১০:৩৯ পি.এম
একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিনঘণ্টা নাক বের করে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি এক চোরের। গ্রামবাসীর প্রাণপণ চেষ্টায় অবশেষে খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা চোরকে আটক করা হয়েছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের। আটক চোর সুজন হাওলাদার (৩২) পাশের হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বুধবার সকালে ওই গ্রামের বাসিন্দা সজিব হাওলাদার জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে চুরি করতে ঢুকে এক চোর। দোকানের মালামাল চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার শুরু করে। একপর্যায়ে পালিয়ে বাঁচতে দোকানের পাশে খালের কচুরিপানার মধ্যে ঝাঁপ দেয় ওই চোর। পরবর্তীতে সাড়ে তিনঘণ্টা তল্লাশি চালিয়ে বুধবার (পহেলা জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে কচুরিপানার মধ্যে নাক বের করা অবস্থায় চোরকে আটক করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘক্ষণ পানিতে থাকার কারনে চোর সুজন অসুস্থ হয়ে পড়েছে। তাই তার চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও তার (সুজন) বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ বিষয়ে এখনও কেউ থানা পুলিশকে অবগত করেননি। চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন