০৮:৪২ পি.এম
দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্যসম্পদ রক্ষার উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ১৭৪টি ‘চায়না দুয়ারি’ বা রিং জাল ও ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার, ২৯ জুলাই, দুপুরে জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানটি মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত হয় এবং জেলার নয় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) ও ৫২টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দ করা সমস্ত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির মতো ক্ষতিকর জাল নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছকে ধ্বংস করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করছে। তিনি মৎস্যসম্পদ রক্ষা একটি জাতীয় দায়িত্ব উল্লেখ করে বলেন, অবৈধ জালের ব্যবহার বা ব্যবসায় ক্ষেত্রে কোনো ধরনের ছাড় প্রদান করা হবে না। তিনি এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান।
জেলা প্রশাসন জানায়, অভিযানে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন