ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কম দামে কিনে বেশিতে বিক্রি, লাগেজে লুকিয়ে আসছে বিদেশি সিগারেটের চালান


কম দামে কিনে বেশিতে বিক্রি, লাগেজে লুকিয়ে আসছে বিদেশি সিগারেটের চালান

অতিরিক্ত ভ্যাট-ট্যাক্সের কারণে দেশে সিগারেটের দাম যে হারে বাড়ছে, তাতে বিদেশি সিগারেটের চোরাচালান আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে আসা অনেক যাত্রীর লাগেজে আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়া যাচ্ছে। গত ছয় মাসে ২৫ হাজারের কাছাকাছি কার্টন সিগারেট এবং বিপুল পরিমাণ ই-সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবারই মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট অবতরণ করলেই বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ হয়ে থাকে। তল্লাশিতে এমন অনেক লাগেজ পাওয়া যাচ্ছে, যেখানে ১০ থেকে ২০ কার্টন সিগারেট রয়েছে, আবার কিছু ক্ষেত্রে তারও বেশি পরিমাণ সিগারেট বহন করা হচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাসের মধ্যে ২৪ হাজার ৩৬৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, কাস্টমস গোয়েন্দা সংস্থা এবং এভিয়েশন সিকিউরিটি সদস্যরা অত্যন্ত তৎপর রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্ক্যানিংয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য বিপুল পরিমাণ চোরাচালান হওয়া সিগারেট জব্দ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কাস্টমসের তথ্য অনুযায়ী, শুধু মে মাসেই জব্দ করা হয়েছে ৫ হাজার ৮৪৪ কার্টন সিগারেট। গত বছরের ডিসেম্বরে সর্বাধিক ৬ হাজার ৫৪২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৯৯৭ কার্টন, ফেব্রুয়ারিতে ৪ হাজার ৩৩৪ কার্টন, মার্চে ১ হাজার ৪৫৬ কার্টন এবং এপ্রিলে ৪ হাজার ১৯১ কার্টন সিগারেট জব্দ করা গেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী সর্বাধিক ২০০ শলাকা বা ১০ প্যাকেট সিগারেট আনতে পারেন। এর বেশি আনলে তা আইন অনুযায়ী জব্দ করা হয়।

বর্তমান ব্যাগেজ রুল অনুযায়ী, বিদেশ থেকে আসা একজন যাত্রী ব্যক্তিগত ব্যবহারের জন্য ২০০ শলাকা সিগারেট বহন করতে পারেন। কিন্তু শুল্ক আরোপের সুযোগ নেই, তাই বিদেশ থেকে আনা এসব সিগারেট দেশে বাজারে তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চোরাচালান হয়ে থাকে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্য ডিউটি-ফ্রি বাণিজ্যের একটি বড় কেন্দ্র। সেখানে কম দামে কেনা সিগারেট শুল্ক ছাড়া দেশের বাজারে প্রবেশ করলে দুই থেকে তিন গুণ লাভ হওয়া সম্ভব। এ কারণেই রাজস্ব ফাঁকি দিয়ে এসব সিগারেট দেশে আনার প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বর্তমানে বাংলাদেশে নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা থেকে শুরু হয়ে অতি উচ্চ স্তরের প্রিমিয়াম সিগারেটের দাম ২১০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্রতিটি স্তরেই সরকার নির্ধারিত সম্পূরক শুল্ক কার্যকর রয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দুবাইয়ে এসব সিগারেটের দাম বাংলাদেশি মুদ্রায় মাত্র ৩ থেকে ৫ টাকা। অথচ দেশে সেগুলো ২০ টাকায় বিক্রি হচ্ছে এ কথা জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন অন্তত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করে। সংশ্লিষ্টদের মতে, যদি প্রতিটি যাত্রীর লাগেজে কার্যকরভাবে তল্লাশি চালানো যায়, তাহলে আরও বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের ‘নতুন কমিটি’ নিয়ে ভাইরাল বিজ্ঞপ্তিতে রিজভীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


ছাত্রদলের ‘নতুন কমিটি’ নিয়ে ভাইরাল বিজ্ঞপ্তিতে রিজভীর বক্তব্য

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’র প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এই ভুয়া বিজ্ঞপ্তিটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে প্রচার করা হয়েছে, এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদলের একটি আংশিক কেন্দ্রীয় কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উল্লেখ করেন, বিএনপির দফতর থেকে গণমাধ্যমে তার স্বাক্ষরে এমন কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।

ফেসবুকে ছড়ানো ওই ভুয়া বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছিল, আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্রদলের আংশিক কমিটি গঠনের কথা বলা হয়েছে।

এই ভুয়া ও বানোয়াট বিজ্ঞপ্তির বিষয়ে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার এবং কারো কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফনকে কেন্দ্র করে ট্রাম্পের দাবি, ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


খামেনির দাফনকে কেন্দ্র করে ট্রাম্পের দাবি, ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শোকানুষ্ঠানের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের কথা তুলে ধরে বলেন, ‘আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকেও কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’ আজ শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত আছেন।

তবে ট্রাম্পের ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া’ সংক্রান্ত দাবির ব্যাপারে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আলাদা কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


দেশে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।

তিনি শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলের সংগঠন তৈরি করা সম্ভব হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।'

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সকলকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।'

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, 'আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।'

শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে, এমন মন্তব্যও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, 'জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে লাইফগার্ডের অভাব: সাগরে ডুবে মৃত্যু বৃদ্ধি পেয়েছে তবুও নিরাপত্তা বাড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


কক্সবাজারে লাইফগার্ডের অভাব: সাগরে ডুবে মৃত্যু বৃদ্ধি পেয়েছে তবুও নিরাপত্তা বাড়েনি

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন। কিন্তু যথেষ্ট লাইফগার্ড ও নিরাপত্তার অভাবে অনেকের আনন্দভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হচ্ছে। সাগরের প্রবল স্রোতে প্রতি বছর মৃত্যু ও নিখোঁজের ঘটনা বাড়ছেই।

সী সেফ লাইফগার্ড সংস্থা জানাচ্ছে, ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের মাত্র দুই কিলোমিটারে লাইফগার্ড সেবা রয়েছে। অন্যদিকে, বাকি অংশে নিরাপত্তা, সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা পতাকা নেই। এর ফলে জনপ্রিয় ১৫-২০টি পয়েন্টে সমুদ্রস্নানে নেমে চরম ঝুঁকিতে পড়ছেন পর্যটকরা।

সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে সাগরে ডুবে ৭৬ জন পর্যটক মারা গেছেন। এর মধ্যে গত বছরই প্রাণ হারিয়েছেন ২৫ জন, তবে এ সময়ে এক হাজার ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, সৈকতের সি-গাল পয়েন্টে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে লাল পতাকা টাঙানো হলেও, পর্যাপ্ত সতর্কবার্তা, পর্যবেক্ষণ টাওয়ার বা দৃশ্যমান লাইফগার্ড দেখা যায় না। নিরাপত্তা ব্যবস্থার এমন ঘাটতির মধ্যেই অবাধে সমুদ্রে নামছেন পর্যটকরা। সী-সেফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত বছরেই এ পয়েন্টে সমুদ্রস্নানে নেমে ১২ জন প্রাণ হারিয়েছেন।

লাল পতাকা থাকলেও এর গুরুত্ব সম্পর্কে অনেক পর্যটকের ধারণা নেই। ফলে বড় ঢেউ এবং তীব্র স্রোতের মধ্যেও ঝুঁকিপূর্ণ এলাকায় নারী-পুরুষ, এমনকি শিশু-কিশোররাও গোসল করছেন।

শরীয়তপুর থেকে আসা পর্যটক জীবন মোল্লা জানান, নিরাপদ ও ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বান্দরবান ভ্রমণের পর কক্সবাজারে এসে গাড়ি থেকে নেমেই সরাসরি সমুদ্রে নেমে পড়েন তিনি।

মো. লিংকন নামের আরেক পর্যটক বলেন, ‘সৈকতে সতর্ক করার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোথায় নিরাপদ এবং কোথায় ঝুঁকিপূর্ণ, তা বোঝা যাচ্ছে না। লাল পতাকার অর্থ বিপজ্জনক এবং সমুদ্রে নামা নিষেধ জানলেও অনেকেই সেখানে নামছেন দেখে আমরাও নেমে পড়েছি।’

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩২ কিলোমিটার দূরে ইনানী। মেরিন ড্রাইভ দিয়ে পর্যটকরা পাথুরে সৈকত, ইনানী জেটি বা পাতুয়ারটেকে নামেন। তাতে দেখা যায়, বালিয়াড়ি পেরিয়ে অনেকেই সমুদ্রস্নানে নেমে পড়েন, কিন্তু ইনানী সৈকতের তিনটি পয়েন্টে কোনো লাইফগার্ড সেবা নেই। সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা চিহ্নিত পতাকা তাও নেই।

ইনানীতে আসা পর্যটক শফিউল আলম জানান, কক্সবাজার থেকে আসার পথে কিছু সাইনবোর্ড চোখে পড়লেও ইনানী সৈকতের আশপাশে তেমন সতর্কবার্তা নেই। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সৈকতের বিভিন্ন স্থানে জোয়ার-ভাটা, ঝুঁকিপূর্ণ এলাকা এবং নিরাপদে সমুদ্রে নামার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন করা জরুরি বলে জানান তিনি।

গাজীপুর থেকে আসা তারিকুল ইসলাম বলেন, ‘সৈকতের এই অংশে আমরা কোথাও লাল-হলুদ সতর্কতামূলক পতাকা দেখতে পাইনি। কখন সমুদ্রে নামা নিরাপদ, আর কখন ঝুঁকিপূর্ণ এ ধরনের কোনো নির্দেশনাও চোখে পড়েনি।’

ঢাকার বনানী থেকে আসা পর্যটক রোকেয়া বেগম জানান, ‘সমুদ্রে নামার সময় কিছুটা ঝুঁকি অনুভব হয়। কেননা সমুদ্রের আচরণ সম্পর্কে আমাদের মতো অনেক পর্যটকেরই ধারণা থাকে না। পর্যটকদের সচেতন করতে সৈকতে দায়িত্বপ্রাপ্ত কর্মী বা লাইফগার্ড থাকা অত্যন্ত জরুরি।’

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক এলেও বিচকর্মী এবং দ্রুত উদ্ধার ব্যবস্থার ঘাটতি রয়েছে। ইনানী এলাকার পর্যটন ব্যবসায়ী সিয়াম আহমেদ বলেছেন, ‘সৈকতের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৩০০ মিটার পরপর বিচকর্মী বা লাইফগার্ড মোতায়েন থাকলে পর্যটকদের আগেই সতর্ক করা সম্ভব হতো। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসত।’

অন্য এক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্ঘটনা ঘটলে ট্যুরিস্ট পুলিশ বা ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা যায়, তবে জরুরি মুহূর্তে দ্রুত উদ্ধার নিশ্চিত করা যায় কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেছেন, ‘আমাদের উদ্ধার সরঞ্জাম বলতে মূলত রেসকিউ টিউব এবং রেসকিউ বোর্ড রয়েছে, যা হাতে প্যাডেল করে পরিচালনা করতে হয়। সৈকতের বিস্তৃতি বেশি হওয়ার কারণে মাত্র কয়েকটি পয়েন্টে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফগার্ড সদস্য ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। পাশাপাশি পর্যটকদেরও সচেতন হতে হবে।’

ইনানী ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেছেন, ‘ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে হ্যান্ড মাইক ব্যবহার করে পর্যটকদের সতর্ক করা হয়। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য বারবার অনুরোধ জানাই। তবে সৈকতটি অনেক বিস্তৃত হওয়ায় সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। পর্যাপ্ত রেসকিউ টিম থাকলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা সহজ হতো।’

সার্বিক বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেছেন, ‘অনেক পর্যটক গোসল করতে নেমে নিরাপদ সীমার বাইরে চলে যান। জোয়ার-ভাটার স্রোতে পড়ে তারা বিপদের মুখে পড়েন। বর্তমানে একটি বিদেশি সংস্থার অর্থায়নে ২৭ সদস্যের লাইফগার্ড দল কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও জানান, লাইফগার্ড সেবার মানোন্নয়নে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%