ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা ভাতা


বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা ভাতা

সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬-এ প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি সন্তানের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন।

একজন সরকারি চাকরিজীবী সর্বাধিক দুই সন্তানের জন্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন। দুইটির বেশি সন্তান থাকলে ভাতা প্রদান করা হবে না। বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের মা অথবা বাবার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তরিত হবে। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের পে স্কেলের গেজেটে এই সুবিধার উল্লেখ রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গেজেটটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

গেজেটে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিজীবীরা অনধিক দুই সন্তানের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা পাবেন। তবে, দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই ভাতা প্রদান করা হবে। এই ভাতা গ্রহণের ক্ষেত্রে অন্য কোনো ভাতা গ্রহণের সুযোগ নেই। অর্থাৎ, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে গ্রহণ করা যাবে না।

নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী এই সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের কতজনের সন্তান প্রতিবন্ধী সে সম্পর্কিত তথ্য নেই। তবে, এই তথ্য অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার বা আইবাসে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবন্ধী সন্তানের যাচাই প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয়ে কর্মরত, তারা যাচাই-বাছাই করবেন। সরকারি চাকরিজীবীর মা বা বাবা যতদিন চাকরিতে থাকবেন, ততদিন এই ভাতা প্রদান করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য এই সুবিধা নির্ধারণের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা পরিবারগুলো তাদের সন্তানের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যায় এই অর্থ ব্যয় করতে পারবেন। এতে তারা কিছুটা স্বস্তি অনুভব করবেন। এই ভাতা সেই ব্যয়ের একটি অংশ পূরণে সহায়তা করবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ছেলের হত্যাকাণ্ডে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ছেলের হত্যাকাণ্ডে একজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীম (১৩) নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তুহিন নামের একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া জানিয়েছেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিন নামের একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

তবে আটক তুহিনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা সন্দেহ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে জন্ম নেওয়া কন্যাশিশুর পরিবার দুশ্চিন্তায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে জন্ম নেওয়া কন্যাশিশুর পরিবার দুশ্চিন্তায়

দিনাজপুরের ফুলবাড়ীতে এক কন্যাশিশুর জন্ম হয়েছে, যার দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল রয়েছে। প্রতিটি হাত ও পায়ে সাতটি করে আঙুল রয়েছে। তবে জন্মের দুই দিন পর বাম হাতের একটি অতিরিক্ত আঙুল ঝরে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির ঠোঁটেও ত্রুটি রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের আরিফ ও লিজা দম্পতির এটি প্রথম সন্তান।

শিশুটির বাবা আসাদুল ইসলাম আরিফ জানিয়েছেন, রোববার দুপুরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে লিজা সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায়, শিশুটির দুই হাত ও দুই পায়ে সাতটি করে আঙুল রয়েছে এবং প্রতিটি আঙুলেই নখ রয়েছে।

আরিফ জানান, জন্মের দুই দিন পর বাম হাতের একটি আঙুল ঝরে পড়ে। এছাড়া শিশুটির ঠোঁটেও ত্রুটি রয়েছে। মেয়ের চিকিৎসা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। ভ্যান চালিয়ে সীমিত আয়ে সংসার চালানোয় চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তবে তিনি জানান, সামর্থ্য অনুযায়ী মেয়েকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিশুটির দাদা মো. আমজাদ হোসেন ও দাদি মোছা. আয়েশা আক্তারও নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। পরিবারের সদস্যরা জানান, জন্মের পর শিশুটির হাত-পায়ের অতিরিক্ত আঙুল দেখে তারা বিস্মিত হন। এলাকায় আগে এ ধরনের শিশুর জন্ম না হওয়ায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

শিশুটির জন্মের সময় অস্ত্রোপচারকারী চিকিৎসক মো. এ এন নূরুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটির হাত-পায়ের অতিরিক্ত আঙুলে আপাতত তেমন কোনো সমস্যা নেই। তবে মুখের ওপরের তালুর একটি অংশে ত্রুটি রয়েছে, যা চিকিৎসার মাধ্যমে সমাধান করতে হবে। এ জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এসকে সাদেক আলী জানান, চিকিৎসাবিজ্ঞানে অতিরিক্ত আঙুল নিয়ে জন্মগ্রহণের অবস্থাকে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। এটি জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। শিশুটির অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কায় হামলাকে মহাপাপ বললেন সৌদি দুই পবিত্র মসজিদের ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


মক্কায় হামলাকে মহাপাপ বললেন সৌদি দুই পবিত্র মসজিদের ইমাম

সম্প্রতি মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পরিচালিত আক্রমণকে একটি ‘মহাপাপ’ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ইমাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

মক্কার মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, "পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্দোষ মানুষের জীবন রক্ষা করা যেকোনো সভ্য সমাজের জন্য একটি অনস্বীকার্য এবং চূড়ান্ত সীমা।" তিনি আরও যোগ করেন, "আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্য বস্তু বানানোর স্পর্ধা যাদের রয়েছে, ইসলামের শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।" তিনি অভিযোগ করেন যে, ধ্বংসাত্মক কাজ ঢাকতে হুথিরা ধর্মীয় স্লোগানকে ব্যবহার করছে।

অন্যদিকে, মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, "মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের এই আক্রমণগুলো তাদের সন্ত্রাসবাদের ধারাবাহিকতারই অংশ।" তিনি উল্লেখ করেন, "এই হামলাগুলো নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিতে থাকা মানুষকে আতঙ্কিত করার অপচেষ্টা মাত্র।"

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন চিহ্নিত করে ধ্বংস করে। ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। এটি ২০১৭ সালের জুলাই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় আক্রমণ ছিল।

শেখ বালিলা আরও বলেন, "এসব হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে কেবল শক্তিশালীই করবে এবং দেশটি চিরকাল মুসলিমদের কিবলা হিসেবে অটুট থাকবে।"

সূত্র: সৌদি গেজেট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, সোনার অলংকার ও টাকা লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, সোনার অলংকার ও টাকা লুটের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে অচেতন করে প্রায় দুই ভরি সোনার অলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একা ছিলেন।

ঘর খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়ার সাথে সাথে তিনি ঝিমিয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তির নির্দেশ অনুযায়ী তিনি চলতে থাকেন।

এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং নগদ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু টাকা ও গহনাই নয়, সঙ্গে রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি।

ঘটনার দিন বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ভুক্তভোগী পরিনা বেগম বদলগাছী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%