০৫:৪৬ পি.এম
কুড়িগ্রাম সদর উপজেলার চড় রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ও ছত্রাকধরা (ফাঙ্গাসযুক্ত) পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়ে মোট ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচির নিয়ম অনুযায়ী, ১০ শতাংশ শিক্ষার্থী বাদ দিয়ে ৯৬ জনের জন্য গত দুই দিন ধরে পাউরুটি সরবরাহ করা হয়। তবে বিতরণের সময় দেখা যায়, সরবরাহ করা পাউরুটির একটি অংশের মধ্যে পচন ও ফাঙ্গাস রয়েছে।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে নিম্নমানের বা পচা খাদ্য কোনোভাবেই বিতরণ করা উচিত নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ ব্যাপারে স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ নওশাদ বলেন, ‘আমি বরাবরই নির্দেশনা দিয়ে আসছি, এ ধরনের খাবার বিতরণ করা যাবে না। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এলাকাবাসী দ্রুত ঘটনার তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন