ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৯০ দিন জামাতে নামাজ আদায় করা ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার


৯০ দিন জামাতে নামাজ আদায় করা ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার

ফেনীর ছাগলনাইয়ায় ৯০ দিন টানা জামাতে নামাজ আদায় করায় ৩২ জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিজয়ী শিশু-কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদার।

আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী। আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব হাজারী সবুজ, মো. সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উৎসাহিত করা এবং মসজিদমুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করায় ৩২ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তাদের অনেকে ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায় করার পাশাপাশি অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।

আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান

স্থানীয়রা এ উদ্যোগকে শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক মূল্যবোধ গঠনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করার পাশাপাশি মসজিদকেন্দ্রিক সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগ স্থানীয় এলাকায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুতর অসুস্থ সালাউদ্দিন তানভীরকে অ্যাম্বুলেন্সে আদালতে হাজির করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


গুরুতর অসুস্থ সালাউদ্দিন তানভীরকে অ্যাম্বুলেন্সে আদালতে হাজির করা হলো

গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে রোববার (৪ অক্টোবর) তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বগুড়ায় আনা হয়।

রোববার বেলা সোয়া ১১টার দিকে, বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। আদালতে হাজিরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আবার ঢাকার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন।

আদালত প্রাঙ্গণে ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, ফেসবুকে একটি প্রকাশ্য স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। রিমান্ডে ও কারাগারে থাকাকালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এরপর থেকেই তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি শয্যাশায়ী।

আইনজীবী আরও বলেন, গুরুতর অসুস্থতার কারণে আদালতে সময় চাওয়ার সুযোগ থাকলেও নির্ধারিত তারিখে হাজিরা নিশ্চিত করতে ঝুঁকি নিয়ে তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার চিকিৎসাও চলবে।

মামলার নথি ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকাকালে ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসজনিত জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে এক বছরের জামিন দেন। আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তানভীরের শারীরিক অবস্থার অবনতি এবং নির্যাতনের অভিযোগগুলো তার আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে সংবাদটি হালনাগাদ করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রাণু দানকারী নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


শুক্রাণু দানকারী নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক

শিভন জিলিস প্রকাশ্যে জানিয়েছেন যে, মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। জিলিস, যিনি মাস্কের চার সন্তানের মা, জানান যে, কোনো পূর্বাভাস ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেছে।

যদিও তাদের সম্পর্কের ইতি ঘটেছে, জিলিসের মতে, মাস্কের প্রতি তার ভালোবাসা, যত্ন ও শুভকামনা অটুট থাকবে। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন। এনডিটিভির খবর অনুযায়ী, পোস্টের সঙ্গে জিলিস মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন।

জিলিস তার পোস্টে লেখেন, "কোনো সতর্কতা ছাড়াই এক সপ্তাহের মধ্যে ভালোবাসা থেকে বিচ্ছেদের পথে যাওয়া কঠিন, তবে কখনো কখনো এমনটাই ঘটে।" মাস্ক তাকে এক্সে আনফলো করার পর জিলিসের এই পোস্টটি সামনে আসে। যদিও এর কয়েক দিন আগে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ২৪ সেপ্টেম্বর মাস্ককে পাঠানো একটি বার্তায় জিলিস লিখেছিলেন, "সকালের নাশতায় তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ভালোবাসি।" মাস্কও জবাবে লিখেছিলেন, "আমিও তোমাকে ভালোবাসি।"

এরপর মাস্ক জিলিসকে জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে তাকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার কথা তিনি আগে বুঝতে পারেননি। এর তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর, জিলিস এক্সে "নতুন দিন, নতুন জীবন" লিখে পোস্ট করেন।

জিলিস সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, মাস্কের জীবনের কঠিন সময়ে তিনি ও তাদের সন্তানরা তার জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিলেন। তিনি মাস্কের শৈশবের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে বলেন, তিনি তার জীবনে স্থিরতা ও ভালোবাসার অনুভূতি এনে দিতে চেয়েছিলেন।

জিলিসের ভাষায়, "মাস্ককে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি।" তিনি জানান, মাস্কের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখেছেন। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ায় কষ্ট পাচ্ছেন, তবে তাদের চার সন্তানকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জিলিস।

পোস্টে তিনি লেখেন, "আমি কষ্ট পাচ্ছি, তবে ইলনের প্রতি আমার গভীর যত্ন ও ভালোবাসা রয়েছে। তার সুখের জন্য সবসময় শুভকামনা জানাব। ইলন, তোমার যাত্রা শুভ হোক। পৃথিবী তোমাকে পেয়ে ভাগ্যবান।"

মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজিউরের জন্ম হয়। ২০২৪ সালে তাদের মেয়ে আর্কাডিয়া জন্ম নেয়। ২০২৫ সালে পরিবারে আসে কনিষ্ঠ সন্তান সেলডন।

মাস্কের সঙ্গে জিলিসের সম্পর্ক ও সন্তানদের বিষয়টি আগেও আলোচনায় এসেছে। মাস্কের সন্তানদের মধ্যে জিলিসের চার সন্তান রয়েছেন। তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। তাদের প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার মাস্ক মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা যায়। বিভিন্ন নারীর সঙ্গে মাস্কের অন্তত ১৪ সন্তান রয়েছে বলে জানা গেছে।

জিলিসের এই প্রকাশ্য বক্তব্যের পর এখন পর্যন্ত মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন রোববার, প্রবাসীদের হয়রানি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন রোববার, প্রবাসীদের হয়রানি নিয়ে আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, যা প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনটি রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরে প্রবাসীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য গণমাধ্যমগুলোর প্রতি একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাউশির জরুরি নির্দেশনা: নতুন বেতন স্কেল অনুযায়ী তথ্য চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মাউশির জরুরি নির্দেশনা: নতুন বেতন স্কেল অনুযায়ী তথ্য চাওয়া

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। মাউশি নির্দেশ দিয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে হবে।

সম্প্রতি এইচআরএম ইউনিটের পক্ষ থেকে মাউশি একটি চিঠি জারি করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রমকে সহজতর করা এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত করার কাজ চলছে।

এতে আরও বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এজন্য মাউশি এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করা আবশ্যক।

এছাড়া, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকের প্রয়োজন হবে। এতে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%