প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিভিন্ন পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বঞ্চিত কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী পদায়নের নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। এই কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা জোরপূর্বক বদলির অভিযোগও তুলেছেন।
নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ১৭ ডিসেম্বর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। এসময় যোগ্যতা অনুযায়ী বঞ্চিত কর্মকর্তাদের পদায়নের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এবং অনেকের ক্ষোভ তীব্র হয়ে উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪ সালের ২২ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই যারা অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের অনেককে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
ভুক্তভোগী কর্মকর্তাদের বক্তব্য হলো, ‘আমাদের পদোন্নতি পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না, বরং হয়রানি এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। মন্ত্রণালয় তার অনিয়মের প্রমাণ পেয়েছে। যারা মানববন্ধনে অংশ নিয়েছেন, তাদের প্রায় সবাইকে দূরবর্তী এলাকায় বদলি করা হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবেও হয়রানি করা হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করতে গেলে কর্মকর্তারা জানান, তিনি ছুটিতে রয়েছেন। পরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
সরকার যখন ব্যাংক ও আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করে শক্তিশালী করার কথা বলছে, তখন ব্যাংকের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ব্যবস্থা নিতে বিলম্ব হওয়াকে উদ্বেগজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, তিনি যদি সেই অবস্থাতেও অনিয়ম করতে পারেন, তাহলে বুঝতে হবে নজরদারি সংস্থাগুলোর দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে।’
এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছেও প্রশ্ন করা হলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়। তিনি বলেন, ‘আমি না জেনে বলতে পারবো না। আগে দেখতে হবে পুরো বিষয়টি।’
বর্তমানে দেশে বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫০টি শাখা রয়েছে। ব্যাংকটিতে প্রায় ৮০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন