ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্লোরিডায় স্কুলবাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু


ফ্লোরিডায় স্কুলবাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলবাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্রী রয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে উইন্টার হ্যাভেন শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন হাই স্কুলের শিক্ষার্থী, বাসচালক এবং চালকের কন্যা অন্তর্ভুক্ত ছিলেন। বাসটি শিক্ষার্থীদের উইন্টার হ্যাভেন উচ্চবিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল।

পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানিয়েছেন, সকাল ৬টার কিছু পরে বাসটি একটি সড়ক দিয়ে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সড়কের মাঝের লাইন অতিক্রম করে বাসটির পেছনের চাকার কাছে আঘাত করে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

আঘাতের ফলে বাসটির একটি চাকা খুলে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর জিপটিতে আগুন ধরে যায়। পরে স্কুলবাসটি উল্টে গিয়ে ছাদে পড়ে যায়।

জিপ গাড়িতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত পাঁচ থেকে সাতজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেরিফ গ্র্যাডি জাড এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, "কয়েক দশকের মধ্যে পোল্ক কাউন্টিতে এমন ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা তিনি মনে করতে পারছেন না।" তিনি আরও বলেন, "দশম শ্রেণির এক সুন্দর মেয়েটিকে আমরা হারিয়েছি।"

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আহতদের হাসপাতালে পাঠানোর কাজ করেন, শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করেন এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

পোল্ক কাউন্টির সরকারি স্কুল ব্যবস্থার প্রধান ফ্রেডেরিক হেইড জানিয়েছেন, দুর্ঘটনায় বাস থেকে বের হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত মহড়া দেওয়া হয়। তিনি বলেন, "বাসটির বর্তমান অবস্থা ও অবস্থান দেখলে বোঝা যায়, দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।"

এক মাস আগে, ৩ সেপ্টেম্বর পোল্ক কাউন্টির লেকল্যান্ডে আরেকটি স্কুলবাস দুর্ঘটনা ঘটেছিল। তবে সে সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। একজন আহত হলেও তার আঘাত প্রাণঘাতী ছিল না।

সোমবারের (৫ অক্টোবর) দুর্ঘটনার পর ঘটনাস্থলে উল্টে থাকা বাসটির সামনে সংবাদ সম্মেলন করেন শেরিফ ও স্কুল কর্তৃপক্ষ। সড়কের পাশের একটি নালায় বাসটি ছাদে ভর করে পড়ে ছিল। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পেছনের চারটি চাকার মধ্যে একটি চাকা খুলে পড়ে থাকতে দেখা যায়।

পোল্ক কাউন্টির স্কুল বোর্ডের চেয়ারম্যান জাস্টিন শার্পলেস নিহত ছাত্রীর পরিবার, স্কুল ও শিক্ষকদের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "একজন তরুণকে হারানোর যে কষ্ট, তা দূর করার মতো কোনো শব্দ নেই।"

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করা বৃদ্ধের ব্যাংকে ৭৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করা বৃদ্ধের ব্যাংকে ৭৭ লাখ টাকা

চীনের ৭১ বছর বয়সী এক বৃদ্ধ ২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন কাটাচ্ছেন। অর্থনৈতিক সংকট, ঋণের বোঝা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্বের কারণে তিনি একসময় নিজের শহর ত্যাগ করে অন্য শহরে চলে যান। সেখানে একটি পরিত্যক্ত ভবনে দিন কাটাতে থাকেন, কিন্তু শেষ বয়সে এসে জানতে পারেন, তার ব্যাংক হিসাবে জমা রয়েছে বিপুল পরিমাণ অর্থ।

বৃদ্ধটির নাম রু। তিনি চীনের হুনান প্রদেশের জুঝো শহরের বাসিন্দা। কারিগরি স্কুল থেকে শিক্ষা গ্রহণের পর তিনি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন দোকানে চাকরি শুরু করেন। সেখানে প্রায় ৩০ বছর কাজ করার পর ২০০০-এর দশকের শুরুতে ছাঁটাই হন। সেই সময় তিনি ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ পেয়েছিলেন।

কিন্তু রু সেই অর্থ বেশিদিন ধরে রাখতে পারেননি। কিছু ব্যক্তিগত অভ্যাসের কারণে দ্রুতই ক্ষতিপূরণের টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

জীবিকার তাগিদে রু ভাঙারি কুড়ানো শুরু করেন। একপর্যায়ে তিনি নিজের শহর ছেড়ে হুনান প্রদেশের সাংদে শহরে চলে যান। সেখানে দীর্ঘদিন ধরে ভাঙারি সংগ্রহ করেই জীবন কাটান।

২০২৪ সালে সাংদে শহরের একটি সামাজিক সহায়তা কেন্দ্রের কর্মকর্তা একটি পরিত্যক্ত ভবনে রুর সন্ধান পান। পরে তাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে আত্মসম্মানবোধের কারণে শুরুতে রু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে তিনি আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হন এবং সেখানে নিজের ব্যক্তিগত তথ্য জানান।

সম্প্রতি রুর জীবনে আসে অবিশ্বাস্য এক খবর। সাংদে ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে তিনি তার পেনশন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি ব্যাংক কার্ড পান। ওই হিসাবে জমা রয়েছে ৪ লাখ ২৪ হাজার ২০৪ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ লাখ ৭৪ হাজার টাকার বেশি।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রায় এক দশক ধরে রু এই পেনশন পেয়ে আসছিলেন কিন্তু এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।

ছাঁটাই হওয়ার পর রু পেনশন বিমার কিস্তি পরিশোধ করতে পারেননি। ফলে তিনি ধারণা করেছিলেন যে, আর কোনো পেনশন পাওয়ার সুযোগ নেই। এ ছাড়া তার কোনো মোবাইল ফোনও ছিল না। তাই পেনশন-সংক্রান্ত নতুন নিয়ম বা নিজের অ্যাকাউন্টে টাকা জমার বিষয়েও কোনো তথ্য পাননি তিনি।

দীর্ঘদিন ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো রুর জন্য ব্যাংক হিসাবে ৭৭ লাখের বেশি টাকা পাওয়ার খবরটি তাই অনেকটা ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন এবং ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থানে ছিলেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ আটক করা হয়।

কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং যাত্রী বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, কৃষকের মুখে হাসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, কৃষকের মুখে হাসি

অনুকূল আবহাওয়া এবং খাল পুনঃখনন কর্মসূচির ফলস্বরূপ খুলনা অঞ্চলের চারটি জেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি কর্মকর্তাদের মতে, নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং সুষম বৃষ্টিপাতের কারণে কৃষকরা এবার বেশি পরিমাণে রোপা আমনের চাষ করেছেন।

খুলনা অঞ্চলের চার জেলা—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল—এ ধান ও চালের উৎপাদন আশাতীত হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে এখন আনন্দের হাসি দেখা যাচ্ছে। কৃষকরা আশা করছেন, স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) মোটা আমন ধান ১ হাজার ৩৫০ থেকে ১৪শ’ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে পারে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানাচ্ছে, চলতি মৌসুমে খুলনা অঞ্চলের চার জেলায় মোট ২ লাখ ৯৯ হাজার ৮৫৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে অর্জিত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১০ হেক্টর, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫১ হেক্টর বেশি এবং শতকরা হিসাবে ১০০.১ শতাংশ। এ বছর এ অঞ্চল থেকে ৮ লাখ ৫৬ হাজার ৯৭৪ মেট্রিক টন চাল (১২ লাখ ৮৫ হাজার ৪৬১ মেট্রিক টন ধান) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময় আমন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হিসেবে সরকার ইতোমধ্যে খুলনা অঞ্চলের ৭৫ হাজার ৪শ’ জন কৃষককে ৬ কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছে।

কৃষি অধিদপ্তর সূত্র অনুযায়ী, খুলনা জেলায় ৮৮ হাজার ৩৫১ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৪৬৯ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছে। এ জেলায় ৪ লাখ ৮ হাজার ৩০৮ মেট্রিক টন ধান ও ২ লাখ ৭২ হাজার ২০৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে।

বাগেরহাট জেলায় ৬৮ হাজার ৮৯৩ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮ হাজার ৭০৬ হেক্টরে আবাদ হয়েছে। এ জেলায় ২ লাখ ৭১ হাজার ৬৮৮ মেট্রিক টন ধান ও ১ লাখ ৮১ হাজার ১২৫ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ৮৯ হাজার ১৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৯০ হাজার ১৬০ হেক্টরে। এখান থেকে ৩ লাখ ৯৮ হাজার ৭৮০ মেট্রিক টন ধান ও ২ লাখ ৬৫ হাজার ৮৫৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নড়াইল জেলায় ৪৩ হাজার ৪৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টরে। এ জেলায় ২ লাখ ৬ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান ও ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ও সোনালি আমন ক্ষেতের পরিচর্যায় স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

তিনি আরও বলেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির ফলে নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং বৃষ্টিপাতের কারণে খুলনা বিভাগে আমনের অধিক ফলন হয়েছে।

এছাড়া, অনুকূল আবহাওয়া এবং সরকারি সহায়তার কারণে এ মৌসুমে বাজারে ধানের ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ করে অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির আচরণের সমালোচনায় নেটিজেনরা সরব হয়েছেন।

৩ অক্টোবর, ৩৫তম জন্মদিন উপলক্ষে বেঙ্গালুরুর নিজ বাসভবনের বাইরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করতে আসেন রচিতা রাম। এ সময় হাসিমুখে অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রচিতা রামের সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলার পর চলে যাওয়ার সময় হঠাৎ করে অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন তিনি। আকস্মিক ঘটনার কারণে কিছুটা হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেন রচিতা। এরপর তিনি অন্য ভক্তদের সঙ্গে ছবি তোলার কার্যক্রম চালিয়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, তারকা হলেও একজন নারীর ব্যক্তিগত পরিসর ও সম্মানের বিষয়টি সবারই সম্মান করা উচিত। পূর্বানুমতি ছাড়া এভাবে কাউকে স্পর্শ করা অনুচিত বলেও মত প্রকাশ করেছেন অনেকে। একই সঙ্গে পরিস্থিতি সামলে পেশাদারিত্ব বজায় রাখায় রচিতার প্রশংসাও করেছেন তার ভক্তরা।

এদিকে, পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন রচিতা রাম। কন্নড় চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর হাতে রয়েছে ‘ক্রিমিনাল’, ‘দালি’ ও ‘শাবরি সার্চিং ফর রাবণ’-এর মতো বেশ কয়েকটি প্রতীক্ষিত সিনেমা।

জন্মদিনে নতুন একটি নারীপ্রধান সিনেমায় অভিনয়ের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%