ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন, ঘটনা কী


নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন, ঘটনা কী

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে একটি অলৌকিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবল স্রোতে আশপাশের ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেলেও একটি সবুজ রঙের দোতলা বাড়ি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। পরবর্তীতে জানা যায়, ওই বাড়ির ভেতরে আটকে থাকা পরিবারের সব সদস্যই জীবিত ও নিরাপদে উদ্ধার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তীব্র গতিতে কাদা-পানির স্রোত বয়ে যাচ্ছে। স্রোতের তোড়ে একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে পড়ছে কিংবা ভেসে যাচ্ছে। বিশাল ধ্বংসাবশেষও পানির সঙ্গে ভেসে যেতে দেখা যায়।

তবে ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেও সবুজ রঙের দোতলা বাড়িটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল। চারপাশ দিয়ে প্রবল স্রোত বয়ে গেলেও বাড়িটির বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে বলে ভিডিওতে দেখা যায়নি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

বাড়িটি টিকে গেলেও ভেতরে একটি পরিবার আটকা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ সৃষ্টি হয়। ভিডিও দেখে অনেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং তাদের জন্য প্রার্থনা করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আরও একটি ভিডিও। সেখানে দাবি করা হয়, সবুজ বাড়িটির ভেতরে আটকে থাকা পরিবারের প্রত্যেক সদস্যই জীবিত রয়েছেন এবং নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে। এই খবরে উদ্বিগ্ন নেটিজেনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনার ভিডিওগুলো ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন। বাড়িটি কীভাবে এমন ভয়াবহ পানির স্রোতের মধ্যেও টিকে গেল, তা নিয়েও আলোচনা চলছে।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মনে কী ধরনের আতঙ্ক কাজ করছিল, তা কল্পনা করাও কঠিন। তার মতে, পরিবারটির সদস্যদের সাক্ষাৎকার নেওয়া উচিত।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আরেকজন লেখেন, ভয়াবহ বন্যার মধ্যেও বাড়িটির টিকে থাকা শক্তিশালী ও টেকসই নির্মাণের গুরুত্ব তুলে ধরে। বাড়িটির নির্মাণশৈলীর প্রশংসা করে এক নেটিজেন মন্তব্য করেন, যিনি এই ভবনটি তৈরি করেছেন, তাকে স্যালুট।

পরিবারটির নিরাপদে উদ্ধার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে আরেকজন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

ভয়াবহ বন্যায় চারপাশের ধ্বংসযজ্ঞের মধ্যে সবুজ বাড়িটির দাঁড়িয়ে থাকা এবং ভেতরে থাকা একটি পরিবারের সবাই নিরাপদে বেরিয়ে আসার ঘটনা তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার অন্যতম বিষয়।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুরক্ষা দেবে যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


অ্যানড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুরক্ষা দেবে যেভাবে

ব্যবহারকারীদের উদ্বেগ দিন দিন বাড়ছে স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে। এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে গুগল অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন কিছু নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের সুরক্ষা বাড়াতে সহায়তা করবে। নতুন সংস্করণে কিছু সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যা ব্যবহারকারীর সিদ্ধান্ত নেওয়ার আগে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর হবে।

সাধারণভাবে স্মার্টফোনের গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন অ্যাপের অনুমতি, অ্যাকাউন্ট সেটিংস, লোকেশন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা অপশন ব্যবহারকারীকে নিজেই পরিচালনা করতে হয়। তবে অ্যান্ড্রয়েড ১৭-তে এই ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার ডিফল্টভাবে সক্রিয় থাকবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত স্পষ্ট ঝুঁকির ক্ষেত্রে ডিফল্টভাবেই ব্যবহারকারীকে সুরক্ষিত রাখা এবং কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় ব্যবহারকারীর অনুমতি চাওয়া।

ওটিপিতে বাড়তি সুরক্ষা

অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষায় এসেছে। নতুন ব্যবস্থায় ওয়েবওটিপি বার্তাও বাড়তি সুরক্ষার আওতায় এসেছে।

যদি কোনো অ্যাপ ব্যবহারকারীর বার্তা পড়ার অনুমতি পায়, তবে বার্তায় থাকা নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে অ্যাপটির সম্পর্ক না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অ্যাপ প্রোগ্রামেটিকভাবে ওটিপি সংগ্রহ করতে পারবে না। ফলে অন্য কোনো অ্যাপ গোপনে ভেরিফিকেশন কোড পড়ে নেওয়ার ঝুঁকি কমে যাবে।

ফোন চুরি বা ছিনতাইয়ের পর নিরাপত্তা নিশ্চিত করতেও অ্যান্ড্রয়েড ১৭-তে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সংস্করণে ‘থেফট ডিটেকশন লক’ ও ‘রিমোট লক’-এর মতো নিরাপত্তা ব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকবে।

এছাড়া পিন ও পাসওয়ার্ড ভুলভাবে দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর সীমা এবং দীর্ঘ বিরতির ব্যবস্থা রাখা হবে। এর ফলে চোরেরা বারবার পিন বা পাসওয়ার্ড দিয়ে ফোনের লক ভাঙার চেষ্টা করতে পারবে না।

অ্যান্ড্রয়েড ১৭-তে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করলেও ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে।

লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের মতো সংবেদনশীল অনুমতির ক্ষেত্রে ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ফিচারের মাধ্যমে পুরো অ্যাড্রেস বুক কোনো অ্যাপের কাছে তুলে না দিয়ে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্টের তথ্য বেছে দেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া নতুন লোকেশন বাটনের মাধ্যমে ব্যবহারকারী বর্তমান সেশনের জন্য নির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস দেওয়ার সুযোগ পাবেন। ফলে অ্যাপকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দেওয়ার ঝুঁকি কমবে।

নতুন এসব ব্যবস্থার মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭-তে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা আরও স্বয়ংক্রিয় এবং কার্যকর করার চেষ্টা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


২৪ ঘণ্টায় মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ২ জেলার কিছু নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলের এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী ৩ দিনের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায়, আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কিছু অংশে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিনে স্থিতিশীল ও তৃতীয় দিনে হ্রাস পেতে পারে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৪ দিনে বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, তবে দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিনে বৃদ্ধি পেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানহাটনে গোপন রাখা হচ্ছে বাড়ির বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ম্যানহাটনে গোপন রাখা হচ্ছে বাড়ির বিজ্ঞাপন

আপনি হয়তো ভাবছেন যে যেকোনো সাধারণ ওয়েবসাইটে খুঁজলেই সব বাড়ির খোঁজ পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নিউ ইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেট বাজারের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘কম্পাস’ বর্তমানে গোপন বিজ্ঞাপনের মাধ্যমে একচেটিয়া ব্যবসা সম্প্রসারিত করছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ব্রোকারেজ হাউসটি এনওয়াইসি-র ম্যানহাটন এলাকায় রিয়েল এস্টেট বাজারের প্রায় ৮০% এবং অন্যান্য বড় নগরীগুলোতে ৬০% থেকে ৮০% পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের বিশাল ক্ষমতা ব্যবহার করে অসংখ্য বাড়ির তথ্য সাধারণ অনলাইন ডাটাবেজে প্রকাশ না করে গোপন রাখছে। ফলে, নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে না গেলে সাধারণ ক্রেতারা এসব বাড়ির কোনো খোঁজই পাচ্ছেন না।

আবাসন বিশ্লেষক জোনাথন মিলার এই পরিস্থিতিকে ক্রেতাদের জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে বলেন, ‘ক্রেতারা যখন কোনো ওয়েবসাইটে বাড়ি খোঁজেন, তখন তারা জানেনই না যে বিশাল সংখ্যার আবাসন গোপন রাখা হয়েছে। এটি মূলত ক্রেতাদের সাধারণ যেকোনো এজেন্টের কাছে যাওয়ার স্বাধীনতা কেড়ে নিচ্ছে।’

কম্পাস দাবি করেছে, প্রথমে তাদের নিজস্ব এজেন্সির ভেতরের ৩ লাখ ৪০ হাজার এজেন্টের কাছে ‘প্রাইভেট এক্সক্লুসিভ’ হিসেবে গোপন রেখে বাড়ি বিক্রি করলে তা ৩৪% দ্রুত বিক্রি হয় এবং ৪.৬% বেশি দাম পাওয়া যায়। তবে সমালোচকেরা এই ব্যবস্থা পুরোপুরি প্রতারণা বলছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘নেক্সটহোম’-এর সিইও জেমস ডুইগিন্স মন্তব্য করেন, ‘পুরো উন্মুক্ত বাজারে বাড়ি প্রদর্শন না করলে কখনোই সঠিক বাজারমূল্য পাওয়া সম্ভব নয়।’ এর ফলে, কম্পাস মূলত ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই কমিশন নেওয়ার সুযোগ পাচ্ছে।

সান ফ্রান্সিসকোর এক বিক্রেতা ক্যাটলিন বিগেলো জানান, তিনি প্রথমে কম্পাসের পরামর্শে তার ফ্ল্যাটটি গোপন বিজ্ঞাপনের মাধ্যমে অফ-মার্কেটে বিক্রির চেষ্টা করেছিলেন। কিন্তু পরে চুক্তি বাতিল হওয়ার পর, যখন তিনি তা সবার জন্য উন্মুক্ত সাধারণ ওয়েবসাইটে তালিকাভুক্ত করেন, মাত্র ছয় দিনের মধ্যে তিনি তার ধারণার চেয়ে ১ লাখ ডলার বেশি দামে (২.১৫ মিলিয়ন ডলারে) ফ্ল্যাটটি বিক্রি করতে সক্ষম হন। তিনি বলেন, ‘উন্মুক্ত বাজারই আমাকে সবচেয়ে বেশি দাম পেতে সাহায্য করেছে; আমি কখনোই গোপন বিজ্ঞাপনের পরামর্শ দেব না।’

একইভাবে সাধারণ ক্রেতারাও সমস্যায় পড়ছেন। ফ্লোরিডার এক ব্যবসায়ী সেয়মেন উস্তা জানান, পছন্দের একটি বাড়ি তিনি সরাসরি গিয়ে পছন্দ করলেও সেটি কম্পাসের গোপন তালিকায় থাকায় তিনি কিনতে পারেননি। পরে বাড়িটি তার বাজেটের চেয়ে ৪০,০০০ ডলার কম দামে অন্য কারো কাছে বিক্রি হয়ে যায়।

এই বিতর্কিত ব্যবস্থার কারণে ওয়াশিংটন, উইসকনসিন ও কানেকটিকাটসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য অফ-মার্কেট ও গোপন বিজ্ঞাপন নিষিদ্ধ বা সীমিত করার জন্য আইনগত পদক্ষেপ নিচ্ছে। এমনকি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অ্যান্টিট্রাস্ট (একচেটিয়া ব্যবসা প্রতিরোধ) বিভাগ ইতিমধ্যেই কম্পাসের এই মনোপলি বা একচেটিয়া কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সুনামগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের ওয়েজখালী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ওয়েজখালী পয়েন্ট থেকে শুরু হয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির দিকে অগ্রসর হয়।

বিকেলে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সুনামগঞ্জ ছাত্রলীগের দীপংকর কান্তি দে, সহসভাপতি অরিন্দম মৈত্র অমিও, সামছুল আবেদীন রাজনসহ অন্যান্য জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এই বিষয়ে জানান যে, তিনি শহরে ছাত্রলীগের মিছিল করার ব্যাপারে অবগত নন। বিষয়টি তার নজরে আসেনি।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখে এবং খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি অরিন্দম মৈত্র অমিও, সামছুল আবেদীন রাজন এবং ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন।

মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি স্থান পেয়েছে। ব্যানারের নিচে লেখা ছিল- দীপঙ্কর কান্তি দে, সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%