বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন এবং ইউপি সদস্য রাসেল খান জানান, বিনাউটি ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ এসেছে। ১০০ দিনের কর্মসূচির আওতায় এই প্রকল্পে ১২৫ জন শ্রমিকের নিয়মিত কাজ করার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকবেন সাতজন সুপারভাইজার। বুধবার দুপুরে বরাদ্দকৃত প্রকল্পের বিষয়ে আলোচনা করতে পরিষদে যান বিনাউটি উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। আলোচনা শেষে তারা পরিষদ হলরুম থেকে বের হয়ে আসেন। এরপর পরিষদের বাইরে উন্নয়ন কমিটির নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এই সময় তিনলাখপীর এলাকার এক যুবক তাদের তর্কাতর্কির ভিডিও ধারণ করেন। স্থানীয়দের মতে, ভিডিওটি মুছে ফেলতে তাকে চাপ দেওয়া হয়। ভিডিও ধারণকারী যুবকের প্রতি নেতাকর্মীদের উত্তেজিত আচরণ দেখতে পান একই এলাকার অটোরিকশাচালক বাবু। পরে তিনি বিষয়টি এলাকায় জানান। এরপর ভিডিও ধারণকারী যুবকের স্বজনরা ঘটনাস্থলে এলে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
পুলিশ খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা বা লিখিত অভিযোগ দেয়নি।
বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন মুঠোফোনে জানান, বিনাউটি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে পরিষদে আলোচনা শেষে তারা বেরিয়ে আসেন। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জল তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করেন।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি করা হয়েছে। এসব কমিটির লোকজন বিভিন্ন সময়ে পরিষদের কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপ করে। বুধবার দুপুরেও বিনাউটি ইউনিয়ন পরিষদে আসা ইজিপিপি প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে পরিষদের বাইরে ঝগড়া হয়। এ সময় এক যুবক হাতাহাতির ভিডিও ধারণ করলে তাকে আক্রমণ করা হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা এবং শিক্ষার্থীদের বাচনভঙ্গি উন্নয়নের উদ্দেশ্যে রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ‘প্রমিত উচ্চারণ’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে বাংলা বিভাগের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন, উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মিজানুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকউল্লাহ। এছাড়া বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও কর্মশালায় অংশ নেন।
দেশের স্বনামধন্য বাচিক শিল্পী *শিমুল মুস্তাফা* কর্মশালাটি পরিচালনা করেন। তিনি বাংলা ভাষার শুদ্ধ ও প্রমিত উচ্চারণের বিভিন্ন কলাকৌশল, বাচনভঙ্গি, শব্দের সঠিক প্রয়োগ এবং সাবলীলভাবে বক্তব্য উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা প্রমিত উচ্চারণের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের বাচনভঙ্গি, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
আয়োজকরা জানান, শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা কেবল ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বাচনচর্চাকে শিক্ষার্থীদের মধ্যে আরও বিস্তৃত করার প্রত্যাশা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, মহাখালী বাস টার্মিনালের পাশে প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
কন্ট্রোল রুমের অপর ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোনে জানানো হয় যে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লেগেছে। এই খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, এই ঘটনায় হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শহীদ আবরার ফাহাদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করে।
এ সময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি রাকিব মুরাদ, সাবেক সভাপতি গোলাম জাকারিয়া এবং শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ উল্লেখ করেন, "ভয় দেখিয়ে, নির্যাতন করে এমনকি শহীদ করেও মেধাবীদের মুখ বন্ধ করে রাখা যায় না। সময়মত ছাত্রসমাজ দেশের প্রয়োজনের জন্য সর্বোচ্চ ত্যাগ- কুরবানী করতেও দ্বিধা করে না।"
তিনি আরও বলেন, "আবরার ফাহাদ ভাই যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যে কন্ঠস্বর উঁচু রেখেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। শহিদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাঈদ ভাই ও জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ জন গবেষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বয়ে প্রকাশিত হয়।
গবেষকদের গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন ঘটায়।
তালিকায় স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম হোসাইন মন্ডল, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী আকবর, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, গণিত বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া, এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক জাকের হোসাইন।
সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, মো. আতিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক আতোয়ার রহমানও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম মন্তব্য করেন, "এটা খুবই পজেটিভ দিক আমাদের জন্য। শুধু পজেটিভই না এটা একটা সৌভাগ্যের ব্যাপার, যে এত গুণীজন ব্যক্তি, এত স্কলার ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ে আছে।" তিনি আরও জানান, "আমরা চেষ্টা করব সামনে রিসার্চের ক্ষেত্রে এইসব ব্যক্তিগুলোকে আরও বেশি বেশি উদ্ভাবনী কাজে সহায়তা করা আর্থিকভাবে।"
তিনি যোগ করেন, "পাশাপাশি তাদেরকে দেখে যেন আমাদের তরুণ বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয় সেই ব্যবস্থাও আমরা করব। এই বিজ্ঞানীগুলো আসলে প্রচারবিমুখ। একটা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন এই র্যাংকের বিজ্ঞানী থাকা সত্যি সৌভাগ্যের আমাদের জন্য। তাদের জন্য শুভকামনা রইল।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ