ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের কর্নেলে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ: দুই বছর পর নতুন তদন্ত শুরু


যুক্তরাষ্ট্রের কর্নেলে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ: দুই বছর পর নতুন তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বিরুদ্ধে ২০২৪ সালে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্কের টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয়। সাম্প্রতিক একটি দেওয়ানি মামলায় নতুন অভিযোগ ও তথ্য সামনে আসার পর মামলাটি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ .

২০২৪ সালের অক্টোবরে কর্নেলের চি ফাই ভ্রাতৃসংঘের ভবনে এক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে ওই নারীকে মামলার নথিতে ‘জেন ডো’ নামে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি করা দেওয়ানি মামলায় তিনি অভিযোগ করেন, তাকে মাদক প্রয়োগ করে সাতজন সাবেক ও বর্তমান সদস্য যৌন নিপীড়ন করেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তবে ২০২৪ সালে অভিযোগ পাওয়ার পর সে সময় কোনো ফৌজদারি মামলা করা হয়নি। টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেনের দাবি, তখন পুলিশের কাছে দেওয়া ওই নারীর বক্তব্যে তাকে জোর করে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা বা অজান্তে মাদক দেওয়ার কথা উল্লেখ ছিল না। তার বক্তব্য অনুযায়ী, ওই বিবৃতিতে যৌন কর্মকাণ্ড ও মাদক গ্রহণকে স্বেচ্ছাসম্মত হিসেবে বর্ণনা করা হয়েছিল।

ভ্যান হাউটেন বলেন, সে সময় পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ আনার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি তার কার্যালয় দেখেনি। তিনি আরও জানান, নতুন দেওয়ানি মামলায় ওঠা অভিযোগ ও তথ্য আগের তদন্তের সঙ্গে মিলিয়ে এখন আবার বিষয়টি পরীক্ষা করা হবে।

অন্যদিকে ওই নারীর আইনজীবী থমাস জিউফরা জেলা অ্যাটর্নির বক্তব্যের বিরোধিতা করেছেন। তার দাবি, প্রাথমিক অভিযোগ দেওয়ার পর ওই নারীর সঙ্গে যথাযথভাবে আর কথা বলা হয়নি এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তদন্তকারীর মাধ্যমে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হয়নি। তিনি আরও বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তাগোষ্ঠীর ছবিও কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল।

জেলা অ্যাটর্নি জানিয়েছেন, তার কার্যালয় ওই বার্তাগোষ্ঠীর ছবিটি আগে পায়নি। তবে তিনি বলেছেন, নতুন করে পাওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে তদন্ত পুনরায় করা প্রয়োজন কি না, সেটিই এখন যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এদিকে কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা জেলা অ্যাটর্নির তদন্ত পুনরায় শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, ২০২৪ সালের ঘটনার পর তারা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তদন্ত চালিয়েছিল। সেই প্রক্রিয়ায় কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও সাময়িক বরখাস্তসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। চি ফাইয়ের সংশ্লিষ্ট শাখাটিও ২০২৪ সালে বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে ক্যাম্পাসে নিষিদ্ধ রয়েছে।

অভিযোগে নাম থাকা কয়েকজনের আইনজীবী অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, দেওয়ানি মামলায় বর্ণিত ঘটনা ঘটেনি। ফলে নতুন তদন্তে অভিযোগ, আগের বক্তব্য এবং নতুন করে সামনে আসা প্রমাণ—সবকিছুই পর্যালোচনা করা হবে।

জেলা অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, জেন ডোর সঙ্গে কথা বলে নতুন তথ্য সংগ্রহের পর মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স উপলব্ধ থাকবে। জরুরি সেবা রাতের বেলাতেও পাওয়া যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান মন্তব্য করেন, "শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।" তিনি আরও বলেন, "রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল।" বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি পরিবহণ শাখা পরিচালকের সঙ্গে আলোচনা করেন।

তিনি জানান, "শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে।" রাতেও জরুরি সেবা পাওয়া যাবে।

বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, "শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য।" পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে, যাতে কোনো শিক্ষার্থীকে আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ঢাকার আকাশ কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা হতে পারে, তবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বাতাস পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড নেই। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৮ মিনিটে হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় ডেঙ্গুর প্রকোপ, ৩ জেলায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ফ্লোরিডায় ডেঙ্গুর প্রকোপ, ৩ জেলায় জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই বছরের শুরু থেকে অঙ্গরাজ্যটিতে ৩৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিলসবরো ও পিনেলাস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর এক দিন পূর্বে পাশের পাসকো কাউন্টি একই ঘোষণা দেয়। ডেঙ্গুর বিস্তার রোধে এসব এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে।

ফ্লোরিডার পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হিলসবরো কাউন্টি। এই কাউন্টির অন্তর্ভুক্ত টাম্পা এলাকায় এ বছর এখন পর্যন্ত ১৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই সংক্রমণের বৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে, ডেঙ্গুতে ফ্লোরিডায় একজনের মৃত্যু ঘটেছে। টাম্পার ৮০ বছর বয়সী গে স্মল নামের এক নারী গত ৪ সেপ্টেম্বর মারা যান। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বাড়ির আশপাশে মশার কামড়ের কারণে তার ডেঙ্গু হয়েছিল।

ফ্লোরিডায় অতীতে ডেঙ্গুর বেশিরভাগ সংক্রমণ বিদেশ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে চলতি বছরের জুলাই মাস থেকে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

ডেঙ্গুর বিস্তার রোধে হিলসবরো কাউন্টিতে মশা নিয়ন্ত্রণের জন্য নিচু দিয়ে উড়তে সক্ষম হেলিকপ্টার ব্যবহার করে আক্রান্ত এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় কিছু ব্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পিনেলাস কাউন্টিতেও মশা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করছেন এবং প্রয়োজন অনুযায়ী সেখানে ব্যবস্থা নিচ্ছেন।

কীভাবে ছড়ায় ডেঙ্গু

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উষ্ণমণ্ডলীয় এলাকায় এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে স্থানীয়ভাবে ডেঙ্গুর সংক্রমণ ঘটে, যার মধ্যে ফ্লোরিডা অন্যতম।

বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুতে গুরুতর উপসর্গ দেখা যায় না। তবে আক্রান্ত ব্যক্তির জ্বর, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে লালচে দাগ দেখা দিতে পারে। বিরল ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

ডেঙ্গু থেকে বাঁচতে মশা প্রতিরোধক ব্যবহার, হাত-পা ঢেকে রাখে এমন পোশাক পরা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। জমে থাকা পানিতেই মশা বংশবিস্তার করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিক মো. হিরন মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিক মো. হিরন মিয়ার মৃত্যু

মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে। বাংলাদেশ সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের পুত্র। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানে একটি বাগানে কাজ করতেন।

হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন হিরন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানায়। বর্তমানে হিরনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন বিদেশে যাওয়ার জন্য অনেক ঋণ করেছিলেন এবং কষ্টের মাধ্যমে সেখানে পৌঁছান। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তার পরিবার শোকের মধ্যে রয়েছে।

হিরন চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণির শিক্ষার্থী, দুই মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী হ্যাপি আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%