বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
১০:৩৪ পি.এম
টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ উঠে আসছে। বিস্ফোরণের শব্দের কারণে এপারের সীমান্ত এলাকা কেঁপে উঠছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলছে। এর আগে, বুধবার (১ জুলাই) দিন এবং রাতে মংডু শহরে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানিয়েছেন, দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এ ঘটনায় হোয়াইক্যং সীমান্তের বাড়িঘর কেঁপে উঠেছিল। এ পর্যন্ত অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু জানান, প্রায় এক বছর আগে হোয়াইক্যং সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তখন সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে জীবন যাপন করেছে। এখন আবারও নতুন করে হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইনে হামলা ও সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হ্নীলা মৌলভীবাজারের বাসিন্দা জেলে রহমত উল্লাহ বলেছেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। দুপুরের দিকে মৌলভীবাজারের ওপারে রাখাইন সীমান্ত থেকে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। আতঙ্কে মাছ ধরা বন্ধ করে দ্রুত ফিরে এসেছি। এর আগের দিন বুধবার রাত ৯টার পরে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। সেই সঙ্গে যুদ্ধ বিমানের শব্দও শোনা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি, ফলে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন।
টেকনাফের সীমান্ত ঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীরদ্বীপসহ আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু বলেছেন, কয়েকটি বিকট শব্দ টেকনাফ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। নাফ নদীর দিক থেকে মাঝে মাঝে আগুনের ঝলকানিও দেখা যাচ্ছে। যা কিছুক্ষণ পর আবার নিভে যাচ্ছে। এতে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের বলেন, এমন পরিস্থিতিতে অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। শিশু ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই যুদ্ধে उখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার খাইংখালী, পালংখালী, রহমতের বিল, আঞ্জুমান পাড়া, হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সাবরাং, শাহপরীর দ্বীপ সীমান্ত সংলগ্ন এলাকায় আজ রাত ৯টা থেকে বোমা ও মর্টার হামলার শব্দে কেঁপে ওঠে উখিয়া-টেকনাফের সীমান্তবর্তি বাসিন্দাদের বাড়িঘর।
হ্নীলা মাষ্টার কামাল জানিয়েছেন, আগামী কাল এইচএসসি শিক্ষার্থীরা পড়াশোনা করছে কিন্তু সাড়ে ৯ টায় পর পর ৪টি বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠলো এবং পরীক্ষার্থীরা ভয়ে চিৎকার করে কান্না করছে। টেকনাফ সদর ইউনিয়নের নাট্যংপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, মিয়ানমারে দীর্ঘদিন পর বোমার এমন শব্দ শুনিনি। মনে হচ্ছে বাংলাদেশ সীমান্তে এসে সব মর্টারশেল পড়ছে। সীমান্তের একদম কাছে আমার বাড়ি। এত বিকট শব্দে আমার বাড়ি কেঁপে ওঠা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়।
পালংখালী ইউনিয়নের বাসিন্দা মামুন জানান, দীর্ঘদিন মিয়ানমারে যুদ্ধ স্থবির ছিল অথচ রাত সাড়ে ৯টা থেকে আবারও বোমা ও মর্টারশেলের শব্দ শুনে আতঙ্কে রয়েছি। শাহপরীর দ্বীপ সীমান্তের সিনিয়র শিক্ষক জাকারিয়া আলফাজ বলেছেন, ভূমিকম্পের মতো বিকট শব্দ কাঁপছে ঘরবাড়ি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন, দীর্ঘ দিন ধরে যুদ্ধ বন্ধ থাকার পর আবার বজ্রপাতের মত বিকট শব্দ কাঁপছে হ্নীলার ঘরবাড়ি এবং আমার বাড়িও কাঁপছে। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিস্ফোরণের শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, রাত ৯টার দিকে মিয়ানমারের মংডু এলাকার সীমান্তের ওপারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সেই গোলাগুলির বিকট শব্দ টেকনাফের সীমান্তবর্তী এলাকাতেও শোনা যাচ্ছে। যার ফলে অনেক স্থানে ঘরবাড়ি কেঁপে উঠছে। তিনি জানান, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি কিন্তু প্রাথমিকভাবে জানি শাহপরীরদ্বীপ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মিয়ানমারের ভেতরে গোলাগুলি চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির বিকট শব্দ টেকনাফের সীমান্তবর্তী এলাকাতেও শোনা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের শব্দের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছ ও বনজ-ফলজ চারা, রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণকৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকে আরও টেকসই ও লাভজনক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক জানিয়েছেন, সরকার প্রধান তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় এক আয়োজন। তিনি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমপি মানিক বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। জেলা প্রশাসক আহমেচাঁদপুরদ জিয়াউর রহমানের সভাপ্রধানে এমপি মানিক আরও বলেন, সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে নতুন করে সকলের মধ্যে জাগ্রত করবে।
তিনি নতুন প্রজন্মকে নজরুল চর্চায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশাকরি, ভবিষ্যতেও আমাদের শিল্প-সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা ওই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ডের কারণে পূর্বে বহিষ্কৃত চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হচ্ছে। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য যুবদলের এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদন অনুসারে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে যুবদলের উপজেলা সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর আহবায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বৃহস্পতিবার নেতা-কর্মীরা আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় বিনামূল্যে জিআর চাল, সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণের উদ্বোধন করা হয়। একই দিন বিকেলে উপজেলার আমগ্রাম সড়কে প্রায় আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণ করা হয় এবং আবাদপুকুর বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেনসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া অসহায় দু:স্থ ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রাম সড়কে আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণ এবং কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ