০৫:৪২ পি.এম
বড় ভাই নিজের কঠোর পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই মহিউদ্দিনকে পড়ালেখা করান, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন। তিন ভাইয়ের উপার্জিত অর্থের মাধ্যমে চার ভাইয়ের নামে জমি কেনা হয়েছিল। তবে বর্তমানে সেই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।
এটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে। অভিযোগ উঠেছে যে, ছোট ভাই মহিউদ্দিন নিজের অংশের জমির পাশাপাশি অন্য ভাইয়ের জমিও দখল করে রেখেছেন। ভুক্তভোগী পরিবার দাবি করেছেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দোকান থেকে উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখলের ঘটনাও ঘটেছে।
ভুক্তভোগী আ. খালেক অভিযোগ করেছেন যে, মহিউদ্দিন তার ভাই। তিনি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মহিউদ্দিনকে পড়ালেখা করিয়েছেন। পরবর্তীতে তিন ভাইয়ের উপার্জিত টাকা দিয়ে চেয়ারম্যান বাজারে চার ভাইয়ের নামে জমি কেনা হয়। ওই জমিতে বর্তমানে বাজারের ভিটা ও দোকান নির্মাণ করা হয়েছে। অন্য দুই ভাই তাদের অংশ বুঝে নিয়ে ভোগদখল করলেও, মহিউদ্দিন নিজের অংশের পাশাপাশি অন্য ভাইয়ের জমিও দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন খালেক।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
খালেক আরও অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের পর মহিউদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভোগদখলীয় জমি দখল করে নেন। এ ঘটনার পর পরিবারটি জমি ও দোকানের দখল ফিরে পেতে স্থানীয় এমপির কাছে সাহায্য চেয়েছে।
খালেকের ছেলে হারুন বলেছেন, "আমার বাবা নিজের উপার্জিত টাকা দিয়ে তার ভাই মহিউদ্দিনকে পড়ালেখা করিয়েছেন। অথচ আজ সেই ভাই-ই বাবার জমি দখল করে রেখেছেন।" তিনি আরও বলেন, "বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও আমার চাচা মহিউদ্দিন তা মানছেন না। ৫ আগস্টের পর আমাদের দোকান থেকে উচ্ছেদ করে জোরপূর্বক দখল নেওয়া হয়েছে। আমরা এসব কর্মকাণ্ড থেকে পরিত্রাণ চাই এবং আমাদের জমি ও দোকানের দখল ফিরে পেতে চাই।"
এ বিষয়ে মহিউদ্দিন বলেছেন, "এই জমি আমি দীর্ঘদিন ভোগ দখলে ছিলাম। আমার ভাইয়ের জমি আমি দখলে রাখিনি।"
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানিয়েছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা থাকলে আমরা বিষয়টি দেখব। এছাড়া, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন