বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:১৫ পি.এম
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার উদ্যোগে সাচার বাজারে এই কর্মসূচিটি পরিচালিত হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত র্যালিটি সাচার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. জিয়া উদ্দিন মজুমদার। সভায় বক্তব্য রাখেন আতিকুর রহমান জুয়েল, ফারুক হোসেন, বোরহান উদ্দিন প্রধান, জিসান আহমেদসহ আরও অনেকে।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনা করা অত্যন্ত জরুরি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সকলকে সচেতন হতে হবে।
একই দিনে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এছাড়া, উল্লেখ্য যে, মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামিলীগ ও জামায়াতের মন খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্যটি প্রকাশ করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, "গতকাল শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিগত যেকোনো সময়ের তুলনায় এবার পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করায় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ।"
তিনি আরও বলেন, "এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। একদিকে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামিলীগের নাশকতার নানা ষড়যন্ত্র, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নানা অতৎপরতা, সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তুষ্ট সরকারের এই উদ্যোগে।"
আবু হানিফ বলেন, "একদিকে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামিলীগ, অন্য দিকে বিরোধী দলের নানা রকম ষড়যন্ত্র ছিলো কিভাবে পরিস্থিতি ঘোলাটে করা যায়। এসবের কারণে সরকারকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে, যার ফলে কোন অপ্রীতিকর পরিস্থিতি কিংবা সহিংসতার মত কোন ঘটনা ঘটে নাই। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তোষ প্রকাশ করেছে। শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামিলীগ ও জামায়াতের মন খারাপ। কেননা তারা ভেবেছিলো কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে আর তারা সেটাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি ছুটির দিনেও কবি নজরুল সরকারি কলেজের চলমান অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি দেখতে কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি ক্যাম্পাসে এসে নির্মাণাধীন প্রধান ফটকসহ কলেজের অন্যান্য চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
অধ্যক্ষ পরিদর্শনকালে মূল ফটকের পাশে একটি হরিতকী গাছ কেটে না ফেলে তা অন্যত্র সঠিকভাবে পুনরোপণ করা হয়েছে কি না, তা খোঁজখবর নেন। তিনি নবনির্মিত ভবন ও চলমান সংস্কারকাজগুলো সরাসরি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইউসুফ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু ও কলেজ সাংবাদিক সমিতি’র সভাপতি মো. আতিক হাসান শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ সহ কলেজের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান পরিদর্শন শেষে বলেন, "আসলে যেখানেই থাকি না কেন, কলেজেই তো আমাদের মন পড়ে থাকে। কলেজের প্রতি আমাদের একটি আত্মিক টান রয়েছে। বর্তমানে ক্যাম্পাসে কেন্দ্রীয় গেট নির্মাণ, ছয়তলা ভবনের কাজ এবং পুরোনো ভবনের অভ্যন্তরীণ সংস্কারসহ একাধিক উন্নয়নকাজ চলছে।"
তিনি আরও বলেন, "প্রধান ফটকের কাজের জন্য একটি ওষুধি গাছ কেটে না ফেলে তা অন্য কোথাও নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে কি না, তা যাচাই করা এবং সার্বিক অগ্রগতি দেখতেই আজ আমি ক্যাম্পাসে এসেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী হাজারীবাগের এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
তিনি উল্লেখ করেন, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর মামলা করা হয়। এরপর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে লাবিব, মুন্সি স্বপন এবং সাইফুল নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, হামলায় অংশ নেওয়া অন্যান্যদের চিহ্নিত করার জন্য সিসি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে, হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলের ওপর হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে।
মাত্র ১৮ মিনিটের মধ্যে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে ২-৩ জন মিলে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তারা তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা মো. মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের একজনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুরে। বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বত এলাকার একটি বাসায় বসবাস করছেন।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ