০২:৫৭ পি.এম
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ফলে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ অক্টোবরের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এতে জানানো হয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায়। একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতার কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ অবিলম্বে শত্রুতা বন্ধের, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন