বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৫ পি.এম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) একটি অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে আসা এমারেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
এনবিআর জানায়, যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। তবে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়। অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম যখন গ্রিন চ্যানেল অতিক্রম করেন, তখন তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়। দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স এবং পেসার লুসি হ্যামিল্টনকে অন্তর্ভুক্ত করা হয়নি। আসন্ন সিরিজের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।
এই সিরিজটি ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষ হওয়ার পর অজি নারী দল সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, মলিনেক্স ও হ্যামিল্টন ওই টি-টোয়েন্টি সিরিজের জন্য চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন।
পিঠের চোটের কারণে তারকা বোলার ডারসি ব্রাউন পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ব্যাটার গ্রেস হ্যারিস সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
অনুশীলনের সময় বাঁ-হাতি বোলার হ্যামিল্টন ঊরুর পেশিতে চোট পান। তবে নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। অস্ট্রেলিয়ানদের হাতে বর্তমানে বাংলাদেশে বিপক্ষে পরপর তিনটি ম্যাচ খেলার জন্য ১২ জন সদস্যের একটি প্রাথমিক দল রয়েছে।
ফ্লেগলার আরও জানান, উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষ হওয়ার পর তারা স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যুক্ত করবেন। ডারসি ব্রাউন কিছুদিন বিশ্রামে থাকলেও, অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া ওমেনস বিগ ব্যাশ লিগে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দাবি করেছে, ময়মনসিংহের এক পরিবারের ৫ জনকে ইউরোপে পাঠানোর কথা বলে পাচারের ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার করা হয়েছে। তারা জানায়, এই পাচার চক্রটি এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে বলে তথ্য মিলেছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে, সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-৪ এই অভিযানে আরজুকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রাজধানীর বনানীর সি ব্লক থেকে এসআরবি-৪ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে আরজুকে আটক করা হয়।
মানবপাচারকারী চক্রের শিকার হওয়া কামরুন নাহার গত ১৬ জুলাই এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এই তদন্তের ধারাবাহিকতায় অভিযান পরিচালিত হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার আরজু চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা আদায় করতেন ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে। কিছু ক্ষেত্রে এই অর্থের পরিমাণ ৪০ লাখ টাকাও হতে পারে।
এনএসআই ও এসআরবি সূত্রের তথ্য অনুযায়ী, কামরুন নাহার, ফাতেমা, আনজুমান আরা, পারভেজ, ফিরোজ এবং মেহেদী হাসান সম্প্রতি এই চক্রের শিকার হয়ে সার্বিয়া ও বেলারুশের মাধ্যমে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
এসআরবি জানায়, ভুক্তভোগীদের প্রথমে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হতো। নেপাল বা শ্রীলঙ্কা হয়ে তাদের মিশর কিংবা লিবিয়ায় নেওয়া হতো। সেখান থেকে ঝুঁকিপূর্ণ নৌপথ পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করা হতো। তিন ভুক্তভোগী বিদেশে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হলেও এখনো দুজন বিদেশে আটকা পড়ে আছেন। কামরুন নাহারকে মিশরে পাঠানো হয়েছিল এবং আনজুমান আরা শ্রীলঙ্কায় আটকে ছিলেন। পরে দুজনই সহায়তার জন্য এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। আরজুর গ্রেপ্তারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০-৩৫ জন ভুক্তভোগী এসআরবির সঙ্গে যোগাযোগ করেছেন।
এসআরবি জানায়, তাদের অনেকেই বিদেশে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
এসআরবি জানায়, তারা আরও প্রায় ৩০০ সম্ভাব্য ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ রাখছে। বিভিন্ন ঘটনা, মামলা, অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের প্রাথমিক ধারণা—এই চক্রের হাতে পড়ে ২ হাজারের বেশি বাংলাদেশি প্রতারণা ও মানবপাচারের শিকার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু স্বীকার করেছেন যে, তিনি প্রায় ১২ বছর ধরে অবৈধ মানবপাচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি বিদেশে লোক পাঠানোর জন্য বিভিন্ন অনুমোদনহীন এজেন্সির নাম ব্যবহার করতেন। তদন্তকারীরা 'আরজু ইমিগ্রেশন লিমিটেড' এবং 'নাফিস এয়ার ইমিগ্রেশন লিমিটেড'-এর নাম ব্যবহারের তথ্য পেয়েছেন।
চক্রটি মূলত দেশের বেকার যুবক ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
এসআরবি আরও জানায়, আরজুর একটি ব্যাংক হিসাবে গত এক বছরে ১ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ভুয়া ভিসা ও কাগজপত্র ব্যবহার করে নারীদের বিদেশে পাচার করা এবং প্রলোভন দেখিয়ে নেওয়ার পর তাদের নিপীড়নের শিকার হতে বাধ্য করার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, অনেক নারীকে বন্দি করে রাখা হতো, শারীরিক নির্যাতন চালানো হতো এবং সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মিশরে থেকে কামরুন নাহার ও আনজুমান আক্তার পালিয়ে যেতে সক্ষম হন এবং পরে ভিডিওবার্তার মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা পরিবারকে জানান।
বেশ কয়েকজন নারী এখনো মিশরে আটকা পড়েছেন বা বন্দি অবস্থায় আছেন জানিয়ে এসআরবি বলছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এসআরবির তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মানবপাচার মামলায় সারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ২২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরজু রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার সহযোগী ও পাচার চক্রের অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ছাত্রী, বয়স ২১, অষ্টম তলার জানালা থেকে পড়ে গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাবা জানিয়েছেন, তার শরীরে একাধিক হাড় ভেঙেছে।
ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্রিস্টিন সার্জেন্ট বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাসের অষ্টম তলার কক্ষে খোলা জানালার পাশে একটি সোফার ওপর নাচছিলেন। একপর্যায়ে তিনি জানালার বাইরে পড়ে যান এবং নিচে ভবনের উঠান ও সুইমিং পুলের অংশে গিয়ে পড়েন।
অ্যাথেন্স-ক্লার্ক কাউন্টি পুলিশ জানায়, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিস্টিনকে সচেতন ও সজাগ অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্রিস্টিনের বাবা রিচার্ড সার্জেন্ট স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তার মেয়ে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তিনি কথা বলতে পারছেন এবং তার শরীরে একাধিক আঘাতের পাশাপাশি বেশ কয়েকটি হাড় ভেঙেছে। পরিবার তার সুস্থতার দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছে।
পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পড়ে যাওয়ার আগে ক্রিস্টিন কক্ষে লাফাচ্ছিলেন ও গান গাইছিলেন। একপর্যায়ে তিনি জানালার দিকে গিয়ে পর্দা ভেদ করে নিচে পড়ে যান। ছাত্রাবাসের অন্যান্য বাসিন্দারাও ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
পুলিশের তদন্তের পর জানানো হয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত। এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ আনার সম্ভাবনা নেই।
ঘটনার পর ছাত্রাবাসটির জানালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের সব জানালায় এমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা জানালা কতটা খোলা যাবে তা সীমিত করে। বাসিন্দাদের এসব নিরাপত্তা ব্যবস্থা নষ্ট, খুলে ফেলা বা অকার্যকর না করার জন্য সতর্ক করা হয়েছে।
তবে ক্রিস্টিন যেই জানালা দিয়ে পড়ে গেছেন, সেখানে থাকা ওই নিরাপত্তা ব্যবস্থা ঘটনাটিতে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা কর্তৃপক্ষ জানায়নি।
অ্যাথেন্স শহরের পশ্চিম ব্রড স্ট্রিটে অবস্থিত ছাত্রাবাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় তিন ব্লক দূরে। ভবনটিতে ৩৪২টি আবাসিক ইউনিট ও আটটি আবাসিক তলা রয়েছে। সেখানে ব্যায়ামাগার, বড় সুইমিং পুল, কফি বারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
ক্রিস্টিন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তার পরিবার ঘটনাটি জানার পর ভার্জিনিয়া থেকে জর্জিয়ার অ্যাথেন্সে ছুটে আসে।
ক্রিস্টিনের বাবা জানিয়েছেন, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের দলকে হারানোর পরই ঘটনাটি ঘটে। তবে ঘটনার ঠিক আগে কী হয়েছিল, সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।
মেয়ের শারীরিক অবস্থার দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে রিচার্ড সার্জেন্ট বলেন, তার মেয়ে লড়াই করে সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী।
সূত্র: ইউএসএ টুডে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: জুনিয়র ফায়ারম্যান
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা হিসেবে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে আগ্রহীদের জন্য।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল হবে ঢাকা, বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ