ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ইতালির বিপক্ষে এমবাপে খেলতে পারবেন না, জানালেন কোচ জিদান


ইতালির বিপক্ষে এমবাপে খেলতে পারবেন না, জানালেন কোচ জিদান

হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে ইতালির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে অংশ নিতে পারবেন না। বুধবার এই তথ্যটি জানিয়েছেন কোচ জিনেদিন জিদান।

ফ্রান্স বৃহস্পতিবার মিলানে রবার্তো মানচিনির ইতালির বিরুদ্ধে খেলবে, তাদের লক্ষ্য গ্রুপ ‘এ১’-এ শীর্ষস্থান আরও মজবুত করা। এরপর রোববার বোর্দোতে তাদের প্রতিপক্ষ হবে তুরস্ক।

জিদান বলেন, "এই ম্যাচে এমবাপে খেলবে না। সে কিছুটা ব্যথা অনুভব করেছে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।"

আরও পড়ুন: ক্যারিকের বিদায়ের পর ইউনাইটেডের নতুন কোচ পচেত্তিনো

তিনি আরও উল্লেখ করেন, "খেলোয়াড়দের হারানো দুর্ভাগ্যজনক, তবে এটি খেলারই অংশ। আশা করি, চোটটি খুব গুরুতর নয় এবং রোববারের ম্যাচে সে খেলতে পারবে। সমস্যাটি সামান্য।"

ফ্রান্সের সর্বশেষ তিনটি ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এবারের ক্যাম্পে জাতীয় দলে ফিরেছিলেন।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৭টি গোল করেছেন এমবাপে।

নেশন্স লিগে গত সেপ্টেম্বরে তুরস্কের বিপক্ষে ম্যাচটি ছিল কোচ হিসেবে জিদানের প্রথম। ওই ম্যাচে জয়সূচক গোল করেছিলেন এমবাপে। তবে বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করায় কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: হামলার আশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেবে না যুক্তরাষ্ট্র

গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে এগিয়ে থাকা ফ্রান্স ইতালিকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদরাসাছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদরাসাছাত্র নিহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই ছাত্র হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। আহত ছাত্রের নাম রাব্বি (১৬) এবং সে সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে প্রাইভেট পড়া শেষে ওই তিন ছাত্র একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। সাহাপাড়া এলাকায় মোড় ঘোরানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া জায়েজ কি?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া জায়েজ কি?

বিয়ের তিন বছর অতিক্রম হয়েছে, কিন্তু এখনও সন্তানের মুখ দেখা হয়নি। চিকিৎসা অনুযায়ী, স্বামী বা স্ত্রীর মধ্যে বড় কোনো শারীরিক সমস্যা চিহ্নিত হয়নি। এই অবস্থায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা কতটা শরিয়তসম্মত? সন্তানের অভাবের দায় কি শুধুমাত্র স্ত্রীর? এবং দ্বিতীয় বিয়ের মাধ্যমে সন্তান লাভের নিশ্চয়তা কোথায়?

ইসলামের দৃষ্টিতে, সন্তান লাভ করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন, যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন, কাউকে উভয়টিই দান করেন, আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। সন্তানের জন্ম বা অনুপস্থিতি মানুষের একক নিয়ন্ত্রণাধীন বিষয় নয়; বরং এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার অধীন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন,

لِلّٰهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ ۝ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

অর্থ: আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা কাউকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা আশ-শুরা, আয়াত ৪৯-৫০)

সুতরাং, স্বামী-স্ত্রীর মধ্যে বাহ্যিক বা চারিত্রিক কোনো সমস্যা না থাকলে, শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। বরং এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা উত্তম।

ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ রদ্দুল মুহতারে তালাকের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, মূলত তালাকের বিধান নিষেধের দিকে। তবে শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে তা বৈধ হয়। যেমন, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, পারস্পরিক বিরোধ এবং এমন পরিস্থিতি তৈরি হওয়া, যেখানে আল্লাহর নির্ধারিত দাম্পত্য অধিকারগুলো যথাযথভাবে পালন করা সম্ভব নয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়াই তালাক দেওয়া বুদ্ধিহীনতা, নিয়ামতের অকৃতজ্ঞতা এবং স্ত্রী ও তার পরিবারের প্রতি কষ্ট দেওয়ার শামিল। (রদ্দুল মুহতার, ৩/২২৮)

সন্তান লাভের জন্য যে দোয়াগুলো পড়বেন

সন্তান লাভের আশায় পবিত্র কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়াগুলো বেশি বেশি পড়া যেতে পারে।

১. হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া:

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে একা ও নিঃসন্তান রেখো না। আর তুমিই তো সর্বোত্তম উত্তরাধিকারী। (সুরা আল-আম্বিয়া, আয়াত ৮৯)

২. হজরত জাকারিয়া (আ.)-এর আরেকটি দোয়া:

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত ৩৮)

এছাড়া, বেশি বেশি দোয়া, ইস্তিগফার, কান্নাকাটি, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করা উচিত। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ অনেক সময় হরমোনজনিত সমস্যা কিংবা এমন কিছু শারীরিক জটিলতা থাকে, যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। সন্তানের অভাবের কারণ নির্ণয়ে স্বামী-স্ত্রীর উভয়েরই চিকিৎসা পরীক্ষা করানো প্রয়োজন।

সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করা যাবে কি?

শুধুমাত্র সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করাকে সমাধান হিসেবে দেখা উচিত নয়। কারণ দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় স্ত্রীও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীরও পরবর্তী সংসারে সন্তান না হওয়ার ঘটনা ঘটতে পারে।

তবে শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন। ইসলামে একজন পুরুষের জন্য নির্দিষ্ট শর্ত ও সীমার মধ্যে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে। তবে এ ক্ষেত্রে স্ত্রীদের মধ্যে ইনসাফ ও ন্যায়বিচার করা অপরিহার্য।

আল্লাহ তাআলা বলেন,

فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً অর্থ: আর যদি তোমরা আশঙ্কা করো যে, স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করতে পারবে না, তাহলে একজনকেই বিয়ে করো। (সুরা আন-নিসা, আয়াত ৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ، فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ

অর্থ: কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকলে সে যদি তাদের একজনের প্রতি পক্ষপাতিত্ব করে, তাহলে কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার শরীরের এক পাশ হেলে থাকবে। (সুনানে আবু দাউদ, হাদিস ২১৩৩; স্ত্রীদের মধ্যে পালা ও অধিকার বণ্টন অধ্যায়)

ফিকহের গ্রন্থ আদ-দুররুল মুখতার-এ বলা হয়েছে, একজন স্বাধীন পুরুষের জন্য একই সময়ে সর্বোচ্চ চারজন নারীকে স্ত্রী হিসেবে বিবাহবন্ধনে রাখার বৈধতা রয়েছে। (আদ-দুররুল মুখতার, ৩/৪৮)

সুতরাং সিদ্ধান্ত হলো, সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পরিবর্তে তাঁর পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা এবং চিকিৎসা ও দোয়ার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলে সেটি শরিয়তের বিধান, ন্যায়বিচার ও দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনা করেই নিতে হবে। শুধুমাত্র সন্তান লাভের আশাকে দ্বিতীয় বিয়ের একমাত্র ভিত্তি বানানো সমীচীন নয়।

মনে রাখতে হবে, সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই হতাশ না হয়ে তাঁর রহমতের ওপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা সবাইকে নেক ও সুসন্তান দান করুন। আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে মেরাবের ওপর হামলার অভিযোগ উসমান নুরমাগোমেদভের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


আবুধাবিতে মেরাবের ওপর হামলার অভিযোগ উসমান নুরমাগোমেদভের বিরুদ্ধে

আবুধাবিতে রেসলিং ইভেন্টের আগে সাবেক ইউএফসি বেনটামওয়েট চ্যাম্পিয়ন মেরাব দভালিশভিলি রক্তাক্ত হওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হোটেলের লবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সাবেক পিএফএল চ্যাম্পিয়ন উসমান নুরমাগোমেদভ ও তাঁর সহযোগীরা পেছন থেকে অতর্কিতভাবে হামলা চালান। এই ঘটনায় উসমানের ভাই উমর নুরমাগোমেদভও জড়িত ছিলেন, এমন অভিযোগ করেছেন তিনি। তবে এ বিষয়ে উসমান বা উমরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার আবুধাবিতে আরএএফ ইভেন্টে মারলন মোরায়েসের বিরুদ্ধে রেসলিং ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে দভালিশভিলির। কিন্তু ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি হামলার অভিযোগ করেন। তাঁর মতে, এক বন্ধুকে নিয়ে হোটেলের লবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় উসমান ও তাঁর সঙ্গীরা পেছন থেকে এসে তাঁদের ওপর হামলা চালান। নিরাপত্তাকর্মীরা তাঁকে আটকে রাখলেও হামলাকারীরা তাঁদের মাটিতে পড়ে থাকা অবস্থায় লাথি মারতে থাকেন।

ভিডিওতে দভালিশভিলি বলেন, “আমরা মাত্র দুজন এখানে এসেছি। আর উসমান নুরমাগোমেদভ ও তাঁর বন্ধুরা পেছন থেকে সাপের মতো এসে হামলা করেছে। তোমরা কেমন যোদ্ধা? কেমন মানুষ এমন কাজ করে? লড়াই করতে চাইলে সামনে থেকে করো। তোমরা জানতেই যে আমরা দুজন, আর তোমরা প্রস্তুতি নিয়ে এসেছিলে।”

হামলার সময় কতজন ছিলেন, সে বিষয়ে নিশ্চিত না হলেও দভালিশভিলি দাবি করেছেন, প্রায় ২০ জন তাঁকে ঘিরে আক্রমণ করেন। উসমান ও উমরের পাশাপাশি তাঁদের বন্ধুদেরও অভিযুক্ত করেছেন তিনি। তবে ঘটনার স্বাধীন কোনো তদন্ত বা অন্য পক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

নুরমাগোমেদভ পরিবারের সঙ্গে দভালিশভিলির বিরোধ নতুন নয়। ২০২৫ সালের জানুয়ারিতে ইউএফসি ৩১১-তে উমর নুরমাগোমেদভের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। কয়েক মাসের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর উমরকে সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে ইউএফসি বেনটামওয়েট শিরোপা ধরে রাখেন দভালিশভিলি। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। ইউএফসি জর্জিয়া ইভেন্টের আগে উমরের এক সহযোগীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন দভালিশভিলি। পরে সংবাদমাধ্যমেও দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য হয়।

ঘটনার পর দভালিশভিলির বন্ধু ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন ইলিয়া তোপুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেন, যা পরে তিনি সরিয়ে নেন। ভিডিওটির পুনঃপ্রকাশিত সংস্করণও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর তোপুরিয়া এক বিবৃতিতে হামলাকারীদের নিন্দা জানান এবং দাবি করেন, উসমানকে আটক করা হয়েছে। তবে আটক হওয়ার দাবিটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

দভালিশভিলি জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং শনিবার মোরায়েসের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে নুরমাগোমেদভ পরিবারের সঙ্গে তাঁর বিরোধ আরও বাড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।

প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ, গ ও ঘ’ শাখায় ৩৯টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রাথমিকে লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম স্থান লাভ করেন, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ্ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান অর্জন করেন। খ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন। গ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় স্থান অর্জন করেন। ঘ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান লাভ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, মো. গোলাম রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ. টি. এম. কামরুল ইসলাম জানান, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করা, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%