বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
লিওনেল মেসি তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক অর্জন করলেন। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করার ম্যাচে তিনি দলের জন্য আরেকটি শিরোপা জিতিয়ে দিলেন। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস কাপের শিরোপা নিজেদের করে নিল ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির জয়ের নায়ক ছিলেন মেসি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে আর্জেন্টাইন তারকা দলকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে তিনি মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসির গোলের পর নির্ধারিত সময়ের শেষ দিকে কাসেমিরো হেডে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের অধীনে এটি ছিল তার প্রথম ম্যাচ। অভিষেকেই কোচকে শিরোপা উপহার দিলেন মেসিরা।
ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোল করেছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছাতে এর চেয়ে কম ম্যাচ তার ক্যারিয়ারে আর লাগেনি। বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচ এবং আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচ খেলে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ইতিহাসে নতুন নতুন অধ্যায় রচনা করে চলেছেন মেসি। মায়ামির হয়ে তার ১০০ গোলের মধ্যে ৭৬টি এসেছে এমএলএসে, ১৪টি লিগস কাপে, ৮টি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপে।
নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৯।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের সার্বিক উন্নয়নে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ।
জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তার দপ্তরে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ এবং এ খাতের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বৈঠকে জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায়। আন্তর্জাতিক মানসম্পন্ন এসব নৌযান দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
চীনা প্রতিষ্ঠানটির এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।
একইসঙ্গে তিনি আশ্বাস দেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানির উদ্যোগ সফল করতে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের আশা, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে জাহাজ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বয়স ৪০ বছর হতে চলেছে। তবে মাঠে লিওনেল মেসির প্রভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গোলের পর গোল করে তিনি যেমন রেকর্ডের পাতাগুলোকে সমৃদ্ধ করছেন, তেমনি একের পর এক শিরোপা যোগ করে চলেছেন নিজের উজ্জ্বল ক্যারিয়ারে। আজ ভোরে বাংলাদেশ সময় ক্যাম্পিওনেস কাপ জিতে আর্জেন্টিনার এই মহাতারকা ৪৮তম শিরোপার মালিক হয়েছেন।
মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামি মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে পরাজিত করেছে। দলের দুই গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। তিনি একটি গোল করেছেন নিজেই এবং অন্যটি করিয়েছেন কাসেমিরোর মাধ্যমে। এই জয়ের ফলে ইন্টার মায়ামির হয়ে মেসির শিরোপার সংখ্যা এখন চারটি।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৩৫টি শিরোপা তিনি জিতেছেন বার্সেলোনার হয়ে। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে খেলার সময় মেসি ১০ বার লা লিগা, ৮ বার স্প্যানিশ সুপার কাপ এবং ৭ বার কোপা দেল রে জিতেছেন।
বার্সেলোনার হয়ে তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ, তিনবার করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জয়ের অভিজ্ঞতাও অর্জন করেছেন। ২০২০-২১ মৌসুমে কোপা দেল রে জিতে বার্সেলোনার অধ্যায় শেষ করেন মেসি।
জাতীয় দলের হয়ে মেসির সবচেয়ে বড় অর্জন ২০২২ কাতার বিশ্বকাপ। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জিতে তিনি আজন্মলালিত স্বপ্ন পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে। এর আগে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা জিতেছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে তাঁর শিরোপার তালিকায় বয়সভিত্তিক পর্যায়ের অর্জনও রয়েছে। ২০০৫ সালে আর্জেন্টিনা অনূর্ধ-২০ দলের হয়ে ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০০৮ সালে অনূর্ধ-২৩ দলের হয়ে অলিম্পিক স্বর্ণপদকও অর্জন করেন।
বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দুই মৌসুম খেলে তিনটি শিরোপা জেতেন মেসি।
এরপর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন। ক্যাম্পিওনেস কাপের আগে মেসির হাতে উঠেছে লিগস কাপ, মেজর লিগ সকারের সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপের শিরোপা।
মেসির যত শিরোপা
বার্সেলোনা ৩৫
লা লিগা ১০
স্প্যানিশ সুপার কাপ ৮
কোপা দেল রে ৭
চ্যাম্পিয়নস লিগ ৪
উয়েফা সুপার কাপ ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩
পিএসজি ৩
লিগ ওয়ান ২
ট্রফি দেস চ্যাম্পিয়ন ১
ইন্টার মায়ামি ৪
লিগস কাপ ১
এমএলএস কাপ ১
সাপোর্টার্স শিল্ড ১
ক্যাম্পিওনিস কাপ ১
আর্জেন্টিনা ৪
বিশ্বকাপ ১
কোপা আমেরিকা ২
ফিনালিসিমা ১
আর্জেন্টিনা অনূর্ধ-২০ ২০০৫ যুব বিশ্বচ্যাম্পিয়ন
আর্জেন্টিনা অনূর্ধ-২৩ ২০০৮ অলিম্পিক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল রাতে। এই ঘটনার পর সংগঠনটির কেন্দ্রীয় সংসদ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে।
শোকজ প্রাপ্ত দুই নেতার মধ্যে একজন হলেন— জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং অপরজন ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রদত্ত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ওই ঘটনায় তাদের দায়িত্বশীল পদে অবস্থানকালে কি ভূমিকা ছিল এবং তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এই নোটিশটি জারি করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সমন্বিত কার্যক্রমের নির্দেশনা প্রদান করেছেন। লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ করার পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা প্রদান করা হয়। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, সংস্কার ও পরিবেশগত উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর আগে জুলাই মাসে ধানমণ্ডি ও গুলশান লেকের উন্নয়ন এবং অবৈধ বর্জ্য সংযোগ বন্ধে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ এবং পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় যে, গুলশান লেকে পয়ঃবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টের মাধ্যমে লেকে দূষিত পানি ও পয়ঃবর্জ্য প্রবেশ করছে। সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর সামনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে।
লেকের দূষণ রোধে পয়ঃবর্জ্য প্রবেশের পথ বন্ধ করা, ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান স্যুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে স্যুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়া তৈরির বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।
লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে ভাসমান বর্জ্য অপসারণে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে লেকের তলদেশে জমে থাকা স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।
এছাড়া লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি স্যানিটেশন নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয় যে, রাজউকের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ইতোমধ্যে ৪২ জন জনবলের সমন্বয়ে পাঁচটি বিশেষ টিম নিয়োজিত করা হয়েছে।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ