০৮:৫৫ এম
বরিশাল সফরের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবারের জন্য দেখার জন্য মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সোমবার (১৩ জুলাই) সকালে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য মাওয়া প্রান্তে অবস্থান নিয়েছেন। এতে পুরো এলাকার উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন