শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১৩ এম
নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান প্রদান করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।
এই সহায়তা নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন এবং এই সহায়তার বিষয়টি তাকে অবহিত করেন।
এর আগে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদও একটি শোক প্রস্তাব গ্রহণ করেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা ব্রনওয়েন জেমসের (৩০) বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশটির আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উল্লেখ করেছেন, ওই শিক্ষিকা একান্তে থাকাকালীন তরুণ ছাত্রকে ‘‘মিস’’ বলে ডাকার নির্দেশনা দিতেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যালয়ে চাকরিকালীন ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
উইনচেস্টার ক্রাউন আদালতে শুনানির সময় প্রসিকিউটর এডওয়ার্ড কালভার বলেন, শুরুতে ওই ছাত্রের স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরবর্তীতে জেমস তা গ্রহণ করেন। এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা বিনিময় শুরু হয়, যা ক্রমান্বয়ে প্রেমালাপে পরিণত হয়।
প্রসিকিউটর আদালতে জানান, তারা একে অপরকে বার্তা পাঠাতে শুরু করে এবং সেসব বার্তা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতরে একে অপরকে চুম্বন করেন।
শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার চলাকালীন একদিন এই জুটি স্পর্শ ও চুম্বনের পর শারীরিক সম্পর্ক স্থাপনে লিপ্ত হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, ব্রনওয়েন কিশোর শিক্ষার্থীর সঙ্গে অত্যন্ত সংবেদনশীল সম্পর্ক গড়ে তোলেন; এমনকি তিনি তাকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বলেছেন, শুরুতে শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ‘ভালো মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ব্যক্তিগত মেলামেশার সময়ও জেমস তাকে শিক্ষিকা হিসেবে ‘মিস’ বলে সম্বোধন করার নির্দেশনা দিতেন।
বিটার্ন পার্ক স্কুলে কর্মরত অবস্থায় এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে জেমসের বিরুদ্ধে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।
বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন জুরিদের শপথ গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার থেকে পুনরায় এই মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। এর ফলে বিভ্রান্তি ও জটিলতা প্রতিনিয়ত বাড়ছে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানও বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। এসব প্রতারণা রোধে ফেসবুক এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে।
সম্প্রতি এনগ্যাজেটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করার উদ্দেশ্যে ফেসবুক বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিচ্ছে।
ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীদের প্রোফাইলের সত্যতা নিশ্চিত করবে। এটি দেখাবে যে, ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত অর্থেই একজন মানুষ কিনা। তবে, মেটার সাবস্ক্রিপশন সার্ভিস মেটা ভেরিফায়েডের থেকে ভিন্ন। এটি শুধুমাত্র সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
ফ্রিতে ফেসবুক আইডি ভেরিফায়েড করার নিয়ম:
মেটার নতুন ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে। ভিডিওটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
যারা পাবেন এই ভেরিফায়েড ব্যাজ:
ফেসবুক ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থাকা যাবে না। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে, যেমন- প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ে।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এআইয়ের মাধ্যমে বর্তমানে সহজেই ভুয়া ছবি-ভিডিও, ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা সম্ভব। এর ফলে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন, ওই ব্যক্তি বাস্তবে মানুষ কি না।
তবে মেটা স্পষ্ট করে বলেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা প্রদান করে না। এটি কেবল ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রমাণস্বরূপ। এজন্য অনলাইনে কোনো ধরনের লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা প্রয়োজন।
অবশ্য, ফেসবুকের এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ একসঙ্গে সব দেশের ব্যবহারকারীরা পাবেন না। এটি ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি দেশে চালুর পর ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য দেশেও পরিষেবাটি চালু করা হবে। তবে, প্রথমে কোন দেশে চালু হবে, সেটি এখনো জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাইকোর্ট রায় দিয়েছে যে, অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রায় প্রদান করে।
রিটকারি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে যে, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। এছাড়া, স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকো আইনগত কার্যকারিতাহীন বলে বিবেচিত হয়েছে।
এই রায়ের ফলে, অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। আইন দ্বারা সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে ভ্যাট থেকে অব্যাহতি দিলে, কেবল অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে সেই সম্পত্তির ওপর নতুন করদায় সৃষ্টি করা যায় না বলে জানান রিটের পক্ষের আইনজীবীরা।
আদালতে নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব এবং এডভোকেট সাজিদ হাসান। অপরদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশ দলের মূল পর্বে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। এরই মধ্যে চাকরি হারিয়েছেন বাংলাদেশ কোচ জেরাড জোন্স।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে জেরাড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
এ ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে হারের পর সিরিয়া ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সেই ম্যাচেও বাংলাদেশ দল বাজেভাবে পরাজিত হয়েছে। তাই কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাফুফে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ