ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর ধোলাইখালে ধসে পড়েছে সড়ক


রাজধানীর ধোলাইখালে ধসে পড়েছে সড়ক

পুরান ঢাকার ধোলাইখালের সড়কের একটি অংশ ধসে পড়েছে। রোববার (১২ জুলাই) বিকেল থেকে সোমবার (১৩ জুলাই) দুপুরের মধ্যে নারিন্দা মোড়–সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করা অবস্থায় রয়েছে, ফলে এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলার পর জানা গেছে, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় রাস্তার মাঝামাঝি অংশে একটি গর্ত সৃষ্টি হয়ে দেবে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে থাকে এবং দেবে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করে। এক পর্যায়ে সেই আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়ে।

ঘটনার পর, সোমবার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেরামতকাজ শুরু করে দেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সংস্কারকাজের দায়িত্বে নিয়োজিত ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন জানান, সড়কের নিচের মাটি সরে যাওয়ার কারণে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘ মেয়াদী লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। এক পর্যায়ে সেটিই ধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, মূল মেরামতের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। তবে কংক্রিটের কিউরিংসহ সব কাজ শেষ করে সড়কে যান চলাচলের উপযোগী হতে প্রায় ১০ দিন লাগবে। জনদুর্ভোগ কমানোর জন্য পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশে যানচলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদোন্নতিতে অনিয়ম: অর্থ মন্ত্রণালয়ের নির্দেশও ৬ মাসে বাস্তবায়ন হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


পদোন্নতিতে অনিয়ম: অর্থ মন্ত্রণালয়ের নির্দেশও ৬ মাসে বাস্তবায়ন হয়নি

বিভিন্ন পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বঞ্চিত কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী পদায়নের নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। এই কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা জোরপূর্বক বদলির অভিযোগও তুলেছেন।

নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ১৭ ডিসেম্বর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। এসময় যোগ্যতা অনুযায়ী বঞ্চিত কর্মকর্তাদের পদায়নের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এবং অনেকের ক্ষোভ তীব্র হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪ সালের ২২ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই যারা অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের অনেককে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তাদের বক্তব্য হলো, ‘আমাদের পদোন্নতি পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না, বরং হয়রানি এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। মন্ত্রণালয় তার অনিয়মের প্রমাণ পেয়েছে। যারা মানববন্ধনে অংশ নিয়েছেন, তাদের প্রায় সবাইকে দূরবর্তী এলাকায় বদলি করা হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবেও হয়রানি করা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করতে গেলে কর্মকর্তারা জানান, তিনি ছুটিতে রয়েছেন। পরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সরকার যখন ব্যাংক ও আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করে শক্তিশালী করার কথা বলছে, তখন ব্যাংকের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ব্যবস্থা নিতে বিলম্ব হওয়াকে উদ্বেগজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, তিনি যদি সেই অবস্থাতেও অনিয়ম করতে পারেন, তাহলে বুঝতে হবে নজরদারি সংস্থাগুলোর দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে।’

এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছেও প্রশ্ন করা হলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়। তিনি বলেন, ‘আমি না জেনে বলতে পারবো না। আগে দেখতে হবে পুরো বিষয়টি।’

বর্তমানে দেশে বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫০টি শাখা রয়েছে। ব্যাংকটিতে প্রায় ৮০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রমত্তা-তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনে পটুয়াখালী ‘মানচিত্র’ বদলে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


প্রমত্তা-তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনে পটুয়াখালী ‘মানচিত্র’ বদলে যাচ্ছে

প্রমত্তা-তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে দশমিনার সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম অবস্থিত। জমিজমা ও ঘরবাড়ি হারিয়ে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছেন। তারা সহায়তা নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন।

জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে হাজিরকান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী, এবং বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষ প্রতি বছর অমাবস্যা ও পূর্ণিমাসহ বিভিন্ন সাইক্লোনে ভাঙা বেড়িবাঁধ থেকে পানি ঢুকে তাদের লোকালয়ে প্রবেশ করে; ফলে পানিবন্দি অবস্থায় থাকে কয়েকশত পরিবার।

এ দিকে, নদী ভাঙনে হাজিরহাট লঞ্চ ঘাটের একমাত্র মসজিদটি নদী গর্ভে বিলীন হতে চলেছে; এর সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে একমাত্র পাকা সড়কটিও।

ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এসব গ্রামের শত শত পরিবার। সেইসঙ্গে নদীগর্ভে চলে গেছে এখানকার হাজারো মানুষদের সাজানো স্বপ্ন। ইতোমধ্যে অনেকের ঘর-বাড়ি চিরতরে মুছে গেছে। হারিয়ে গেছে নানা ধরনের বহুমূল্য স্মৃতি, যার অধিকাংশই আজ পর্যন্ত মেরামত হয়নি।

নদীর তীরবর্তী এলাকার মানুষ ঘর-বাড়ি স্থানান্তর করে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, পূর্ব পুরুষের ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তারা।

আগ্রাসী নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন ইউনিয়নের হাজার হাজার মানুষ। পূর্ব পুরুষের ভিটে মাটি ও কবর হারানো মানুষগুলো অসহায় হয়ে আশ্রয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন এবং এখন ত্রাণ চান না, বরং স্থায়ী বেড়িবাঁধ চান। তাই তারা আশ্বাস নয়, স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

নদী পাড়ের রাবেয়া বেগম বলেন, ‘আমি যখন এই এলাকায় নতুন বউ হয়ে এসেছি, তখন দেখেছি এখানে সবকিছুই ছিল। বাজার ছিল, স্কুল ছিল, বড় বড় ঘর-বাড়ি ছিল। তেঁতুলিয়া নদী সবকিছু কেড়ে নিয়ে গেছে।’

সামসু মুন্সী বলেন, ‘এক এক করে আমাগো দুটা ঘর এই নদীতে লয়ে গেছে, এখন কিছুই নাই। পরের জায়গায় ঘর করে মোরা থাকি।’

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, বর্তমানে ভাঙন রোধে তারা অস্থায়ীভাবে কাজ করবেন। তবে শিগগিরই ভাঙন রোধে স্থায়ীভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।

এ বিষয়ে প্রবাসী-কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘নদী ভাঙনে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীকে সচল রেখে ভাঙন রোধের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ীভাবে কাজ করার পরিকল্পনা করছি।’

পটুয়াখালীতে মোট এক হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২৫ কিলোমিটার এবং ৬ কিলোমিটার বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতালের ওষুধ চুরির সময় হাতেনাতে ধরা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


সরকারি হাসপাতালের ওষুধ চুরির সময় হাতেনাতে ধরা যুবক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ওষুধ চুরি করার সময় রোহান মিয়া (২৮) নামে একজন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সময় তার কাছ থেকে লক্ষাধিক টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে এই বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

গ্রেফতার হওয়া রোহান মিয়া নগরীর কদমতলা বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর সার্জারি ওয়ার্ড থেকে সরকারি ওষুধ চুরির সময় সেখানে উপস্থিত রোগীর স্বজন ও অন্যান্যরা তাকে হাতেনাতে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এ সময় সরকারি ওষুধ জব্দ করে রোহান মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ উল্লেখ করেছেন যে, সরকারি হাসপাতালের ওষুধসহ যেকোনো সরকারি সম্পদ চুরি বা আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় আলোচিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার।

এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৩ জুলাই (সোমবার) থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হলো। একইসাথে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে, ২৮ জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে তাদের অসুবিধা হচ্ছে। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে দীর্ঘদিন ধরে সংকট চলছিল।

এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে যে আয় করেন, তার বড় একটি অংশ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে প্রদান করেছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রধান শিক্ষকের এই উদ্যোগ দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে। পরে স্থানীয় প্রশাসন বিদ্যালয়ের জন্য একটি বোটের ব্যবস্থা করা, নতুন ভবন নির্মাণ, এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

এরপর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%