ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালী সাপ্তাহিক বাজারে ফুটপাত ও সড়ক দখলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে


কাউখালী সাপ্তাহিক বাজারে ফুটপাত ও সড়ক দখলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে

পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী কাউখালী সাপ্তাহিক হাটে ফুটপাত ও মূল সড়ক দখলের মহোৎসব চলছে। ফলে, বাজারের দিনগুলোতে আসা হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের যাতায়াত মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

কাউখালী বাজারে প্রতি শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে। এই হাটে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া উপজেলা থেকে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ করা হয়েছিল এবং মূল রাস্তাটি যানবাহন চলাচলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে শুরু করে দক্ষিণ বাজার ও উত্তর বাজার পর্যন্ত রাস্তার পাশে ফুটপাত অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে নিয়েছে। ফুটপাতে দোকান বসানো ও মালামাল সাজিয়ে রাখার কারণে হেঁটে চলারও উপায় নেই। এর ফলে সাধারণ মানুষ গাড়ি চলাচলের পথে চলতে বাধ্য হচ্ছে। ফলে গাড়ি চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: হারুন অর রশিদ মোল্লা ওমরাহ পালনে যাচ্ছেন

এছাড়া, মূল সড়কের ওপর চাকাযুক্ত ভ্যানগাড়িতে দোকান সাজিয়ে বসায় এবং ইজিবাইক/অটোরিকশার অতিরিক্ত চাপের কারণে বাজারে আসা মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, পূর্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত দখলের বিষয়ে আলোচনা শেষে রেজুলেশনের মাধ্যমে ফুটপাত সর্বদা হকার ও দখলমুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। প্রশাসন কর্তৃক মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত ছিল। তবে সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত পুনরায় অধিকাংশ ফুটপাত ও রাস্তা দখলদারদের দখলে চলে গেছে।

এ বিষয়ে স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন: "বাজারে সাধারণ মানুষের চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে নারী ও প্রবীণ ব্যক্তিরা হাটের দিনগুলোতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাভাবিক বাজার পরিচালনার জন্য প্রশাসনের দ্রুত দৃষ্টি দেওয়া প্রয়োজন। ভ্যানগাড়ির দোকান ও ফুটপাত মুক্ত করলে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।"

প্রশাসনের বক্তব্যে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান: "বাজারের পরিবেশ স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন: মৌলভীবাজারে তিন বছর ধরে বন্ধ সড়ক পাকাকরণ, কোটি টাকার সেতু কাজে আসছে না

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন: "আমি নতুন যোগদান করেছি এবং অভিযোগের বিষয়টি শুনলাম। দ্রুত সময়ের মধ্যে বাজারের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও আশ্বাস দেন যে, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পথচারী ও সচেতন মহল আশা করছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত পদক্ষেপে কাউখালী বাজার দ্রুতই দখলমুক্ত হবে এবং ক্রেতা-সাধারণের স্বস্তি ফিরে আসবে।

আরও পড়ুন: কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের পাকা রাস্তার স্বপ্ন অধরাই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রতিমন্ত্রী আব্দুল বারী

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী মন্তব্য করেছেন যে, ডেঙ্গু প্রতিরোধের জন্য শুধুমাত্র মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়, বরং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন।

এ তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠন, বিডি ক্লিন, স্কাউটস একত্রিত হয়ে কালাই পৌর এলাকাকে পরিচ্ছন্ন করার জন্য এই অভিযান পরিচালনা করছে।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্দেশনায় ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই মূলমন্ত্রে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফেসবুক পেইজে জানানো হয়েছে, কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় গতকাল বিডি ক্লিন ও স্কাউটস এর ৪০ জন সেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং পর্যায়ক্রমে পৌরসভার নয়টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয় এবং নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ স্থানীয় নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া বিডি ক্লিন, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি পুলিশের তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত (২৩ অক্টোবর) শেষ রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকায় নিয়মিত টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। শেষ রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে মহাসড়কের পাশে টহল গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের চালক পুলিশ সদস্যদের এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামকে ধাক্কা দেন বলে পুলিশের বিবরণে উল্লেখ করা হয়েছে।

এতে রফিকুল ইসলাম, এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর এবং ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি আহত হন। পুলিশের প্রাথমিক বিবরণে আরও বলা হয়, ধাক্কায় এসআই মিজানুর রহমান কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে গেলে চালক তাঁকে টেনে আনুমানিক আধা কিলোমিটার দূরে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত ঘোড়াশালের দিকে চলে যান।

পরে স্থানীয় রিকশাচালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫৫ মিনিটে বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তিনি কালিগঞ্জ ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান এবং পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পিএসআই জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরও কাভার্ড ভ্যান ও চালক শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় তাঁদের পরিচয় এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে এ ঘটনায় নিহত বিএনপি নেতা রফিকুল ইসলামের গভীর রাতে ওই স্থানে অবস্থানের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ভোর সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে তিনি কী কারণে সেখানে ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং পুলিশের টহল দলের কাছাকাছি কীভাবে উপস্থিত হলেন-এসব বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি পরিষ্কার করতে ঘটনার আগে ও পরের পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পুলিশের তদন্তের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

একই সঙ্গে পুলিশের দুই সদস্যের মৃত্যু এবং আরেক সদস্যের চিকিৎসাধীন থাকার ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে শনাক্ত ও গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাছাড়া, তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, এশিয়ার পুঁজিবাজার সপ্তাহ শেষে নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, এশিয়ার পুঁজিবাজার সপ্তাহ শেষে নিম্নমুখী

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : শুক্রবার এশিয়ার পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে, কারণ প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত রয়েছে। এ খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ঝুঁকি এড়িয়ে নিরাপদ বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জাপানি ইয়েন ও সরকারি বন্ডের চাহিদা বেড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত জুনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকেই এসব শেয়ারে দরপতন শুরু হয়।

কোম্পানিগুলোর প্রকৃত মূল্যায়ন নিয়ে উদ্বেগ, অবকাঠামো ও হার্ডওয়্যারে বিপুল বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা অর্জনের অনিশ্চয়তা এবং সাম্প্রতিক সময়ে ঋণের সুদ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এসব শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এছাড়া, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় মূল্যস্ফীতি বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারের ঋণ নেওয়ার ব্যয়ও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত কয়েক প্রান্তিকে প্রযুক্তি কোম্পানিগুলোর শক্তিশালী আর্থিক ফলাফল কিছুটা উদ্বেগ কমিয়েছিল।

তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন আগের চেয়ে আরও ভালো ফলাফল আশা করছেন। ফলে কোম্পানিগুলোর শেয়ারদর ধরে রাখতে প্রত্যাশার চেয়েও শক্তিশালী আয় ও প্রবৃদ্ধির পূর্বাভাস প্রয়োজন হচ্ছে।

চলতি সপ্তাহে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম নির্মাতা ল্যাম রিসার্চ প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফলাফল প্রকাশ করেছে। কিন্তু এরপরও কোম্পানি দুটির শেয়ারের দাম কমেছে।

ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘ইতিবাচক খবরও এখন উপেক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেয়ারের মূল্যায়ন আগে থেকেই অনেক বেশি থাকলে ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস সেই প্রত্যাশার সঙ্গে না মিললে শুধু ভালো আর্থিক ফলাফল যথেষ্ট নয়। বিনিয়োগকারীরা এখন অনেক কম ছাড় দিচ্ছেন।’

প্রযুক্তি খাত থেকে বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নেওয়ার ফলে শিল্প খাতের কিছু কোম্পানি লাভবান হচ্ছে।

এআইকেন্দ্রিক বিনিয়োগের উত্থানের সময় যেসব কোম্পানি তুলনামূলকভাবে উপেক্ষিত ছিল, সেগুলোর শেয়ারে এখন আগ্রহ বাড়ছে। এ কারণে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক ঊর্ধ্বমুখী থাকলেও নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে।

নিউইয়র্কের বাজারে দরপতনের প্রভাব এশিয়ার বাজারগুলোতেও ছড়িয়ে পড়েছে।

এআই বিনিয়োগের উত্থানে সামনের সারিতে থাকা দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে এবার সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। শুক্রবার দেশটির শেয়ারবাজারের প্রধান সূচক কোস্পি দুই শতাংশের বেশি কমেছে। কঠিন একটি সপ্তাহের শেষে এ দরপতন বাজারের দুর্বলতা আরও স্পষ্ট করেছে।

চিপ নির্মাতা এবং দক্ষিণ কোরিয়ার বাজারের অন্যতম বড় কোম্পানি এসকে হাইনিক্সের যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া শেয়ারের দাম আট শতাংশের বেশি কমেছে।

কোম্পানিটি জানিয়েছে, ‘বাজার পরিস্থিতি ও শেয়ারদরের প্রবণতা’ বিবেচনায় তাদের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সলিডাইমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পরিকল্পনা বাতিল করা হয়েছে।

প্রযুক্তি খাতের শেয়ারের আধিক্য থাকায় টোকিওর নিক্কেই ২২৫ সূচকেও উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন, জাকার্তা ও ম্যানিলার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। টাইফুন চ্যাম্পি এগিয়ে আসায় তাইপের পুঁজিবাজার শুক্রবার বন্ধ ছিল।

শেয়ারবাজারে দরপতনের বিপরীতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সম্পদের চাহিদা বেড়েছে। জাপানে মূল্যস্ফীতির হার বাড়ার সরকারি তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় ডলারের বিপরীতে ইয়েনের দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও জাপানের সুদের হারের বড় ব্যবধান এবং জাপানের সরকারি আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডলারের বিপরীতে ইয়েন দুর্বল ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের চাহিদাও বেড়েছে। ফলে এসব বন্ডের মুনাফার হার (ইল্ড) দুই দশকের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে এসেছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষক গ্যাভিন ফ্রেন্ড বলেন, ‘এআই ও প্রযুক্তি খাত নিয়ে পরিচিত উদ্বেগের পাশাপাশি তেল ও জ্বালানির ক্রমবর্ধমান দাম বিনিয়োগকারীদের আবারও বন্ডের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।’

তিনি বলেন, তেলের দাম বাড়তে থাকলেও বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের সন্ধান করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে আসার প্রবণতা এতে আরও গতি পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দুই বছর ও ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের বিশ্লেষক ক্যারল কং বলেন, প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন অব্যাহত থাকলে জাপানি ইয়েন আরও শক্তিশালী হতে পারে।

মধ্যপ্রাচ্যের নতুন করে সৃষ্ট উদ্বেগ বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। মে মাসের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিরাপত্তা দিতে থাকলে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। এ হুমকির পর তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%