ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়


দেশে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়

গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শুক্রবার (২ অক্টোবর) একই দামে সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে।

এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি নিউজ/এসআর

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণ মামলায় নতুন তদন্তকারী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণ মামলায় নতুন তদন্তকারী নিয়োগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন বা ধর্ষণ ও মাদক খাওয়ানোর অভিযোগের তদন্তের জন্য স্থানীয় জেলা অ্যাটর্নিকে সরিয়ে বিশেষ জজ হিসেবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বৃহস্পতিবার (১ অক্টোবর) এই নিয়োগের ঘোষণা দেন। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃসংঘের একটি ভবনে ধর্ষণ ও মাদক খাওয়ানোর অভিযোগ তোলা ওই শিক্ষার্থীর মামলার তদন্ত সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গভর্নর হকুল মন্তব্য করেন, সম্প্রতি প্রকাশিত তথ্য তদন্তের প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। এর ফলে তার এবং সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অভিযোগকারী নারী সত্যের প্রতিটি দিক খতিয়ে দেখার অধিকার রাখেন এবং ন্যায়বিচারের চেষ্টা করা হচ্ছে।

অভিযোগকারী নারীকে মামলায় জেন ডো নামে উল্লেখ করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়, ভ্রাতৃসংঘের সাত সদস্যসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, ২০২৪ সালে ভ্রাতৃসংঘের একটি ভবনে তাকে গণধর্ষণ, যৌন নিপীড়ন এবং মাদক খাওয়ানো হয়। এ ঘটনায় এখনো কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের পুলিশের কাছে অভিযোগ করেন। পরে টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয় বিষয়টি তদন্ত করে। ওই সময় জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন জানিয়েছিলেন, ফৌজদারি অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

তবে চলতি সপ্তাহে ভ্যান হাউটেনের কার্যালয় মামলাটি পুনরায় পর্যালোচনা করার কথা জানায়। একই সঙ্গে তিনি আগের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ২০২৪ সালে পুলিশের কাছে দেওয়া ওই নারীর বক্তব্যে মাদক গ্রহণ ও যৌন কর্মকাণ্ডে তার অংশগ্রহণকে স্বেচ্ছায়, সচেতন ও সম্মতিপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী থমাস গুইফ্রা বিশেষ জজ নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, জেলা অ্যাটর্নি ভ্যান হাউটেনের মাধ্যমে মামলাটি সক্রিয়ভাবে তদন্ত ও বিচারের বিষয়ে তাদের আস্থা ছিল না।

গুইফ্রার দাবি, ভ্যান হাউটেনের কার্যালয় যে নথি পেয়েছিল, সেখানে অভিযোগকারী নারী পুলিশের কাছে নিজেকে ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে নিশ্চিত বলে যে বক্তব্য দিয়েছিলেন, সেটি তিনি পর্যালোচনা করেননি। এ বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী।

তবে ভ্যান হাউটেন বুধবার জানিয়েছেন, ওই নির্দিষ্ট অভিযোগটি কর্নেল পুলিশের কাছ থেকে তার কার্যালয়ে পাওয়া লিখিত বক্তব্যে ছিল না। অভিযোগকারীর পুলিশের কাছে দেওয়া সম্পূর্ণ সাক্ষাৎকারের প্রতিলিপি স্বাধীনভাবে যাচাই করেনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

গভর্নর হকুল জানিয়েছেন, বিশেষ জজ হিসেবে লেটিশিয়া জেমস পুরো ঘটনা তদন্ত করবেন। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে এবং গ্র্যান্ড জুরির কাছে প্রমাণ উপস্থাপন করতে পারবেন।

লেটিশিয়া জেমস বলেন, কোনো অপরাধের অভিযোগ জানালে তা পূর্ণাঙ্গ ও ন্যায়সংগতভাবে তদন্ত করা হবে—এমন আস্থা প্রত্যেক নিউইয়র্কবাসীর থাকা উচিত। গভর্নর তার কার্যালয়কে এই তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানান তিনি।

কর্নেল বিশ্ববিদ্যালয়ও স্বাধীন তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গভর্নর হকুলের সিদ্ধান্তকে তারা সমর্থন করছে এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের হাতে মামলাটি দেওয়ার বিষয়েও তাদের সমর্থন রয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট ভ্রাতৃসংঘের জাতীয় সংগঠন জানিয়েছে, মামলা চলমান থাকায় নির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা মন্তব্য করতে পারবে না। তবে অভিযোগগুলোকে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাতৃসংঘটির স্থানীয় শাখার কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যদি সবকিছু ঠিক থাকে, তবে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এরপর, শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। প্রকল্প সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে।

বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তার বিরুদ্ধে শ্বাসরোধ করে মারধর এবং মারধরের অভিযোগে মামলা করা হয়।

রিক রসের আসল নাম উইলিয়াম লিওনার্ড রবার্টস দ্বিতীয়। ৫০ বছর বয়সী এই র‌্যাপারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৮ আগস্ট মিয়ামি বিচের স্টার আইল্যান্ডে নিজের বাড়িতে এক নারীর সঙ্গে বিবাদের সময় তাকে একাধিকবার মারধর করেন তিনি।

পুলিশের নথি অনুযায়ী, ওই নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি পুলিশকে জানান। তার অভিযোগ, সেদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে চিহ্নিত করা নিয়ে রিক রস ক্ষুব্ধ হন। তিনি ওই নারীকে মিথ্যা বলার অভিযোগ করে মুখে চড় মারেন।

পরে ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগও করেন রিক রস। যদিও ওই নারী পুলিশকে জানান, ওই ব্যক্তির সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর রিক রস ওই নারীর বুকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে তার পরা পোশাকের কলার পেঁচিয়ে শ্বাস নিতে বাধা দেন। পরে চুলের বেণি ধরে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ওই নারী পুলিশকে জানান, তিনি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আবার সেখানে ফিরে এসে রিক রস বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করেন এবং এরপর নিজের জিনিসপত্র নিয়ে চলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তারা প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগকারী নারী পুলিশকে একটি লিখিত জবানবন্দি ও আঘাতের ছবি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

এদিকে রিক রস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী স্টিভ স্যাডো ও ব্র্যাডলি হোরেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, সাবেক এক বান্ধবী তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছেন। তাদের দাবি, তার অভিযোগের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়।

আইনজীবীরা আরও বলেন, রিক রস নির্দোষ এবং অভিযোগগুলো অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্ধু, ভক্ত ও সাধারণ মানুষকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধও জানিয়েছেন তারা।

কারাগারের নথি অনুযায়ী, শ্বাসরোধ করে মারধরের অভিযোগে রিক রসের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। অন্য মারধরের অভিযোগে জামিনের অর্থ ১ হাজার মার্কিন ডলার।

কারাগার থেকে বের হওয়ার সময় রিক রস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি আরও জানান, শুক্রবার (২ অক্টোবর) দুবাই এবং শনিবার (৩ অক্টোবর) প্যারিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

২০০৬ সালে প্রকাশিত ‘হাসলিন’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান রিক রস। অ্যাস্টন মার্টিন মিউজিক ও স্টে স্কিমিনসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্যও পরিচিত তিনি। সংগীতজীবনে নয়বার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এই র‌্যাপার।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে কেক কাটেন এবং বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে, সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এসআই মোরশেদ আলম বাদী হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাজী নজরুল ইসলাম কামালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় আসামি হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মজুমদার রয়েছেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন মোরশেদ, আলমগীর হোসেন জাহিদ ও আওয়ামী লীগ নেতা মজিদসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে আসছে।" থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকি চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার প্রধান আসামি হওয়ার বিষয়ে সাবেক মেয়র মিজানুর রহমান মন্তব্য করেন, "বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমনের উদ্দেশ্যে মিথ্যা, কাল্পনিক ও আজগুবি মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করার জন্য মাঠে নেমেছে।" তবে তিনি বলেন, "এসব অপচেষ্টা করে কখনোই মুজিব আদর্শের নেতাকর্মীদের দূরে সরানো যাবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%