ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনভিডিয়া-কাণ্ডে আলিবাবার সহযোগী অ্যাপেক্স ও মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র


এনভিডিয়া-কাণ্ডে আলিবাবার সহযোগী অ্যাপেক্স ও মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবার সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ সলিউশনসকে কালো তালিকাভুক্ত করেছে। একইসাথে, এনভিডিয়ার অংশীদার প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালসহ আরও ছয়টি কোম্পানিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার (২৩ নভেম্বর) এই সিদ্ধান্তটি গ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত।

মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, মেগাস্পিড যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ব্যবহৃত উন্নত চিপ চীনে সরিয়ে নিয়েছে। এই কারণে প্রতিষ্ঠানটি ২০২৪ সাল থেকে তদন্তের আওতায় রয়েছে। কালো তালিকাভুক্ত হওয়ার ফলে, এসব প্রতিষ্ঠানকে এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও পণ্য আমদানি করতে বিশেষ অনুমোদন নিতে হবে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিতে পারে

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলিবাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে এনভিডিয়ার আনুষ্ঠানিক ক্লাউড পার্টনার হিসেবে কাজ করেছে মেগাস্পিড। ২০২৪ সালে, আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যাপেক্স মালয়েশিয়ায় তাদের সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে মেগাস্পিডকে ঋণ প্রদান করেছিল।

তবে, আলিবাবা অ্যাপেক্সকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপেক্স কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাধীন উন্নত চিপ অন্য কোথাও সরিয়ে নেয়নি। তারা এ সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে নিজেদের অধিকার ও সুনাম রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।

প্রায় দুই সপ্তাহ আগে, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। তবে, চীন এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করতে দেরি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ কয়েকজন কর্মকর্তা ও আইনপ্রণেতা। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা এনভিডিয়া এ তদন্তে কোনো প্রভাব বিস্তার করেছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন: মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত: ক্রেমলিন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং জানিয়েছেন, মেগাস্পিডের বিষয়ে তদন্ত অব্যাহত রাখবে তার দেশ। এর আগে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করে এবং অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করে।

উল্লেখ্য, মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তটি এমন সময়ে এল, যখন জেনসেন হুয়াংকে আবার এনভিডিয়ার সিইও পদে ফিরিয়ে আনা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৪৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৪৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে আজ ৪৪টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৮টি এবং আশুলিয়ায় ২৬টি কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। আশুলিয়ায় আরও ১০টি কারখানায় কর্মবিরতি চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি পোশাক কারখানায় কর্তৃপক্ষের নির্দেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে গাজীপুরের শ্রীপুরের কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে তারা শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল শুরু করেন।

এদিকে, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারার আওতায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া চারটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মৌখিকভাবে দুটি কারখানা বন্ধের ঘোষণা এসেছে। শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


আজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আজ মঙ্গলবার, তৈরি পোশাকশিল্পের সকল শ্রেণির শ্রমিক এবং কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে চতুর্থ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের। এই সভাটি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার, নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশে সভার বিষয়ে জানানো হয়েছে। নোটিশে শ্রমিক এবং মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য। তবে, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায়, নিম্নতম মজুরি বোর্ড ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই কারণে আজকের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজকের সভায়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরির লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, এই শিল্পের সকল শ্রেণির শ্রমিক এবং কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


শেখ হাসিনাকে দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ হাসিনার দেশে ফেরার আবদার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।"

শামা ওবায়েদ আরও বলেন, "কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।"

তিনি উল্লেখ করেন, "শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সময় নষ্ট হচ্ছে সবার।"

ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলাপ করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।

মো. আসাদুজ্জামান বলেন, "সাইবার আইনের সব কিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো ভেইগ টার্ম থাকবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সাথে চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সাথে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্দেশ্যে, দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে সম্পন্ন হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

যখন হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবে, তখন নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে সক্ষম হবেন।

এটি নাগরিকদের জন্য ভূমিসেবা পেতে বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না।

ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত।

যুগের পরিবর্তনের সাথে সাথে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। ইউএনডিপির সাথে সরকারের এই চুক্তি আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী।

তিনি আরও বলেন, নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।

ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারোরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি।

নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা কখনোই টেকসই হতে পারে না।

ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এর ফলে একদিকে যেমন ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, আমাদের সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়।

ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%