বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৪ পি.এম
ভারতের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাত্রা করার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায় মেহেরপুর ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল বেলায় তাকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
এমএ খালেক গাংনী শহরের থানা সড়কের মোজাহার আলীর পুত্র। তিনি গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে ৩টি মামলায় কিছুদিন হাজতবাস শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, মেহেরপুর সদর থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে এ দিন বিকেলে তাকে মেহেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে হাজতবাসে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এমএ খালেক। কাগজপত্র যাচাই-বাছাই করার সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা নিশ্চিত হন যে, খালেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে মেহেরপুর নিয়ে আসে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন আয়োজনের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং সদস্যসচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সূত্রে গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তথ্য অনুযায়ী, সমাবর্তনটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। গঠিত স্টিয়ারিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, সব বিভাগের সভাপতি, আবাসিক হলগুলোর প্রভোস্ট, বিভিন্ন অফিসের প্রধান এবং সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা সমাবর্তন আয়োজনের সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, সমন্বয় ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখের মধ্যে যেকোনো একটি দিন চূড়ান্ত করে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্ধারিত তারিখ প্রস্তুতি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে।
জনসংযোগ দপ্তর জানাচ্ছে, সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান এবং একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্টিয়ারিং কমিটি গঠনের মাধ্যমে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল ও স্মরণীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে কাজ করবে কমিটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমের কাছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতের স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় হ্রাস করা সম্ভব। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবন ও অন্যান্য উপযুক্ত স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপিতে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—একটি সমন্বিত ‘সোলার পাওয়ার মাস্টার প্ল্যান’ তৈরি, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা যাচাই এবং সরকারি বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের মাধ্যমে অর্থায়নের সুযোগ অনুসন্ধান।
এছাড়া, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান, প্রকৌশল, পরিবেশ ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার ক্ষেত্র হিসেবে কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে কারিগরি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত মন্তব্য করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়েছি। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু এবং একজন সিএনজিচালক রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আছেন— আখি (৩০), মো. জাকারিয়া (১২) এবং সিএনজিচালক জুয়েল (৪০)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনও জানা যায়নি।
অন্যদিকে, দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) এবং সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সিএনজিচালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু ঘটে।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক এবং দুইজন আরোহী ছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার কর্তৃক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘অণুজীব জানুন, নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী শ্রীরামপুরের তমালতলা এলাকায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
কর্মসূচির শুরুতে সংগঠনের সেক্রেটারি অভিনন্দন পাল সীমান্ত অণুজীবের পরিচয়, দৈনন্দিন জীবনে এর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এরপর ভাইস প্রেসিডেন্ট হাফসা বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য-সম্পর্কিত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে এলাকার বাসিন্দা ফজলুল হক গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, "প্রায় ১০ বছর আগে আমাদের এই নিশ্চিতপুর গ্রামের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করতেন। কিন্তু এখন অনেকের বাড়িঘর অনুন্নত হলেও প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে।"
পরে সংগঠনের প্রেসিডেন্ট খন্দকার মেহেদী হাসান অণুজীব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির পরবর্তী পর্বে অর্গানাইজিং সেক্রেটারি মুরশিদা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষতিকর অণুজীব, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করেন। সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপিত এই আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে অণুজীব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত গণমাধ্যমকে জানান, "এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ও নিরাপদ জীবনযাপন সম্পর্কে সচেতনতা তৈরি করা।" শতাধিক মানুষের অংশগ্রহণ কর্মসূচিটিকে একটি অর্থবহ জনসচেতনতামূলক উদ্যোগে পরিণত করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ