মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫৪ পি.এম
শুক্রবার অপ্রতিম বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করেছিল। নামাজ শেষ হওয়ার পর সে বলেছিল, বাড়িতে যাবে। পরের দিন সে নিখোঁজ হয়ে যায়। দুই দিন পর রোববার, তার বন্ধুরা তাকে শেষ বিদায় জানান।
কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গলে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয় এবং তার দাফন সম্পন্ন হয়।
রোববার বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।
এ সময় তার স্বজন, সহপাঠী ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। তারা মেনে নিতে পারছেন না যে, প্রিয় বন্ধুকে আর কখনো ক্লাশে দেখতে পারবেন না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের বন্ধুদের কাছে তার শেষ কয়েক দিনের স্মৃতি এখন শুধুই বেদনার।
অপ্রতিমের এক বন্ধু বলেন, ‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। নামাজের পর সে বলেছিল, বাড়িতে যাবে। এরপর সে বাড়িতে চলে যায়। কে জানত, সেটাই আমাদের শেষ দেখা।’
এর আগের দিন বৃহস্পতিবারও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছিল অপ্রতিম। কুরআনিক ক্লাবে অংশ নেওয়ার পাশাপাশি সে বন্ধুদের সঙ্গে ফুটবলও খেলেছিল।
আরেক বন্ধু বলেন, ‘আমরা বৃহস্পতিবার কুরআনিক ক্লাবে একসঙ্গে ছিলাম। সেখানে সময় কাটিয়েছি। ফুটবলও খেলেছিলাম। এরপর কথা বলতে বলতে বাসায় এসেছিলাম। তখন তো ভাবিনি, এটাই তার সঙ্গে আমাদের শেষ সময়।’
শেষ কথোপকথনের স্মৃতিও আরেক বন্ধু ভুলতে পারছেন না। তিনি বলেন, আমি শেষবার তার সঙ্গে ফুচকা খেতে যেতে চেয়েছিলাম। সে বলেছিল- ‘না, আমি ফুচকা খাব না। টাকা নেই’। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।
অপ্রতিমের বন্ধু নাসিম বলেন, ‘আমার বন্ধুকে আর ক্লাশে দেখব না। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আর কোনো বন্ধুকে হারাতে চাই না।’
বন্ধুরা বলেন, একজনকে হারালে এটি শুধুমাত্র একটি পরিবার নয়, বরং তার বন্ধুমহল ও শিক্ষাপ্রতিষ্ঠানও একজন আপনজনকে হারায়। তাদের আশঙ্কা, অপ্রতিমের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে অন্য কারও সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।
তারা বলেন, এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নতুন পে-স্কেলের মাধ্যমে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিবর্তন হয়নি, বরং অবসরভোগীদের পেনশনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে, কম পেনশন প্রাপ্ত অবসরভোগীদের জন্য বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। পেনশনের হার নির্ধারণ করা হবে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে।
যদি চাকরি পাঁচ বছর হয়, তাহলে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। চাকরিকাল বাড়ানোর সাথে সাথে পেনশনের হারও বৃদ্ধি পাবে। ১০ বছর চাকরিতে পেনশনের হার হবে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, এবং ২০ বছরে ৭২ শতাংশ। এছাড়াও, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে পেনশনের হার হবে ৯০ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার নতুন হিসাব প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকায় ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রয়েছে। তবে সর্বোচ্চ নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, যাদের পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার বেশি। অন্যদিকে, যারা বেশি পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে শতাংশের হার কম হলেও নির্ধারিত সীমার মধ্যে তাদের নিট পেনশন বৃদ্ধি পাবে।
অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ অবসরভোগীদের জন্য এসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন কাঠামোয় ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনকে ভিত্তি ধরে বৃদ্ধির হিসাব করা হবে। এ হিসাবে, ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া কেউ নতুন কাঠামোয় ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। আবার ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে, যদি কেউ এই সীমার বেশি নিট পেনশন পেয়ে থাকেন, তাহলে ১ জুলাই ২০২৭ পর্যন্ত তার বিদ্যমান নিট পেনশন বহাল থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে জানিয়েছেন যে, বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সকল ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন ব্যাপক সংখ্যক ভিসা ইস্যু করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপহাইকমিশনার এসব তথ্য তুলে ধরেন। এফবিসিসিআইয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকালে ভারতের উপহাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করার প্রয়োজনীয়তা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় পবনকুমার বাধে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার জন্য একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করার জন্য তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক মন্তব্য করেন যে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান এবং সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মন্তব্য করেছেন যে, একটি দলের লংমার্চে ডিসেম্বরে সরকারকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথা বলার মধ্যে একটি পতিত স্বৈরাচারের ফিরে আসার ইঙ্গিত রয়েছে।
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
নরসিংদী রেলস্টেশনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এই সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারাই বলেন তেল নাই অথচ আপনারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
মো. শরিফুল আলম বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি— আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাজের হিসাব দেব। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদেরকে সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন— ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের পুত্র। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারসহ দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। মুনশিদপুর এলাকায় পৌঁছানোর পর একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পর্যন্ত টেনে-হেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ