ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন


ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

রংপুরের পীরগাছায় অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ত্রি-বিগ্রহ মন্দিরের সংস্কারের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করা জরুরি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজবাড়ী পাকারমাথা বাজার এলাকায় মন্থনা ছোটতরফ ও বড়তরফ দেবোত্তর এস্টেট পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ত্রি-বিগ্রহ মন্দিরটি প্রায় ৪০০ বছর ধরে এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মন্দিরটি অবহেলিত অবস্থায় রয়েছে। তিনি মন্দিরটির সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি, কেনাকাটা এবং গ্রামীণ আবহে সেখানে সম্প্রীতির একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হওয়া উচিত, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবেন। কোনো মুসলমানের নামাজ আদায়ে কিংবা কোনো হিন্দুর পূজা উদ্‌যাপনে বাধা দেওয়া যাবে না। বরং প্রত্যেককে অন্যের ধর্মীয় অধিকার রক্ষায় সহযোগিতা করতে হবে। তিনি হিন্দু, মুসলমান ও সাঁওতালসহ সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর কাউনিয়া-পীরগাছা গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবায় দুটি উদ্যোগের কথাও জানান। সংসদ সদস্য বলেন, কাউনিয়া ও পীরগাছার অনেক বয়স্ক মানুষ চোখের ছানিতে আক্রান্ত হলেও অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে পারেন না। তাদের বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং সংস্থাটি এতে সম্মতি দিয়েছে।

ছানিজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

এ ছাড়া জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়েও একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আখতার হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তৌফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় বিনামূল্যে চিকিৎসা ও বারবার অপরাধে দ্বিগুণ শাস্তির প্রস্তাব

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ এম


ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সহায়তা দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। তিনি দাবি করেন, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র অনেক অর্থ ব্যয় করেছে এবং এর বিনিময়ে শুধু উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

ট্রাম্প মঙ্গলবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি এ সময় উল্লেখ করেন যে, ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নও ক্লান্ত হয়ে পড়ছে। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর জন্য তাগিদ দেন।

ট্রাম্প বলেন, "ইউক্রেনকে এই যুদ্ধের অবসান চাইতে হবে।" তিনি আরও বলেন, জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে সমঝোতায় আগ্রহী হতে হবে। যদি তিনি তা না চান, তাহলে তার মতে, "এর পরিণতি খুব খারাপ হবে।"

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিপুল অর্থ ব্যয় করেছে। তিনি উল্লেখ করেন, "যুক্তরাষ্ট্র বিপুল অর্থ খরচ করেছে। ইউরোপও বিপুল অর্থ ব্যয় করেছে। এখন ইউরোপ এতে ক্লান্ত।"

ট্রাম্প বলেন, "যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পায়নি।"

নরওয়ের রাজধানী অসলোতে আলোচনার পর শান্তিপ্রক্রিয়া আবারও এগোচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "রাশিয়া যুদ্ধের অবসান চায় বলেই মনে হচ্ছে।" তবে তিনি রাশিয়ার সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, দেশটি একটি বিশাল ‘শক্তি’। তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে জনবলের সীমাহীন সরবরাহ রয়েছে।

ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে সমঝোতার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তার মতে, দুই নেতার মধ্যে বিদ্বেষের কারণেই মূলত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য পুতিন ও জেলেনস্কিকে একই কক্ষে বসতে হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, "তাদের একই কক্ষে থাকার প্রয়োজন নেই।" তিনি জানান, অন্যভাবেও চুক্তি করা সম্ভব এবং কীভাবে চুক্তি হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথাও সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় মেয়ের নাম দেবী পাড়ুকোন সিং ঘোষণা করলেন দীপিকা-রণবীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ এম


দ্বিতীয় মেয়ের নাম দেবী পাড়ুকোন সিং ঘোষণা করলেন দীপিকা-রণবীর

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাদের দ্বিতীয় মেয়ের নাম ঘোষণা করেছেন। দশেরার বিশেষ উপলক্ষে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ একটি ছবি প্রকাশ করে তারা তাদের মেয়ের নাম জানিয়েছেন। তাদের দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

দীপিকা ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, "ভালোবাসা ও প্রাচুর্যের... দেবী পাড়ুকোন সিং।" দ্বিতীয় সন্তানের জন্মের পর এটি প্রথমবারের মতো পরিবারের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করেছেন তারা।

ছবিতে দীপিকা, রণবীর, তাদের বড় মেয়ে দুয়া এবং ছোট্ট দেবীকে সোনালি রঙের মিলিয়ে পরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাচ্ছে। রণবীরের কোলে ছিল দুয়া, যে তার ছোট বোনের গালে চুমু দিচ্ছে। অন্যদিকে, দীপিকা কোলে আগলে রেখেছেন দেবীকে। পরিবারের এই মধুর মুহূর্তের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

ছবিটি প্রকাশের পরপরই বলিউডের অনেক তারকা দম্পতি তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

গত ১৯ সেপ্টেম্বর, দীপিকা ও রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হন। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

দীর্ঘ সময় প্রেমের সম্পর্কের পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। তাদের বিয়ের অনুষ্ঠান ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।

২০১৩ সালে ‘গালিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিংয়ের সময় দীপিকা ও রণবীরের সম্পর্কের সূচনা ঘটে। কয়েক বছর প্রেম করার পর, ২০১৫ সালে তারা গোপনে বাগদান সারেন। পরে, ২০১৮ সালে বিয়ের মাধ্যমে তাদের সম্পর্ককে পূর্ণতা দেন এই জুটি।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ এম


টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে টেকনাফের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন কাটাখালীর মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), এফডিএমএন সদস্য ও ক্যাম্প-৪-এর বি ব্লক-১-এর বাসিন্দা; মৃত ছিদ্দিকের ছেলে খাইরুল আমিন (২৪); কাটাখালীর বক্কর আহম্মেদের ছেলে শাকিল (২২) এবং নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১)।

বিজিবি অধিনায়ক জানালেন, সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এরপর পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক বা যাত্রী হিসেবে মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝেরকাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিন ব্যক্তিকে পুঁটলি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।

এ সময় ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে দিনদুপুরে পর্যটককে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ এম


কক্সবাজারে দিনদুপুরে পর্যটককে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজারে পর্যটকদের হয়রানি অব্যাহত রয়েছে। সাগরপারে বেড়াতে আসা পর্যটকরা প্রায়শই বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সাগরপারের প্রকাশ্য দিবালোকেও একদল পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা পর্যটকদের টাকা ছিনতাই করার পরও একজনকে ছুরিকাঘাত করার সময় আটক করা হয়েছে।

অন্যদিকে, মহেশখালী আদিনাথ মন্দিরের জেটি এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশু পর্যটক নিহত হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল গতকাল দুপুর ২টার দিকে কলাতলি সৈকত তীরের ওয়ার্ল্ড বিচ হোটেল সংলগ্ন রাস্তায়। আটক হওয়া ছিনতাইকারির নাম জামাল উদ্দিন (১৮)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের ইদ্রিস শেখের ছেলে।

ছিনতাইয়ের শিকার হওয়া পর্যটক মাহফুজ আনাম, যিনি রাজধানী ঢাকা থেকে এসেছেন, কালের কণ্ঠকে জানান, তারা ১১ জন সহপাঠী ঢাকা থেকে বান্দরবান হয়ে কক্সবাজারে বেড়াতে আসেন সোমবার। তাদের দলের কয়েকজন রিসোর্টের কক্ষ থেকে বের হতেই ৪/৫ জনের ছিনতাইকারী দলের কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরি ধরে পর্যটকদের পকেট হাতিয়ে নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর একজন ছিনতাইকারী ছুরিকাঘাত করতে উদ্যত হলে তাকে আটক করা হয়। অন্যরা সটকে পড়ে যায়। পর্যটকরা হাতেনাতে ধরে ছিনতাইকারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করেন।

ছিনতাইয়ের শিকার হয়ে ক্ষুব্ধ পর্যটক মাহফুজ আনাম কালের কণ্ঠকে বলেন, “দিনে-দুপুরে হাজারো পর্যটকের সামনে এত বড় ছুরি ঠেকিয়ে এ ধরনের ঘটনা যদি ঘটে সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারের মতো এরকম একটা জায়গাতে লাখ লাখ টাকা আমরা ব্যয় করতে আসি, বছরে কতই পর্যটক এখানে আসে। নিরাপত্তাই যদি দিতে না পারে সরকার তাহলে বলে দিক আর কক্সবাজারে না আসতে।”

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী কালের কণ্ঠকে জানান, “পর্যটন শহরে ছিনতাই রোধকল্পে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে। গত ৪৫ দিনে পুলিশ ৮৯৫ জন অপরাধীকে আটক করেছে। তাদের মধ্যে অন্তত ২০০ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তারপরেও দুয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।” তিনি আরও জানান, ছিনতাই একেবারে বন্ধ হয়নি। তবে আগে ১০টি হলে এখন হয়তোবা একটি হচ্ছে।

মহেশখালীতে বেড়াতে এসে প্রাণ গেল ৫ বছরের আফরিনের।

বাবার কাছে বায়না ধরেছিল, একটি ঠান্ডা পানীয় কিনে দিতে হবে। হয়তো ছোট্ট আবদারটি পূরণও করেছিলেন বাবা। কিন্তু কে জানত, দিনের শুরুতে আদরের মেয়ের সেই বায়নাই একসময় স্মৃতি হয়ে থাকবে। মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের। ২১ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ঘোরার পরিকল্পনা ছিল। অথচ তার আগেই সব আনন্দ বিষাদে পরিণত হলো। মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় মিশুকের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশু আফরিন সুলতানার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় আফরিন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে তার সাত বছর বয়সী কাজিন আয়ান। দুজনের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। নিহত আফরিনের বাবার নাম আল আমিন এবং মায়ের নাম শেখ হাসিনা। আফরিনের মামা মেসবাহ উদ্দীন ভূঁইয়া জানান, সকাল ১১টার দিকে দ্রুতগতির মিশুকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মিশুকচালক তাকিল (১৮) পালিয়ে গেছে।

পর্যটন মৌসুমে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। পর্যটক ও স্থানীয় মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মহেশখালীতে বেড়াতে এসে স্বজনদের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা ছিল ছোট্ট আফরিনের। বাড়ি ফেরার কথা ছিল নতুন স্মৃতি নিয়ে। কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন, আর পরিবারের কাছে রেখে গেল এমন এক শূন্যতা, যা কখনোই পূরণ হওয়ার নয়।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভের ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন পর্যটক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%