ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার


সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিইসি এসব মন্তব্য করেন।

এর আগে, তিন নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। একজন কমিশনার বিদেশে থাকায় এ সাক্ষাতে যোগ দিতে পারেননি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট স্থায়ী এ বৈঠকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য কমিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান সিইসি। তিনি বলেন, অভিনন্দনের জবাবে রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও দেশে-বিদেশে প্রশংসিত একটি নির্বাচন হিসেবে অভিহিত করেন এবং এ জন্য কমিশনকে অভিনন্দন জানান।

সিইসি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে চাই। রাষ্ট্রপতি আমাদের আশ্বস্ত করে বলেন, "আপনারা যেভাবে নিরপেক্ষতা বজায় রাখতে চান, আমিও তা চাই।" তিনি বলেন, "নিরপেক্ষতা ও স্বাধীন সত্তা বজায় রাখতে আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা থাকবে।"

নাসির উদ্দিন বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদের জানান-তিনি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রীও একই বিষয়ে আগ্রহী।

নির্বাচন প্রসঙ্গে ইসির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন, "আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই।" আচরণ বিধিমালা সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে ফেরত এসেছে, এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি। তিনি বলেন, "আমরা সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখতে বলেছি।" সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশন নির্বাচনী কাজে নেমে পড়বে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, "দুটি নির্বাচনের সময় যাতে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করেই এগোতে হচ্ছে।" আশা করছেন সেপ্টেম্বরের মধ্যেই একটি তফসিল দিতে সক্ষম হবেন। তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এদিকে, বন্যা, দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা এবং আগামী বছর ফেব্রুয়ারির শেষভাগ থেকে রমজান শুরু হয়ে তার পর ঈদুল আজহা, গ্রীষ্ম ও বর্ষা মৌসুম চলে আসায় হাতে থাকা উপযোগী সময় খুবই সীমিত বলেও জানান তিনি।

তিনি বলেন, শীতকালে স্কুলের বার্ষিক পরীক্ষা হওয়ায় এবং সে সময় স্কুলভবন ও শিক্ষকদের ভোটকেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা হিসেবে ব্যবহার করা হয় বলে বিষয়টি মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হবে। তিনি উল্লেখ করেন, "পরীক্ষা দ্রুত শেষ হলে নভেম্বরের শেষ নাগাদ ভোট শুরুর চেষ্টা করা হবে।"

কোন এলাকা অগ্রাধিকার পাবে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ আইন অনুযায়ী আগেই শেষ হয়ে গেছে, সেগুলোকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, আগে ছয়টি ধাপে এবং আরও কিছু বিবিধ আসনে মিলিয়ে মোট সাতটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও যেসব ইউনিয়নে আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আগে চিহ্নিত করা হবে। এছাড়া, এসব নির্বাচন যেন খারাপ মৌসুমে না পড়ে, সেদিকেও খেয়াল রাখা হবে। উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের শুষ্ক মৌসুমকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

দেশে ও প্রবাসে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটার সংখ্যা তুলনামূলক কম। তাই সীমিত পরিসরে সেখানে পোস্টাল ব্যালট চালু করা হবে, যা প্রবাসী ভোটারদের জন্যও প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, এই পদ্ধতি যাতে ভবিষ্যতেও ব্যবহার করা যায়, সেজন্য পরামর্শকদের মাধ্যমে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং একটি ম্যানুয়ালও তৈরি করা হচ্ছে। এতে বর্তমান কমিশন দায়িত্বে না থাকলেও ভবিষ্যতে অন্য কমিশন এই ব্যবস্থা চালিয়ে নিতে পারবে।

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলামের বিষয়ে বিরোধ নিরসনে জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে কোনো চিঠি এসেছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখন পর্যন্ত চিঠি পাননি তারা; পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, রাষ্ট্রপতি কমিশনের ওপর কিছু চাপিয়ে দেননি। তিনি শুধু প্রস্তুতি কেমন চলছে তা জানতে চেয়েছেন এবং কমিশন যাতে স্বাধীনভাবে, পেশাদারভাবে ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সিইসি জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে শিগগিরই সমন্বয় সভা শুরু করবেন এবং সংস্থাগুলোকে অ্যালার্ট করা হবে। তিনি বলেন, প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সহায়তার জন্য পাওয়ার সুযোগ রয়েছে।

অর্থনীতির ‘কনজিউমার সুভারেনটি’ বা ক্রেতার সার্বভৌমত্ব ধারণার উদাহরণ টেনে এ, এম, এম, নাসির উদ্দিন বলেন, নির্বাচনে ‘ভোটার সুভারেনটি’ বা ভোটার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ ভোটারদের ইচ্ছাই হবে চূড়ান্ত। তিনি জানান, জাতীয় নির্বাচনে আমরা যে মান বজায় রেখেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে সেই ন্যূনতম স্ট্যান্ডার্ড, ক্রেডিবিলিটি ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


সুনামগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৬ : দীর্ঘ এক যুগ পর ওয়ারিশ আলী হত্যা মামলায় জেলা ও দায়রা জজ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সময়ে আদালত মামলার বাকি ৯ আসামির জন্য বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছেন।

এছাড়া, ১১ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

২০১৪ সালে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় সংঘটিত ওয়ারিশ আলী হত্যা মামলার প্রায় এক যুগ পর আজ এ রায় ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এ রায় দেন।

রায়ে ১১ আসামির মধ্যে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন ওয়েজখালীর গমীর বক্সের ছেলে বাদশা মিয়া এবং সুনাফর আলীর ছেলে খেলু মিয়া ওরফে ফেলু মিয়া।

অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে সাত বছরের এবং পাঁচজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন রামিজ আলী, নুরুল মিয়া, খোরশেদ আলম ও নুরুজ্জামান। দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন রাজা মিয়া, জগলু মিয়া, নুর উদ্দিন, সহিনুর মিয়া ও তাহের মিয়া।

রাষ্ট্রপক্ষের এডিশনাল পিপি শেরেনুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন এবং মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার রায়ের বিবরণে জানা গেছে, স্থানীয় পৌরসভার কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে বাদী ও আসামি পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনার আগের দিন ২০১৪ সালের ২৮ জুলাই জুয়েল মিয়ার সঙ্গে সাক্ষী ফয়জুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীতে বাদী ও আসামিপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

পরদিন ২৯ জুলাই ঈদের দিন সকালে ওয়েজখালী পয়েন্টের একটি মসজিদে ঈদের জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সময় ওয়ারিশ আলীসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ওয়ারিশ আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৪ আগস্ট ওয়ারিশ আলী মারা যান। তার মৃত্যুর পর একই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ মামলার চার্জশিট দেওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত মামলায় আসামি জাকারিয়া, আব্দুল জহুর, সাজ্জাত আলী, রেনু মিয়া, জুয়েল মিয়া, মো. শফিকুল ইসলাম, খলিল, সুমন, রিপন ও শাহাবুদ্দিনকে অভিযোগ থেকে খালাস প্রদান করেন।

এছাড়া শাহের আলী ও পারভেজ মিয়া মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে চলমান মামলা অবসান করে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রায়ে পলাতক আসামি খোরশেদ আলম ও নুরুজ্জামানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের আগে যে সময় হাজতে ছিলেন, আইন অনুযায়ী সেই সময় তাদের সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. সালেহ আহমদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও কোস্ট গার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও কোস্ট গার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন যে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, বর্ডার গার্ড এবং বন বিভাগ একত্রে কাজ করছে। এই উদ্যোগের আওতায় মাছ ধরা জেলে, সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন পেশাজীবী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জলদস্যু ও বনদস্যু দমনের লক্ষ্যে র‌্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় নৌ-পুলিশ ‘রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। সুন্দরবন উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত টহল কার্যক্রমকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু ও জলদস্যু দমন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় তৎপর রয়েছে।

তিনি আরও জানান, জলপথে সমন্বিত যৌথ টহল জোরদার করতে বিজিবিকে আধুনিক হাই-স্পিড পেট্রোল বোট, ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট, মেটাল শার্ক বোট এবং রাডার নজরদারি সিস্টেমে সজ্জিত করা হয়েছে।

সুন্দরবনের সংবেদনশীল নদী ও মোহনা দিয়ে যাতে কোনো প্রকার মাদক, অস্ত্র বা বন্যপ্রাণী চোরাচালান হতে না পারে, সেজন্য প্রতিটি সংবেদনশীল পয়েন্টে ২৪ ঘণ্টা বিজিবি কর্তৃক যৌথ ব্লক রেইড ও মোবাইল টহল পরিচালিত হচ্ছে।

মন্ত্রী জানান, বিজিবির সমন্বিত গোয়েন্দা নজরদারির মাধ্যমে সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা ও বনদস্যুতা দমন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে সুন্দরবনের দুর্গম নদী ও খালপথে অপরাধ দমন এবং বনজীবী ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল, নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

এ কার্যক্রমের ধারাবাহিকতায় সুন্দরবনকে নিরাপদ, সুরক্ষিত ও দস্যুমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগের সাথে যৌথ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এবং ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালনা করা হচ্ছে।

এর মাধ্যমে কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করছে। ফলে সংশ্লিষ্ট সকল সংস্থার পারস্পরিক সমন্বয় ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


পঞ্চগড়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়, ২৭ আগস্ট, ২০২৬ : আটোয়ারী উপজেলার নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে রোহান নামের ৬ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

আজ বৃহস্পতিবার, আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় নাগর নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত রোহান সুখাতি গ্রামের রমজান আলীর পুত্র। তার নানার বাড়ি বালাপাড়া গ্রামে অবস্থিত। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সূত্রে জানা যায়, গত পরশু রোহান তার মায়ের সঙ্গে নানার বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে, সে নানার বাড়ির আশেপাশের কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসল করতে নেমে যায় এবং পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে উদ্ধার করা হলেও স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরেও শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসসকে জানিয়েছেন যে, শিশু রোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই।

এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়টি তুলে ধরেছেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বুধবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে, তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় শিল্প স্থাপনের জন্য আহ্বান জানান। এফবিসিসিআই’র পক্ষ থেকে বাংলাদেশে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

মো. ফজলুল হক আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার ও সমন্বিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগকে আরও সহজতর করতে ভিসা প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীনা দূতাবাস আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

তিনি বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে চীনা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চীনে প্রায় ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে, চীন থেকে বাংলাদেশে প্রায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। ফলে, দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%