শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪১ পি.এম
রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান ১০ দিন পার হলেও মেলেনি।
গত ৮ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হন তারা। এ ঘটনায় উদ্বেগে থাকা পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কের কারণে তারা পরস্পর জা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বাগমারা থানায় জিডি করেন স্বজনরা।
এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব পারমাণবিক পরিবারের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছে।
১৬ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এর ‘মিডিয়া স্ট্রিম’ কর্মসূচির অধীনে ‘আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার ভাবমূর্তি’ শীর্ষক এক অধিবেশনে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের যোগাযোগ বিভাগের পরিচালক আন্দ্রে তিমোনভ এই তথ্য জানান।
তিমোনভ উল্লেখ করেন, বাংলাদেশি অংশীদারদের সহযোগিতায় রোসাটম এই বছর রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ করেছে। ইউনিটটির কমিশনিং কার্যক্রমও এই গ্রীষ্মে শুরু হয়েছে। বাংলাদেশে একটি নতুন পারমাণবিক শক্তির উত্থান ঘটছে। রূপপুর প্রকল্প দেশের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও গতি আনবে। এর ফলে কয়েক দশকের পরিবর্তে কয়েক বছরের মধ্যে প্রযুক্তিগত উন্নয়নের যাত্রা সম্পন্ন করা সম্ভব হতে পারে।
বাংলাদেশে তার একাধিক সফরের অভিজ্ঞতা শেয়ার করে তিমোনভ বলেন, দেশটির প্রকৃতি ও জনগণ তাকে মুগ্ধ করেছে। তিনি জানান, মাত্র ১০ বছর আগে বাংলাদেশে পারমাণবিক শক্তির ধারণা ভাবা সম্ভব ছিল না। এখন দেশটি নতুন পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিমোনভ বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ধারণা কয়েক দশক পুরোনো। সোভিয়েত ইউনিয়নের সময়ই এ বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল।
তার মতে, রূপপুরের মাধ্যমে বাংলাদেশ শুধু জ্বালানি ঘাটতি পূরণের চেষ্টা করছে না, বরং এমন প্রযুক্তিগত অগ্রগতির দিকে এগোচ্ছে, যা অর্জন করতে অন্যান্য দেশগুলোর ৬০ থেকে ৮০ বছর লেগেছে।
রূপপুরকে বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীক হিসেবে উল্লেখ করে তিমোনভ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি এমন একটি স্থাপনা তৈরি হয়েছে, যা নিয়ে পুরো দেশ গর্বিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবার্গে ‘ফলো ইওর ড্রিম’ স্লোগানে আন্তর্জাতিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ১৯১টি দেশের ১০,০০০ অংশগ্রহণকারী উৎসবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে প্রায় ৯০ জন প্রতিনিধি এতে অংশ নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল, ভাসান চার, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন, তবে টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা এবং এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাসমূহ: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বহুভাষিক সিনেমায় কাজ করার সময় উচ্চারণ ও ভাষার ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই ট্রলের শিকার হন রাশমিকা মান্দানা। এবার ভারতীয় এই অভিনেত্রী সরাসরি সেই সমালোচনার বিষয়ে কথা বলেছেন।
রাশমিকা নিয়মিত তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করছেন। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে তার অবস্থানও প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক ভাষা থেকে অন্য ভাষায় কাজ করার ফলে বিভিন্ন সময়ে নেটিজেনদের একাংশ তার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি জানিয়েছেন, তিনি কোনো একটি ভাষার বিশেষজ্ঞ নন। বরং কাজের প্রয়োজনে বিভিন্ন ভাষা শিখেছেন এবং প্রতিটি ভাষার সঙ্গে তার আলাদা সম্পর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর মাতৃভাষা কোদাভা টাক। কর্ণাটকের কুর্গ অঞ্চলে এই ভাষার প্রচলন থাকলেও বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে অভিনয়জীবনের শুরু থেকেই রাশমিকাকে অন্য ভাষায় কাজ করতে হয়েছে।
২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে, পরে তেলেগু ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সিনেমা তাকে দক্ষিণ ভারতের পরিচিত মুখে পরিণত করেছে। এরপর ‘গুডবাই’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে। ‘অ্যানিমেল’-এর পর হিন্দি সিনেমাতেও তার পরিচিতি বৃদ্ধি পায়।
বিভিন্ন ভাষায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে রাশমিকা বলেন, তার ক্যারিয়ার কোনো একটি ভাষার ওপর নির্ভরশীল নয়। কাজের সুযোগ এবং দর্শকের ভালোবাসা তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে গেছে। তিনি সব ভাষাকেই নিজের ভাষা হিসেবে দেখেন এবং দর্শকের সঙ্গে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করেন।
উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন তিনি। তার বক্তব্য হলো, তিনি অনেক ভাষায় কথা বলেন ও কাজ করেন, তবে কোনো একটি ভাষায় নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না।
রাশমিকার মতে, ভিন্ন ভাষায় কাজ করার সময় প্রতিটি উচ্চারণ শতভাগ নিখুঁত হওয়া সবসময় সম্ভব নয়। শেখার চেষ্টা এবং দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরি করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে তিনি খুব বেশি ভাবতে চান না। তার কাছে সিনেমা একটি দলগত কাজ। একটি ছবির সাফল্য বা ব্যর্থতার পেছনে অভিনেতার পাশাপাশি পরিচালক, চিত্রগ্রাহক, সংগীতশিল্পীসহ অনেক মানুষের অবদান থাকে। তাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি মন্তব্যকে গুরুত্ব দিয়ে চলতে চান না।
এদিকে, রাশমিকার হাতে বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি ‘মাইসা’ ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক একটি সিনেমার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গণঅধিকার পরিষদ, দিনাজপুর জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা উপজেলার নেতৃত্ববৃন্দ কমিটি গঠন এবং আগামী দিনের রাজনীতি এগিয়ে নেওয়ার জন্য তাদের মতামত প্রকাশ করেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেন, "গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে।" তিনি আরও উল্লেখ করেন, বিএনপি বলেছিলো তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। মিত্রদের দাবি হলো, বিএনপি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তাদের মূল্যায়ন করবে। আবু হানিফ বলেন, "বিএনপি যখন ফ্যাসিবাদের আমলে হামলা মামলায় বিপর্যস্ত ছিলো, তখন এই মিত্ররা তাদের পাশে ছিলো। এখন যদি মিত্রদের মূল্যায়ন না করা হয়, তাহলে সংকটে পড়লে বিএনপি কাউকে পাশে পাবে না।"
আবু হানিফ আরও বলেন, "দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামীলীগ মিছিল করছে।" তিনি বলেন, "তারা এই সাহস পেত না, প্রশাসনে থাকা নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্তদের চিহ্নিত করতে হবে।" তিনি সতর্ক করে বলেন, "এটা না হলে সরকার যেকোন সময় বিপদে পড়তে পারে।" সম্প্রতি গুলশানে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, "সেখানে দেখা গেছে গুলশান জোনের ডিসির সাথে আগেই নিষিদ্ধ আওয়ামীলীগ যোগাযোগ করেছে, এবং প্রশাসনের সিগন্যালে তারা গুলশানে মিছিল করার সাহস পেয়েছে।" তিনি জানান, "এটি শুধু গুলশানে নয়, সারাদেশের অবস্থা একই। টাকার বিনিময়ে নিষিদ্ধ আওয়ামীলীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে প্রশাসন।" তাই এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ বিরোধী সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো, নিষিদ্ধ আওয়ামীলীগের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
দলের উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক প্রধান সাকিব হোসাইন বলেন, "জুলাইয়ের পর সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে এনসিপি, অনেকেই সেখানে যুক্ত হয়েছে শুধু ধান্দা করার জন্য।" তিনি বলেন, "এনসিপি এখন হাদীর নামে ব্যবসা শুরু করেছে, অথচ এই হাদীই বলেছিলো এনসিপি জুলাইয়ের ঐক্য নষ্ট করেছে।" সাকিব হোসাইন বলেন, "সুতরাং এদের এই ধান্দাবাজির ব্যবসা বেশি দিন চলবে না।"
সভায় গণঅধিকার পরিষদ, দিনাজপুর জেলার সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, পেশাজীবি অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তোফায়েল আহমেদ দিহান, দিনাজপুর জেলার সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনর রশীদ হিমেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোসাদ্দেক, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ