০৩:৪৮ পি.এম
জামালপুরে এক রাতের মধ্যে একটি বিচারক দম্পতি এবং এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বিশেষভাবে বাসাবাড়ির গ্রিল কেটে ও তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে।
জামালপুর পৌর এলাকার দেওয়ানপাড়া গ্রামে মুফতি টাওয়ারের পাশের একটি ভবনের তৃতীয় তলায় মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে প্রথম চুরির ঘটনাটি ঘটে।
ওই বাসায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ আদালতের সিভিল জজ নুসরাত জেরিন জেনি এই দম্পতি বসবাস করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
চোরচক্র তাদের বাসার গ্রিল কেটে ৭ ভরি স্বর্ণ, ডায়মন্ড এবং নগদ ১ লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে গেছে ও ক্ষতিসাধন করেছে। ভুক্তভোগী বিচারক দম্পতি গত ৭ মাস আগে জনৈক আনোয়ার হোসেনের ওই বাসায় ভাড়া ওঠেন। সন্ধ্যার দিকে তারা দুজনেই বাসার বাইরে যাওয়ার পর এই চুরির ঘটনা ঘটে।
এদিকে, একই রাতে জামালপুর পৌর এলাকার মিয়াপাড়া গ্রামে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন হিরুর বাসায়ও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন তিনি জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে মিয়াপাড়ার ওই বাসায় চুরির বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।
মরহুম আব্দুল মতিন হিরুর ভাতিজা মুন্না জানান, তার একমাত্র মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা রাজধানীতে বাস করছেন। বাসার সামনের গেটের তালা ভাঙা দেখে প্রতিবেশীরা তাদের খবর দেন। পরে বাসায় এসে তারা দেখতে পান যে দরজা ভেঙে আলমারি থেকে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে। সেই সাথে চলমান মামলার কিছু দরকারি কাগজপত্রও চোরেরা সঙ্গে নিয়ে গেছে।
চুরির এসব ঘটনার বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন