ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’


শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’

নব্বইয়ের দশকের প্রেমের গল্প ও রোমান্টিক আবহকে আধুনিক প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরতে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়া’স লাভ জার্নি) নির্মিত হয়েছে। রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি আইস্ক্রিনের জন্য নির্মিত হয়েছে। শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা থাকলেও নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক জানিয়েছেন, এটি সরাসরি কোনো সিনেমার কপি নয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিশন ডিডিএলজে’ নিয়ে কথা বলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, "আমরা যারা ১৯৮০ সালে জন্মেছি, নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি, ‘মিশন ডিডিএলজে’তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন দর্শক। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শক কনটেন্টটি দেখলে বুঝবেন। আর নামটা কেন ‘ডিডিএলজে’, সেটারও একটি হিডেন মিনিং আছে, সেটিও দর্শক দেখলে বুঝবেন।”

নির্মাতার মতে, যে ধরনের প্রেমের গল্প দেখে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, বর্তমান সময়ে সেই স্বাদের গল্প খুব একটা দেখা যায় না। পুরোনো দিনের প্রেমের গল্পের আবহ নিয়ে নতুন কোনো কাজ সামনে এলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

তিনি আরও বলেন, "আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি, এই সময়ে এসে সেই ধরনের গল্পগুলো আর পাই না। কিন্তু আগেকার গল্পগুলোর আবহ যখন কিছু কিছু কাজে ফিরে আসে, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করেন। এই গল্পটা এই সময়ের কাপলদের নিয়ে। তবে তারা নিজেদের প্রেমকে আরও মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরি থেকে অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস, এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে। পাশাপাশি এখনকার বাবা-মায়েরাও গল্পটি দেখে উপভোগ করবেন।"

‘মিশন ডিডিএলজে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। সংবাদ সম্মেলনে নিজেদের কাজের অভিজ্ঞতা ও গল্প নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। নাওভী বলেন, "এই কনসেপ্টটা শুনে আমার কাছে মজার মনে হয়েছিল। গল্পটি দর্শকদের সঙ্গে কানেক্ট করবে বলে আমি কনফিডেন্ট।” লাবণ্য বলেন, "এই গল্পে নব্বই দশকের লাভ স্টোরি আছে, যা এই প্রজন্মের দর্শকদের কাছে নতুন মনে হবে। তারা এই কাজটি দেখে এনজয় করবে।”

ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানান, ‘মিশন ডিডিএলজে’তে একটি হলুদের গানও রয়েছে। রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মে নাওভী ও লাবণ্য ছাড়াও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না ও শারমিন সুলতানা শর্মী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন অর্থনীতি সম্পর্কে উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মার্কিন অর্থনীতি সম্পর্কে উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক পরিসংখ্যান দেশটির সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়েছে। তবে অন্যদিকে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত পাওয়ায় সোমবার (১৭ আগস্ট) এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এর আগে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারও দরপতনে শেষ হয়েছিল।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা হয়েছিল। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনে শ্রমবাজারের গতি কমে আসা এবং মূল্যস্ফীতি কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যায়। তবে মূল্যস্ফীতি এখনও ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি রয়েছে।

বাজারে এই আচরণকে অনেকেই ‘খারাপ খবরই ভালো খবর’ হিসেবে দেখছেন। অর্থাৎ অর্থনীতি দুর্বল হলে ফেড সুদের হার বাড়াবে না—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা দুর্বল অর্থনৈতিক তথ্যকেও ইতিবাচকভাবে নিচ্ছেন। তবে শুক্রবারের তথ্য মার্কিন অর্থনীতির শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ফলে বিশ্লেষকেরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি আগের মাসের তুলনায় ০.৬ শতাংশ কমেছে, যা এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ ফল। একই সময়ে ভোক্তা আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপের মধ্যে মার্কিন পরিবারগুলো ব্যয় কমিয়েছে এবং ভবিষ্যতে মূল্যস্ফীতি বাড়বে—এমন আশঙ্কাও বেড়েছে।

ফরেক্স ডটকম-এর বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মাসের শুরুতে প্রকাশিত কর্মসংস্থান তথ্যের পর মোটামুটি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যস্ফীতি, দুর্বল খুচরা বিক্রি এবং কমে যাওয়া ভোক্তা আস্থার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ‘সব তথ্য একসঙ্গে বিবেচনা করলে দেখা যাচ্ছে, মার্কিন অর্থনীতির গতি কিছুটা কমে আসতে পারে। এতে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশা আরও জোরালো হচ্ছে।’

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এখন বাজারে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা চার ভাগের এক ভাগ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল প্রায় ৫০:৫০।

এখন বিনিয়োগকারীদের নজর থাকবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট, হোম ডিপো ও টার্গেটের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশের দিকে। এসব প্রতিবেদন থেকে মার্কিন ভোক্তাদের আর্থিক অবস্থা ও ব্যয়ের প্রবণতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়লেও এশিয়ার বিনিয়োগকারীরা আপাতত কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছেন। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারগুলো জুলাইয়ের বড় দরপতনের পর আবার ঘুরে দাঁড়াচ্ছে।

হংকংয়ের বাজারে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান আলিবাবা, টেনসেন্ট ও জেডি ডটকমের শেয়ারের উত্থানে সূচক বেড়েছে। সাংহাই ও তাইপের বাজারও ঊর্ধ্বমুখী ছিল।

টোকিওর বাজার প্রায় অপরিবর্তিত অবস্থায় ছিল। তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কিওক্সিয়ার শেয়ার ৫ শতাংশের বেশি বেড়েছে। সফটব্যাংক, অ্যাডভানটেস্ট ও টোকিও ইলেকট্রনের শেয়ার বেড়েছে ১.৩ থেকে ২ শতাংশ পর্যন্ত।

দ্বিতীয় প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে কম হওয়ার তথ্য প্রকাশিত হলেও বাজারে এর বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজার সামান্য কমেছে।

সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য প্রকাশের পর শুক্রবার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের যে দরপতন হয়েছিল, সোমবারও তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মুসা হত্যা মামলায় আসামির জন্য মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


গাজীপুরে মুসা হত্যা মামলায় আসামির জন্য মৃত্যুদণ্ড

গাজীপুরে এক হত্যা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহির উদ্দিন ওরফে মহর কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার নথিতে থাকা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যার পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনাটি নিয়ে নিহতের পিতা কালিয়াকৈর থানায় অভিযোগ করা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামের মদের কারখানার ড্রেন খনন করে পাওয়া গেল ১২৭ কোটি টাকার সোনা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


বেলজিয়ামের মদের কারখানার ড্রেন খনন করে পাওয়া গেল ১২৭ কোটি টাকার সোনা!

বেলজিয়ামে পরিত্যক্ত একটি মদের কারখানার পয়ঃনিষ্কাশনের ড্রেন খননকালে শ্রমিকরা প্রায় ৯ মিলিয়ন ইউরো অথবা ১২৭ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সোনা এবং মূল্যবান প্রাচীন মুদ্রার সন্ধান পেয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানী ব্রাসেলসের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ড এলাকায় একটি ড্রেনেজ লাইনের পুরোনো পাইপ বদলানোর কাজ চলছিল। এই কাজের জন্য গ্রীষ্মকালীন কর্মী হিসেবে ১৮ বছর বয়সী তরুণ কোবে কর্মরত ছিল। কাজের সময় মাটির নিচে থাকা সোনার প্রথম সন্ধানটি তিনিই পেয়েছিলেন।

কোবে জানিয়েছেন, প্রথমে তিনি মাটিতে কিছু মুদ্রা দেখতে পান। প্রাথমিকভাবে তিনি এবং তার সহকর্মীরা ধরে নিয়েছিলেন, সেগুলো সম্ভবত এক ইউরোর মুদ্রা। পরে তারা একটি সোনার বার দেখতে পান। এরপর আরও খনন চালানোর পর বিপুল পরিমাণ সোনার মুদ্রা, সোনার টুকরা এবং নম্বরযুক্ত সোনার বার উদ্ধার করা হয়।

এই সোনার বারগুলো একটি ব্যাগের ভেতর জমা ছিল এবং তা সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডের একটি পুরোনো ভবনের ভূগর্ভস্থ কক্ষে ইট দিয়ে বন্ধ করা দেয়ালের ভেতরে লুকানো ছিল।

জানা যায়, ঐ ভবনটি উনিশ শতকের শেষ দিকে মদ ব্যবসায়ী থিওফিলাস ভ্যান অ্যাশের জন্য নির্মাণ করা হয়েছিল। সেখানে ১৮৯৯ সালে মদ উৎপাদন শুরু হয় এবং এটি ১৯৭০ সালে বন্ধ হয়ে যায়।

বর্তমানে ঐ পুরোনো ভবনটি সংস্কার করে কার্যালয় ও আবাসন তৈরির কাজ চলানো হচ্ছে। এর নির্মাণকাজের সময় আবিষ্কৃত বিপুল সোনা এবং মূল্যবান মুদ্রার কারণে কর্তৃপক্ষ পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জারি করে।

পরে উদ্ধার করা সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়। এসব সম্পদের উৎস এবং প্রকৃত মালিকানা নির্ধারণে এখন তদন্ত চলছে।

পূর্ব ফ্লান্ডারসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সোনা চুরি করা হয়েছিল কি না এবং এসবের সঙ্গে কোনো অপরাধের সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা হবে। তার পর সম্পদের বৈধ মালিকানা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।

সন্ধান পাওয়া সম্পদের সম্ভাব্য দাবিদার হিসেবে ভবনটির মালিকপক্ষ, নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভ্যান অ্যাশে পরিবারের উত্তরসূরিরা বিবেচনা করা হচ্ছে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, প্রকৃত মালিকের দাবির জন্য পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে যদি বৈধ দাবিদার পাওয়া যায় তবে সম্পদের মালিকানা নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

কোবে, ১৮ বছর বয়সী সেই তরুণ, আশা করছেন যে এত বড় সম্পদের ভাণ্ডার খুঁজে পাওয়ার জন্য তিনি এবং তার সহকর্মীরা বড় কোনো পুরস্কার বা সম্মানী পেতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবা নিয়ে যাচ্ছিলেন ২ যুবক, এরপর...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবা নিয়ে যাচ্ছিলেন ২ যুবক, এরপর...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় সাদা রঙের একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকা মূল্যমানের ৩ লাখ পিস ইয়াবাসহ দুজন যুবককে আটক করা হয়েছে। ওই গাড়িটি জব্দ করার ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফয়সাল হোসেন (২৫) এবং গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাদের উভয়ের আবাসস্থল কক্সবাজারের চকরিয়া এলাকায়।

এই ঘটনাটি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি সাদা রঙের প্রাডো গাড়িকে থামিয়ে তল্লাশি করার সময় স্কচটেপ মোড়ানো এসব ইয়াবা জব্দ করা হয়।

এদিকে, ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে ইয়াবার চালানটি কোথা থেকে এসেছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%