট্রীয় বিমানের দাবি
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা। এ উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন করেছেন এবং সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি উড়োজাহাজে করেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই বিজয় দিবসে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এবারই প্রথম তিনি দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেছেন, যা দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
চিফ প্রসিকিউটরের তীব্র প্রতিক্রিয়া ও বিচারের অগ্রগতি
শেখ হাসিনার বিমান চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর আবদার একটি নজিরবিহীন ঘটনা এবং এটি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
এছাড়াও, আওয়ামী লীগের বিচারের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচারের তদন্ত চলমান রয়েছে এবং পলাতক নেতাদের কর্মকাণ্ডে তাদের সন্ত্রাসী ও খুনি পরিচয় স্পষ্ট হওয়ায় সরকার ও ট্রাইব্যুনাল আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে।
প্রত্যর্পণ চুক্তির বাইরে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদিকে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না এবং এ ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। তিনি স্পষ্ট করেছেন যে স্বাভাবিক ভ্রমণ প্রক্রিয়ায় তার দেশে ফেরার বিষয়টি সরকারের বিবেচনায় নেই, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায় কার্যকরে ভারতের কাছে তার প্রত্যর্পণের দাবি জোরালো করার পাশাপাশি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর অবস্থানে অনড় রয়েছে সরকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন।
রাষ্ট্রদূত সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় উল্লেখ করেন, "আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে।" তিনি আরও বলেন, "বিশ্বসেরা গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।"
তিনি জানান, এই উদ্যোগের শুরু হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে, বাজারই নির্ধারণ করবে এ মাংসের চাহিদা কতটা।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের দিকে যাত্রা শুরু করেন।
সরকারপ্রধান ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন, যা সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে। সফরের সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট বিশেষ এ যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে।
মহড়া ও প্রদর্শনী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর আজ বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একটি গোলাবারুদ কারখানায় মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের অনুমোদন দিয়েছে দেশটির একটি ফেডারেল আপিল আদালত। তবে, এ নিয়ে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, বিস্ফোরণের ফলে বিষাক্ত সিসা ছড়িয়ে পড়তে পারে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানায়, মধ্য-পশ্চিমাঞ্চলীয় আইওয়া অঙ্গরাজ্যে সংরক্ষিত সিসা অ্যাজাইড নামের বিস্ফোরকের ৬৮টি ড্রাম বুধবার বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এ কাজে দেরি হলে নিয়ন্ত্রণের বাইরে বিস্ফোরণ ঘটার ঝুঁকি রয়েছে।
সোমবার আদালত ১১ পৃষ্ঠার এক আদেশে উল্লেখ করেছে যে, নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায় ‘বাস্তব ও গুরুতর ঝুঁকি’ বিদ্যমান, যা আদালত বিবেচনায় নিয়েছে।
তবে আদালত আরও উল্লেখ করেছে, ‘পরিস্থিতির বাস্তবতাও আমাদের স্বীকার করতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে মেয়াদোত্তীর্ণ ও ক্ষয়প্রাপ্ত বিস্ফোরকগুলো অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে।’
এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিতর্কে হস্তক্ষেপ করেন। তিনি জানান, আপিল আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিস্ফোরক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। তবে আইওয়ার নবনির্বাচিত গভর্নর, যিনি ডেমোক্র্যাট দলের সদস্য, এ পরিকল্পনায় সম্মতি দিলে তবেই তা এগিয়ে নেওয়া হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ পরিকল্পনা আটকে দেওয়া হলে এর ফলে যেকোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞের দায়ভার নবনির্বাচিত গভর্নরকেই নিতে হবে। তিনি এ পরিস্থিতিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দীর্ঘমেয়াদি’ বলেও মন্তব্য করেন।
আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ট্রাম্প প্রশাসনের কাছে বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিংয়ে আমি যে তথ্য পেয়েছি, আইওয়ার বাসিন্দাদেরও মূল সূত্র থেকেই সেই একই তথ্য জানার সুযোগ থাকা উচিত।’
গত সপ্তাহে প্রকাশিত এক সতর্কবার্তায় বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।
এতে বলা হয়, বিশেষজ্ঞরা মাটিচাপা দেওয়া কংক্রিটের তৈরি বিশেষ নিরাপত্তাকক্ষে বিস্ফোরকগুলো ধ্বংস করবেন। এসব স্থাপনার চারপাশে বালুভর্তি বিশেষ প্রতিরক্ষাব্যবস্থা বা ‘হেস্কো ব্যারিয়ার’ থাকবে, যার উচ্চতা প্রায় দুই তলা ভবনের সমান।
বিস্ফোরণের আগে এসব স্থাপনার ওপরের মাটি পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে রাখা হবে। পাশাপাশি চারপাশে পানি ছিটানোর বিশেষ যন্ত্র চালু থাকবে।
এর উদ্দেশ্য হলো, বিস্ফোরণের সময় বাতাসের সঙ্গে সিসার বিষাক্ত কণা যাতে কারখানার বাইরে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে না পারে, তা নিয়ন্ত্রণ করা।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের কিছু বাড়ির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে কাছাকাছি এলাকার কিছু বাসিন্দাকে ছয় ঘণ্টার জন্য বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত একটি মানচিত্রে দেখা গেছে, বিস্ফোরণের ফলে সিসার কণা গোলাবারুদ কারখানা থেকে ২০ মাইল বা প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি উত্তরে ছড়িয়ে পড়তে পারে।
এ কারণে স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য দূষিত এলাকা এড়িয়ে চলার অথবা ঘরের ভেতরে অবস্থান করে দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বিশেষভাবে বলা হয়েছে, ‘ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি সংবেদনশীল।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটক ও সিনেমার খ্যাতিমান অভিনেতা সোহেল খান মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হচ্ছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ১০টার সময় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিস্তারিত আসছে...
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ