ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরীর মুখ চেপে নির্জনে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে স্ত্রীর বিকল্প প্রস্তাব


কিশোরীর মুখ চেপে নির্জনে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে স্ত্রীর বিকল্প প্রস্তাব

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরী বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে যায়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময় কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিল না। পরদিন, প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানালে ঘটনার সত্যতা প্রকাশ পায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানির পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। তারা পরিবারটিকে ‘ঘটনা প্রকাশ পেলে মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে’—এমন ভয় দেখিয়ে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেন। অভিযুক্ত কাশেমের স্ত্রীও পরিবারটিকে নানা হুমকি-ধমকি দেন এবং কিশোরীকে তার স্বামীর সঙ্গেই বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এসব কারণে কিশোরীর বাবা প্রথমে থানায় যেতে সাহস পাচ্ছিলেন না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে এর আগেও নারীদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত অসচ্ছল। কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করেন এবং মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীরা এলাকায় উপস্থিত হলে কিশোরী তাদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি দ্রুত দুর্গাপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার নেওয়া হয়েছে এবং অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি পূর্বে এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, কামারুম মুনিরা পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তার আবাসস্থল ঢাকা জেলায়।

এর আগে, তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, জানা গেছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার

গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের আমলাতন্ত্রকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে না। প্রশাসনকে আরও জনবান্ধব ও জনমুখী করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিগত দেড় দশক ধরে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি। বর্তমানে জাতীয় সংসদে গণতান্ত্রিক কার্যক্রম শুরু হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোও এখন অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিরোধী দল জাতীয় সংসদে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকের শুরুতে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ ও অভিনন্দন জানায়। এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশের ও বিদেশের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে কায়সার কামাল বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী শক্তিশালী করার জন্য পরিবার কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ডেপুটি স্পিকার এতে সম্মতি জানিয়ে বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে চালু হলে শিক্ষার মান বজায় রাখতে ব্রিটিশ শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুদের সমানভাবে বিবেচনা করা হয়। বর্তমানে সংসদ সদস্য ও মন্ত্রীদের মধ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার এবং সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।

বৈঠকে দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। বৈঠক শেষে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলকে জাতীয় সংসদ ভবন ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদল এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

ব্রিটিশ প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগম, শওকত আদম এবং যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের কর্মকর্তা লর্ড কুরবান হোসেন। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পণ্যের দাম বৃদ্ধি নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


পণ্যের দাম বৃদ্ধি নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে পোলাওয়ের চাল, মাল্টা, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে একটি পোস্ট করেছেন।

তিনি অসাধু সিন্ডিকেটকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করেছেন। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, পুনরায় অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন যে, গত দুই মাস ধরে প্রতি কেজি মাল্টা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ আমদানির নথি অনুযায়ী, প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ এবং মুনাফা যোগ করেও প্রতি কেজির সর্বোচ্চ খরচ ২১০ টাকা হওয়ার কথা। সেই হিসেবে খুচরা বাজারে মাল্টার দাম ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।

মাল্টার দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ–সংকটের কথা বলা হলেও নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে, আমদানির তথ্য তা সমর্থন করে না। তার দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে অন্তত ২২ শতাংশ বেশি মাল্টা আমদানি হয়েছে। এরপরও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, গত দুই মাসে জনগণের কাছ থেকে অসাধু সিন্ডিকেট কয়েক শ কোটি টাকা নিয়েছে।

নাহিদ ইসলাম আরও লিখেছেন যে, ১২০ টাকার পোলাওয়ের চাল বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি দাবি করেছেন যে, শুধুমাত্র পোলাওয়ের চাল থেকেই গত তিন মাসে আনুমানিক দেড় হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ডজন ডিমের গড় দাম ছিল ১২০ টাকা, যা এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নাহিদ ইসলাম পোস্টে উল্লেখ করেন যে, মুরগির খাবারের দাম বৃদ্ধির যুক্তি দেখানো হলেও সেই বৃদ্ধির প্রভাব বিবেচনায় প্রতিটি ডিমের দাম প্রায় এক টাকা বাড়ার কথা। কিন্তু, দাম বেড়েছে পাঁচ টাকা।

১২ কেজি সিলিন্ডারের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ার পরেও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। এনসিপির এই নেতা প্রশ্ন তুলেছেন, "আমদানি পর্যাপ্ত। তাহলে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি টাকা কাদের পকেটে যাচ্ছে?"

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশে আবার ফ্যাসিবাদী আমলের মতো সিন্ডিকেটের কবলে পড়েছে। তিনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আগামী ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা অপরাধ করে পার পেয়ে যাবে, এমনটি মনে করতেন। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, যা হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় আমাদের অবস্থান হচ্ছে- আমরা মামলায় কোনো বিলম্ব ঘটাতে চাই না। নাগরিকের দ্রুত বিচার প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার, আমরা চাই সেটা নিশ্চিত হোক।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন এই মামলার শুনানি শুরু হবে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম বিলম্ব ঘটানো হবে না। আমরা একদিনও শুনানি মুলতবি চাইব না। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হওয়া উচিত। মানুষ এই মামলার রায় কার্যকর দেখতে চায়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। নির্মম এই হত্যায় জড়িতদের সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা-কর্মী।

আলোচিত এই হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ। হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।

এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা কেউ কেউ আপিল ও লিভ টু আপিল করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%