ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর


মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর পদত্যাগ করেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সোমবার এ উপনির্বাচনের তফসিল প্রকাশ করে ইসি।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর, ওই আসনে পরবর্তী সংসদ সদস্য কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী, অঙ্গসংগঠনের নেত্রী এবং জেলা পর্যায়ের সংগঠকদের অনেকেই মনোনয়ন পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় বিএনপির পরিচিত ও অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অনেক নেত্রী রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আগে সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েও পাননি, আবার কেউ সরাসরি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। মিষ্টির পদত্যাগের ফলে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।

বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, বর্তমানে দল রাষ্ট্রক্ষমতায় থাকায় সংসদ সদস্য হওয়ার আগ্রহীদের সংখ্যা বেড়েছে। পরিচিত নেত্রীদের বাইরেও অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্নভাবে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে, শূন্য আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের মধ্যেও এ নিয়ে আগ্রহ রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে, হামলা ও ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।

মিষ্টির পদত্যাগের ফলে তার সংরক্ষিত নারী আসনটি এখন শূন্য অবস্থায় রয়েছে। নিয়ম অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পেয়ে থাকে। ফলে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগে পড়েছে। দলটি ঠিক করবে, নতুন করে কে সংসদে প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সেই বিধান অনুসারে, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এবার বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশিত হয় এবং ৩ মে তারা শপথ নেন। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ ছাড়েন মিষ্টি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে নরসিংদী জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে নরসিংদী জেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদী জেলা প্রশাসন দাঁড়িয়েছে জন্ম থেকেই দুই হাতবিহীন শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে।

সোমবার (১২ অক্টোবর) সকালে, সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগর পাঁচদোনা গ্রামে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে দুখু মিয়ার শিক্ষাদানের বিষয়টি নিয়ে সংবাদ প্রচারিত হয়। প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসার পর বিস্তারিত জানার জন্য নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই বিদ্যালয়ের নিবন্ধন এবং অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার পট, বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

২০০৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, "বর্তমান সরকার প্রধান আমার বিদ্যালয়টি সম্পর্কে জানতে পেরেছেন সেটা জানতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন হচ্ছে এই কিন্ডারগার্টেনটিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা। আশা করছি সরকার ও প্রশাসনের সহায়তায় প্রতিভা দুখু মিয়া বিদ্যালয়টি সমৃদ্ধ হবে।"

দুখু মিয়া, যার দুই হাত নেই, থেমে নেই তার পাঠদান। তিনি পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করে চলেছেন। বর্তমানে এই বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে।

১৯৬২ সালে জন্ম নেওয়া আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতবিহীন। শৈশবেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন।

বাবা পাতিলের কালি ও পানি মিশিয়ে কঞ্চি ও কলাপাতায় লেখার মাধ্যমে তাকে শেখান পা দিয়ে লিখতে। এরপর সেই পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন তিনি।

শিক্ষাজীবন শেষ করার পর শুরু হয় কর্মসংস্থানের লড়াই। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন এবং চাকরির আশায় ঘুরেছেন। হতাশা তাকে থামাতে পারেনি, বাবার দেওয়া জমি বিক্রির টাকা যোগ করে ২০০৭ সালে নিজের পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন

যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের জন্য লাখো উপকারভোগী অর্থ পেতে যাচ্ছেন। নির্ধারিত মাসিক সময়সূচি অনুসারে, বুধবার (১৪ অক্টোবর) অর্থ পাবেন যেসব উপকারভোগীর জন্ম মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে। এরপর, জন্মতারিখের ভিত্তিতে অক্টোবরের বাকি দিনগুলোতেও পর্যায়ক্রমে সুবিধাভোগীদের অর্থ বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তার অর্থ একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। অনেক উপকারভোগী এই অর্থ দিয়ে বাড়িভাড়া, খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ ও গ্যাসের বিলসহ দৈনন্দিন খরচ মেটান। তাই, ঠিক কোন তারিখে অর্থ পাওয়া যাবে, তা জানা উপকারভোগীদের জন্য অত্যন্ত জরুরি।

সাধারণ নিয়ম অনুযায়ী, যারা ১৯৯৭ সালের ১ মে বা তার পরে সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে শুরু করেছেন, তাদের অর্থের বিতরণ তারিখ জন্মতারিখের ভিত্তিতে নির্ধারিত হয়। মাসের কোন তারিখে জন্ম, তার ওপর ভিত্তি করে সাধারণত মাসের দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ বুধবারে অর্থ প্রদান করা হয়।

অক্টোবর মাসের বাকি অর্থ বিতরণের সময়সূচি হলো—

১৪ অক্টোবর (বুধবার): যাদের জন্ম মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে।

২১ অক্টোবর (বুধবার): যাদের জন্ম মাসের ১১ থেকে ২০ তারিখের মধ্যে।

২৮ অক্টোবর (বুধবার): যাদের জন্ম মাসের ২১ থেকে ৩১ তারিখের মধ্যে।

অর্থাৎ, ১৪ অক্টোবর যারা অর্থ পাবেন না, তাদের জন্যও মাসের পরবর্তী বুধবারগুলোতে নির্ধারিত কিস্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে, এই সময়সূচি মূলত জন্মতারিখভিত্তিক নিয়মের আওতায় থাকা উপকারভোগীদের জন্য প্রযোজ্য। কিছু সুবিধাভোগীর জন্য আলাদা নিয়ম রয়েছে।

যারা ১৯৯৭ সালের মে মাসের আগে থেকেই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন, তাদের অনেকের অর্থ সাধারণত প্রতি মাসের ৩ তারিখে প্রদান করা হয়। তবে, যদি ওই তারিখ সপ্তাহান্ত বা সরকারি ছুটির দিনে পড়ে, তাহলে আগের কার্যদিবসে অর্থ পাঠানো হতে পারে। একইভাবে, যারা সামাজিক নিরাপত্তার অর্থের পাশাপাশি সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা এসএসআই পান, তাদের জন্যও আলাদা সময়সূচি প্রযোজ্য হতে পারে।

এসএসআই মূলত সীমিত আয় ও সম্পদসম্পন্ন যোগ্য প্রবীণ, দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে। সাধারণত প্রতি মাসের প্রথম কার্যদিবসে এই অর্থ বিতরণ করা হয়। অক্টোবর মাসের এসএসআই অর্থ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিতরণ করা হয়েছে।

২০২৬ সালের বাকি সময়ের এসএসআই অর্থ বিতরণের সূচিতেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ। নভেম্বর মাসের অর্থ দেওয়া হবে শুক্রবার (৩০ অক্টোবর)। কারণ, রবিবার (১ নভেম্বর) হওয়ায় নির্ধারিত অর্থ আগের কার্যদিবসে পাঠানো হবে। ডিসেম্বর মাসের অর্থ দেওয়া হবে মঙ্গলবার (১ ডিসেম্বর)। আর ২০২৭ সালের জানুয়ারির অর্থ দেওয়া হবে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ১ জানুয়ারি সরকারি ছুটি থাকায় জানুয়ারির এসএসআই অর্থ আগের দিন পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এসএসআইয়ের অর্থ পাওয়ার তারিখ এবং সাধারণ সামাজিক নিরাপত্তা সুবিধার তারিখ এক নয়। যদি কেউ দুই ধরনের সুবিধা পান, তাহলে তার সামাজিক নিরাপত্তার অর্থ সাধারণত মাসের ৩ তারিখে এবং এসএসআইয়ের অর্থ মাসের প্রথম দিনে দেওয়ার নিয়ম প্রযোজ্য হতে পারে। তবে, ছুটি বা সপ্তাহান্তের কারণে তারিখ এগিয়ে আসতে পারে।

উপকারভোগীদের নিজেদের অর্থ পাওয়ার তারিখ নিশ্চিত করতে তাদের ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা অ্যাকাউন্টে থাকা পেমেন্টের তথ্য দেখা উচিত। নির্ধারিত তারিখে অর্থ না এলে ব্যাংক বা পেমেন্ট অ্যাকাউন্টের তথ্য যাচাই করা যেতে পারে। একই সঙ্গে, নিজের সুবিধার ধরন অনুযায়ী প্রযোজ্য সময়সূচি মিলিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, অক্টোবর মাসে সামাজিক নিরাপত্তার অর্থ বিতরণ চলবে জন্মতারিখ ও সুবিধার ধরন অনুযায়ী। ১৪, ২১ ও ২৮ অক্টোবর সাধারণ মাসিক কিস্তির গুরুত্বপূর্ণ তারিখ। অন্যদিকে, এসএসআই সুবিধাভোগীদের জন্য নভেম্বরের অর্থ ৩০ অক্টোবরেই পাঠানো হবে। তাই সুবিধাভোগীদের নিজেদের পেমেন্টের ধরন বুঝে নির্ধারিত তারিখ জেনে রাখা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি

টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে নাট্যকার মামুনুর রশীদ এর বিরুদ্ধে চুরির একটি ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রোবের জিনিসপত্র তছনছ করেছে।

এই ঘটনা ঘটে গত ১০ অক্টোবর, সকাল থেকে বিকেলের মধ্যে, শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় অবস্থিত বাড়িতে।

বাড়িটি বর্তমানে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) এর দখলে রয়েছে। তবে ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

রোববার (১২ অক্টোবর) বিকেলে আফিয়া খান টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চুরি হওয়া জিনিসপত্রের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

লিখিত অভিযোগে আফিয়া খান জানান, তিনি কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেন। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে চলে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। পরে বিকেল পাঁচটার দিকে ফিরে এসে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পান, মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো রয়েছে। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা অবস্থায় ছিল। আলমারিগুলোতে তাদের ৯ ভাইবোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাইবোনেরা সবাই উপস্থিত না থাকায় কী চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আফিয়া খান গণমাধ্যমকে বলেন, "এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।"

নাট্যকার মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। তিনি ভাইবোনদের মাধ্যমে খবরটি জানতে পেরেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে চার জনের মৃত্যু ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সংগৃহীত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জন।

এছাড়া, চলতি বছরে ডেঙ্গুর কারণে সারাদেশে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বাধিক ৮৪ জন মারা গেছেন। খুলনা বিভাগে দ্বিতীয় সর্বাধিক ৬৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%