ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ঈশান কিষাণের ইনজুরিতে কুশাগ্রা ভারতীয় দলে অন্তর্ভুক্ত


ঈশান কিষাণের ইনজুরিতে কুশাগ্রা ভারতীয় দলে অন্তর্ভুক্ত

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঈশান কিষাণের পরিবর্তে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কুমার কুশাগ্রাকে।

কিষাণ, যিনি বাঁ-হাতি ব্যাটার এবং উইকেটরক্ষক, কুঁচকির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না।

যদিও কিষাণ সিরিজ থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েননি, তবে তার বিকল্প হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার কুশাগ্রাকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

বিসিসিআই জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় কিষাণের ডান দিকের কুঁচকির পেশিতে টান লাগে। যদিও চোটটি গুরুতর নয়, তবে ভারতের চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না। এই কারণে তিনি দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না। সিরিজ থেকে বাদ না পড়লেও কিষাণের বিকল্প হিসেবে কুশাগ্রাকে দলে ডাকা হয়েছে।

বর্তমানে কুশাগ্রা ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফর করছেন।

২২ বছর বয়সী কুশাগ্রা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৪ রান করেছেন।

এছাড়া, তিনি ৩৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০৭ রান এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৩৮৭ রান করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিশ্বকাপ শুরু গোলশূন্য ড্র দিয়ে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপূজায় বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


লক্ষ্মীপূজায় বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে

বরিশাল, ২৪ অক্টোবর, ২০২৬ : বরিশাল নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে। ক্রেতারা বাজারে ভিড় করছেন কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুলসহ বিভিন্ন পূজার উপকরণ কেনার জন্য।

গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা উৎসব উপলক্ষে এসব সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আজ শনিবার নগরীর স্বরোড সড়কের মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে অস্থায়ীভাবে বসেছে পূজা সামগ্রীর বাজার। সেখানে বিক্রেতারা বিভিন্ন উপকরণ সাজিয়ে বসেছেন। ক্রেতাদের আনাগোনায় বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূজার সামগ্রী কিনতে আসা গোপাল সরকার বাসসকে বলেন, ‘মা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হবে এসব সামগ্রী। এর মাধ্যমে মৌসুমী ব্যবসায়ীরা কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বীও হবেন। তাই পূজোর সামগ্রী নিতে এলাম। লক্ষ্মীপূজার ব্যবহৃত উপকরণ তুলনামূলক কম দামে কিনলাম।’

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী পূজার বিভিন্ন উপকরণ নিয়ে নগরীতে এসেছেন। তাদের মধ্যে দীপক বেপারী, সুশীল বেপারী, রবিন করাতী, সমীর মাল, নিমাই শিকদার ও আশিক গাইনসহ অন্যান্যরা রয়েছেন।

ব্যবসায়ী ঝন্টু বেপারী জানান, প্রতি বছর লক্ষ্মীপূজার সময় একদিনের জন্য তারা নগরীতে এসে পূজার সামগ্রী বিক্রি করেন।

অন্যদিকে আশিক গাইন জানান, তিনি গত পাঁচ বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বছরে একবার লক্ষ্মীপূজার সময় নগরীতে পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি করতে আসেন।

বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান একসঙ্গে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২শ’ টাকা, কলার খোল ২০ টাকা, নলথুরি ফুল ২০ টাকা, সুপারি ৩৫ টাকা, কলাপাতা ১০ টাকা, কেওড়া ফুল ১০ টাকা, আমপাতা ১০ টাকা, দুর্বা ১০ টাকা, তুলসীপাতা ১০ টাকা এবং পদ্মফুল ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বাসসকে বলেন, লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। তাই উৎসবকে কেন্দ্র করে নগরীর বাজারগুলোতে এসব সামগ্রীর কেনাবেচা বেড়েছে।

লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন বাসা বাড়িতে পূজার প্রস্তুতি চলছে। পূজার উপকরণ কেনাবেচাকে ঘিরে অস্থায়ী বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণে প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সরকার বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি নির্ধারণ করে বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সংশোধন করেছে।

নতুনভাবে নির্ধারিত ফি অনুযায়ী, ৫০ মেগাওয়াট নয় বরং ৫০ কিলোওয়াট বা তার চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন গ্রাহকের বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি উপকেন্দ্রের ক্ষমতার উপর নির্ভর করে ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়া লিফট, এনার্জি মিটার, ট্রান্সফরমারের তেল পরীক্ষাকারী প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিদর্শন ও পরীক্ষার ফিও নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৫৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ বিধিমালা, ২০২০-এর তফসিল-১ প্রতিস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন তফসিল অনুযায়ী, ১০০ কেভিএ ক্ষমতার উপকেন্দ্রের বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার ফি ২০ হাজার টাকা এবং অনুমোদন নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০০ কেভিএ উপকেন্দ্রের জন্য এই ফি যথাক্রমে ২৫ হাজার ও ১২ হাজার ৫০০ টাকা। ৫০০ কেভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এক মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) ক্ষমতার উপকেন্দ্রের পরিদর্শন ও পরীক্ষা ফি ৬০ হাজার টাকা এবং নবায়ন ফি ৩০ হাজার টাকা। ৫ এমভিএ উপকেন্দ্রের ক্ষেত্রে এই ফি যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা। ১০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি এক লাখ ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উচ্চ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রের জন্য ফি আরও বেশি। ২০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ও পরীক্ষা ফি দুই লাখ টাকা এবং নবায়ন ফি এক লাখ টাকা। ৫০ এমভিএ উপকেন্দ্রের জন্য এই দুটি ফি যথাক্রমে চার লাখ ও দুই লাখ টাকা। ১০০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি সাত লাখ টাকা এবং নবায়ন ফি তিন লাখ ৫০ হাজার টাকা। সর্বোচ্চ তালিকাভুক্ত ৫০০ এমভিএ ক্ষমতার উপকেন্দ্রের পরিদর্শন ও পরীক্ষা ফি ৩০ লাখ টাকা এবং অনুমোদন নবায়ন ফি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বিদ্যুৎ সিস্টেমে লিংকেজ পরীক্ষার ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ওয়্যারিং ডায়াগ্রামসহ সেফটি প্ল্যান অনুমোদনের জন্য ৫০ কিলোওয়াটের কম বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং ৫০ কিলোওয়াট বা তার বেশি ব্যবহারের জন্য ১০ হাজার টাকা ফি দিতে হবে।

বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুমোদনের ক্ষেত্রে ১১ হাজার ভোল্ট পর্যন্ত সরঞ্জামের জন্য পরিদর্শন ও পরীক্ষার ফি ৫০ হাজার টাকা এবং নবায়ন ফি ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৩৩ হাজার ভোল্ট বা তার চেয়ে বেশি ক্ষমতার সরঞ্জামের জন্য এই ফি যথাক্রমে ৭৫ হাজার ও ৩৭ হাজার ৫০০ টাকা।

ট্রান্সফরমারের তেল পরীক্ষাকারী প্রতিষ্ঠান পরিদর্শন ও পরীক্ষার ফি ২০ হাজার টাকা এবং অনুমোদন নবায়ন ফি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনার্জি মিটার পরীক্ষার ক্ষেত্রে সিঙ্গেল ফেজ মিটারের জন্য দুই হাজার টাকা, থ্রি-ফেজ মিটারের জন্য পাঁচ হাজার টাকা এবং মেইন মিটার বা এইচটি মিটারের জন্য ১০ হাজার টাকা ফি দিতে হবে। বৈদ্যুতিক লিফটের আর্থিং পরীক্ষার ফি প্রতি ইলেকট্রোডে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

লিফট পরিদর্শন ও পরীক্ষার ক্ষেত্রে প্যাসেঞ্জার, ক্যাপসুল ও বেড লিফটের জন্য ছয় হাজার টাকা এবং অনুমোদন নবায়নের জন্য তিন হাজার টাকা দিতে হবে। অন্যদিকে কার্গো, গুডস, কার, ফায়ার ফাইটিং ও সার্ভিস লিফটের পরিদর্শন ও পরীক্ষা ফি ১০ হাজার টাকা এবং নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তফসিলে নির্দিষ্ট ক্যাটাগরির ফি উল্লেখ না থাকলে সমজাতীয় ক্যাটাগরির অব্যবহিত আগের ও পরের ক্যাটাগরির ফি-এর আনুপাতিক হারে পরিদর্শন ফি নির্ধারণ করবেন সংশ্লিষ্ট পরিদর্শন কর্মকর্তা।

নির্ধারিত ফি কর-বহির্ভূত রাজস্ব হিসেবে ট্রেজারি চালান অথবা অনলাইনে এ-চালানের মাধ্যমে সরকারের নির্ধারিত কোডে জমা দিতে হবে। যে ভবন বা স্থানে বিদ্যুৎ উৎপাদন, গ্রহণ বা ব্যবহার করা হয় বা হবে, সেই ভবন বা স্থানের দখলদারকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর চালানের মূল কপিসহ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে অনলাইনে আবেদন করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ বিভাগের ২০১৪ সালের ২১ মে জারি করা ‘বৈদ্যুতিক স্থাপনা বা সরঞ্জামাদি পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা এবং বিদ্যুৎ লাইসেন্স জারি আদেশ, ২০১৪’ রহিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বে পাকিস্তান দুই ম্যাচে দুইটি জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামীকাল পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে জয়লাভ করলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তান হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, ইংল্যান্ড যদি এই ম্যাচে পরাজিত হয়, তবে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। ইংলিশ দল এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জয় পায়নি। টুর্নামেন্টের অন্য প্রতিপক্ষ শ্রীলংকা দুই ম্যাচ খেলে একটি জয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে ভালো অবস্থানে রয়েছে।

আগামীকাল লাহোরে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ শুরু করে শ্রীলংকার বিপক্ষে ৩৭ রানে জয় দিয়ে। সালমান আগার ১০৭ রানের সুবাদে পাকিস্তান ৩০৫ রানের সংগ্রহ গড়ে। এরপর বোলারদের অসাধারণ নৈপুণ্যে শ্রীলংকাকে ২৬৮ রানে গুটিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পরবর্তী ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৩শর বেশি রান করে। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ এবং আরাফাত মিনহাসের ৫৯ রানের সুবাদে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে। পরবর্তীতে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয়ে যায়। ৮৭ রানের জয় নিয়ে পাকিস্তান পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে।

মিনহাস ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন।

পাকিস্তানের কাছে পরাজয়ের পর শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লংকানদের বিপক্ষে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।

১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার এবং ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। তবে ইংল্যান্ডের দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে শ্রীলংকা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা ৯৭ রান করেন।

টানা দুই ম্যাচে পরাজিত হয়ে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, “ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।”

হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, “দলের সবাই দারুণ ছন্দে আছি। প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।”

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জর্ডান কক্স, বেন ডাকেট, জো রুট, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, সনি বেকার, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকম্ব, আদিল রশিদ, জশ টাং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আজ বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের এই দিনে ৭৫ বছর বয়সে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুবরণ করেন।

ফখরুদ্দীন ১৯৫৮ সালে ‘কচি-কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সংবাদমাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি তৎকালীন বিখ্যাত দৈনিক দ্য পাকিস্তান অবজারভার ও দ্য মর্নিং নিউজ-এ অসংখ্য নিবন্ধ রচনা করেন।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা হিসেবে কাজ করেন।

তাঁর সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল বাংলাদেশের ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের ওপর প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন পিলজারের বাংলাদেশের অন্যতম সহযোগী হয়ে প্রতিবেদক হিসেবে কাজ করা।

বাংলাদেশের দুর্ভিক্ষের মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে জন পিলজারের প্রতিবেদনভিত্তিক তথ্যচিত্র ‘অ্যান আনফ্যাশনেবল ট্র্যাজেডি’ ১৯৭৫ সালের ২ জানুয়ারি সম্প্রচারিত হয়। ওই তথ্যচিত্রে তাঁর বক্তব্যের দৃশ্যও ধারণ করা হয়।

বাংলাদেশের দুর্ভিক্ষের বাস্তবতা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার ক্ষেত্রে তথ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্নাতক সম্পন্ন করার আগেই ফখরুদ্দীনের বাংলা অনুবাদ শেক্সপিয়রের ‘সনেট’ প্রকাশিত হয়। প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তাঁর বিখ্যাত ‘হিরোজ’ গ্রন্থে ফখরুদ্দীনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠা লিখেছেন এবং তাঁর একটি ছবি সংযুক্ত করেছেন।

১৯৮৬ সালে লন্ডনের জনাথন কেপ এবং ১৯৮৯ সালে প্যান বুকস লিমিটেড থেকে বইটি প্রকাশিত হয়। বইটিতে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতাভিত্তিক বিবরণ তুলে ধরা হয়েছে।

তাঁর লেখা দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। গানটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী সময়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাপ্তাহিক হলিডে-এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

খ্যাতিমান এ সাংবাদিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%