০৮:০৬ পি.এম
দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনাতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এই অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের কর্তব্য হচ্ছে তাদের নিজ নিজ মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।
নির্দেশনাতে আরো উল্লেখ করা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব মাদরাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্ব প্রদান করবেন। সেই সঙ্গে এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন