০৪:৫৩ পি.এম
উগান্ডায় একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্কসহ মোট ২১ জনের প্রাণহানি ঘটেছে।
এ তথ্য শুক্রবার পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের বাসটি কাপচোরওয়া জেলার সিপি ফলস থেকে শিক্ষা সফর শেষে ফিরছিল। ঠিক সেই সময়, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়।
বার্তা সংস্থা এএফপি নাইরোবি থেকে খবরটি জানায়। পুলিশ এক্স নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’ এ বিবৃতিতে তারা আরও উল্লেখ করেছে, ‘দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।’
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ দুর্ঘটনাকবলিত দুমড়ে যাওয়া ও উল্টানো বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনাটির তদন্ত চলছে এবং আহত কিছু শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে, গত অক্টোবরে দেশের একটি প্রধান মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ওই বছরে উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু ঘটেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন