ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪


সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

সিলেট মহানগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টিলাগড় এলাকার আল জালাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন আল জালাল সিএনজি স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২) এবং স্থানীয় বাসিন্দা জুয়েল (২০) ও হাবিব (২২)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আহতদের দ্রুত প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আবু সাঈদের শরীরের ১৫ শতাংশ, আবু সুফিয়ানের ৯ শতাংশ, জুয়েলের ১২ শতাংশ এবং হাবিবের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা চলছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।

আল জালাল সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে একটি বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ করে বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে স্টেশনের দুই কর্মীসহ চারজন দগ্ধ হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের সেখানের চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়ক চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশের প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


মহাসড়ক চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশের প্রধানের

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ দেশের মহাসড়কগুলোকে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে।

তিনি হাইওয়ে পুলিশের সদস্যদের নিয়ে আশ্বাস দিয়েছেন যে, মহাসড়কে যানবাহন থেকে অবৈধ টোল আদায় করার সুযোগ আর দেওয়া হবে না। অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দুই মাসের মধ্যে মহাসড়কগুলোকে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করতে পারব।’

গত ৭ জুলাই হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়া এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, এই সময়ের পর থেকে যানবাহন থেকে হাইওয়ে পুলিশ সদস্যদের টাকা আদায়ের কোনো অভিযোগ থাকবে না।

তিনি উল্লেখ করেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে উন্নত নজরদারি প্রযুক্তি চালু করা।

অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে, ঢাকা-চট্টগ্রাম পুরো মহাসড়ক এবং ঢাকা-মাওয়া মহাসড়ককে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।

ফারুক আহমেদ আরও বলেছেন, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন সিসিটিভি কাভারেজের আওতায় রয়েছে। এই রুটের ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইভাবে ঢাকা-মাওয়া মহাসড়কে নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে হাইওয়ে পুলিশ কেন্দ্রীয়ভাবে এই দুই প্রধান মহাসড়কে নজরদারি কার্যক্রমে সক্ষম হচ্ছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের এআই ক্যামেরাগুলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের আনুষ্ঠানিক পরিচালনার জন্য হাইওয়ে পুলিশ শিগগিরই মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে বাহিনী ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে এই নজরদারি নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছে।

হাইওয়ে পুলিশ প্রধান জানান, আধুনিক নজরদারি ব্যবস্থা মহাসড়কে ডাকাতি ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমকে আরও জোরদার করবে। এছাড়াও, এটি যে কোনো দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে ও যানজট নিরসনেও বিশেষ ভূমিকা পালন করবে।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই নজরদারি ব্যবস্থাটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। পরবর্তীতে দেশের অন্যান্য মহাসড়কগুলোতেও এই প্রযুক্তি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

ফারুক আহমেদ বলেন, মহাসড়কে ডাকাতি ও মাদক চোরাচালান প্রতিরোধ করা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করা—এই দুটোই আমাদের প্রধান দায়িত্ব। তথ্য-প্রযুক্তিভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমে সেবার মান উন্নত করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা শক্তিশালী করার ওপর পুলিশ বাহিনী বিশেষভাবে জোর দিচ্ছে। জনগণের আস্থা অর্জন ও মহাসড়কের নিরাপত্তা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, হাইওয়ে পুলিশ বর্তমানে দেশব্যাপী ৭৩টি থানার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সেবার মান আরও কার্যকর করতে এই বাহিনীর পরিধি বাড়ানোর পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। জনবল ও সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই ইউনিট প্রায় ১১,৮০৬ কিলোমিটার মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সড়ক দুর্ঘটনার তদন্ত, ট্রাফিক আইন প্রয়োগ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানি জানালেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


মামদানি জানালেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই

নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই বলার মাধ্যমে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় মামদানি জানান, তার প্রশাসন আইনগত সমস্ত দিক পর্যালোচনা করেছে। কিন্তু নিউইয়র্ক সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য স্বাধীন আইনি ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, "আমরা আইনগত সব পথ পর্যালোচনা করেছি। কিন্তু নিউইয়র্ক সিটির পক্ষে এই পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়।"

তবে মামদানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান করে বলেন, তারা যেন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে। একই সঙ্গে, তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন।

মামদানি গত বছরের মেয়র নির্বাচনের প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। সাম্প্রতিক সময়ে, তিনি আরও জানান, যদি নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসেন, সেক্ষেত্রেও স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মামদানের বক্তব্যের কড়া সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, "জোহরান মামদানি, এবার থামুন। আপনাকে নিউইয়র্কবাসীর সেবা করার জন্য নির্বাচিত করা হয়েছে, কোনো সশস্ত্র গোষ্ঠীর প্রচারণা চালানোর জন্য নয়।"

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে কোনোভাবেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং আদালতের এখতিয়ার স্বীকৃতি দেয় না।

এছাড়া, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সময়ে হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

তবে ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং দেশটির দাবি, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা হয়েছে, এবং হামাস ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নেওয়ার জন্য দায়ী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলের ভু-লের কারণে জীবন অতিষ্ঠ সাভারের যুবক মাসুদ রানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


গুগলের ভু-লের কারণে জীবন অতিষ্ঠ সাভারের যুবক মাসুদ রানা

গুগলে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ লিখে সার্চ করলে একটি মোবাইল নম্বর দেখা যায়।

সেটিকে সরকারি নম্বর মনে করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন আবহাওয়ার তথ্য জানতে ফোন করেন।

তবে সেটি আবহাওয়া অধিদপ্তরের কোনো নম্বর নয়। ফোনের অন্য প্রান্তে বসা ঢাকার সাভারের বাসিন্দা মাসুদ রানা, যিনি একজন বেকার যুবক।

মাসুদ রানা প্রায় আড়াই বছর ধরে এমন ভুল ফোনকলের কারণে ভোগান্তিতে রয়েছেন।

তিনি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং জানান, গত আড়াই বছর ধরে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে তার নম্বরে ফোন আসে।

কেউ বৃষ্টির সম্ভাবনা জানতে চান, কেউ তাপপ্রবাহ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানতে চান।

এমনকি অনেক সময় গভীর রাতেও ফোন আসে।

শুরুতে তিনি কলকারীদের বুঝিয়ে বলতেন যে এটি আবহাওয়া অধিদপ্তরের নম্বর নয়, কিন্তু একই ধরনের ফোনকল প্রতিনিয়ত আসতে থাকায় এখন তিনি বিরক্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, "আমি কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করিনি, এ বিষয়ে কোনো প্রশিক্ষণও নেই। কিভাবে আমার ব্যক্তিগত নম্বরটি গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নম্বর হিসেবে যুক্ত হলো, সেটা আমি জানি না।"

ভুল নম্বরে আসা এসব ফোনকলের কারণে তার পরিবারের সদস্যরাও ভোগান্তিতে রয়েছেন।

ব্যক্তিগত ও প্রয়োজনীয় ফোনকলের মাঝেও প্রায়ই আবহাওয়ার তথ্য জানতে মানুষের ফোন আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "একটি ভুল তথ্যের কারণে একজন মানুষ দীর্ঘদিন ধরে অকারণে ভোগান্তি পোহাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষও ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।"

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, "মাসুদের ফোনে সারাক্ষণ কল আসতে থাকে। এতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত তদারকি করা হলে এমন পরিস্থিতি তৈরি হত না।"

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল করিম বলেন, "এ বিষয়ে আমাদের আগে জানা ছিল না। যদিও বিষয়টি আমাদের ওয়েবসাইট সংশ্লিষ্ট কোনো ভুল নয়, তবুও যেহেতু আমাদের অধিদপ্তর সম্পর্কিত তাই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং গুগলে ভুল তথ্য প্রদর্শিত হয়ে থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. শামীম কায়সার বলেন, "গুগলের লোকেশন ও তথ্য সম্পাদনার সুবিধা ব্যবহার করে অনেক সময় ভুল তথ্য যুক্ত হতে পারে। এটি আবহাওয়া অধিদপ্তরের কোনো ভুল নয়। হয়ত কোনো ব্যক্তি গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তরের লোকেশন সেট করার সময় সেখানে অধিদপ্তরের নাম্বার না দিয়ে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটি যুক্ত করে দিয়েছে, তাই বিষয়টি বেশ বিভ্রান্তিকর। সেক্ষেত্রে গুগলে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও যাচাই করা প্রয়োজন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যার মেয়াদ ১৫ বছর শেষ হওয়ার পর তা নবায়ন করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে। একই সাথে নবায়ন এবং এনআইডি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভায় তার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।

তিনি জানান, এনআইডি নবায়নের সেক্ষেত্রে আবেদনকারীকে পরিবারের সদস্যদের এনআইডির তথ্যও দিতে হবে। এছাড়া এনআইডি স্থানান্তরের ক্ষেত্রেও নির্ধারিত তথ্য প্রদান করতে হবে। কমিশন উভয় সেবার জন্য আবেদন ফি নির্ধারণ করেছে।

আখতার আহমেদ আরও জানান, এনআইডির ১৫ বছর পরপর নবায়ন বাধ্যতামূলক করার জন্য আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। যদি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তবে বিষয়টি কার্যকর হবে।

সভায় প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর তদন্ত শেষে প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীর তথ্য এবং বায়োমেট্রিক একসঙ্গে গ্রহণ করা হবে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

এছাড়া, এনআইডি এবং ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহের বয়সের সীমা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হন।

ইসি সচিব বলেন, তথ্য সংগ্রহের বয়স আরও কমানো যায় কি না, সে বিষয়টি পর্যালোচনা চলছে। এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক স্তর—কোন পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, তা তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%