ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তান থেকে ৫০ বছর পর ভাইদের কাছে ফিরলেন পরী বেগম


পাকিস্তান থেকে ৫০ বছর পর ভাইদের কাছে ফিরলেন পরী বেগম

দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া এবং মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এর পর কেটে গেছে জীবনের পাঁচটি দশক। নতুন সংসার গড়ে উঠেছে এবং দুটি সন্তানের জন্ম হয়েছে। তবুও জন্মভূমি, বাবা-মা এবং ভাইদের স্মৃতি মুছে যায়নি। অবশেষে ছয় দশক বয়সে এসে পরী বেগম, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক, হারিয়ে যাওয়া পরিবারের সন্ধান পেয়েছেন।

দীর্ঘ পাঁচ দশক পর পাকিস্তান থেকে বাংলাদেশের ফরিদপুরের নগরকান্দায় ফিরে ভাইদের সঙ্গে দেখা হয়েছে তার। হারিয়ে যাওয়া বোনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই ও স্বজনেরা। দীর্ঘ প্রতীক্ষার অবসানে পরিবারজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

পরিবারের তথ্য অনুযায়ী, ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরী বেগম মাত্র ১০ বছর বয়সে পরিবারের কাছ থেকে হারিয়ে যান। পরে মানব পাচারকারী চক্রের কবলে পড়ে প্রথমে ভারতে এবং সেখান থেকে পাকিস্তানে পৌঁছান তিনি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পরী বেগমের বর্ণনা অনুযায়ী, কয়েক দফায় হাতবদল হওয়ার পর পাকিস্তানের এক নিঃসন্তান দম্পতির আশ্রয় পান তিনি। ওই দম্পতি তাকে সন্তানের মতো লালন-পালন করেন। পরবর্তী সময়ে পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে বিয়ে হয় তার। সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। নতুন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলেও শৈশবে ফেলে আসা পরিবারকে ভুলতে পারেননি তিনি।

দীর্ঘদিন পর পরী বেগমের জীবনে আশার আলো হয়ে আসেন রাজশাহী থেকে পাকিস্তানে পড়তে যাওয়া দুই বাংলাদেশি যুবক। পরিবারের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে পরী বেগমের নাতির সঙ্গে ওই দুই যুবকের পরিচয় হয়। একপর্যায়ে নাতি তাদের কাছে তার দাদির হারিয়ে যাওয়া জীবনের কথা তুলে ধরেন।

এরপর ওই দুই যুবক পরী বেগমের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। কথোপকথনের একপর্যায়ে তারা জানতে পারেন, পরী বেগমের জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের নগরকান্দা। তার বাবার নাম নজর আলী মাতুব্বর। বড় ভাই নওশের আলী মাতুব্বর, মেজ ভাই সাইফুল মাতুব্বর এবং ছোট ভাই সোলেমান মাতুব্বর।

পরী বেগমের কাছ থেকে এসব তথ্য জানার পর বাংলাদেশে ফিরে পরিবারের সন্ধান করার আশ্বাস দেন ওই দুই যুবক। দেশে ফিরে তারা খোঁজ শুরু করেন। একপর্যায়ে ফরিদপুরের নগরকান্দায় পরী বেগমের স্বজনদের সন্ধান পান তারা। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিলে সামনে আসে পাঁচ দশকের বিচ্ছেদের এক আবেগঘন গল্প।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হারিয়ে যাওয়া বোনের সন্ধান পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাইয়েরা। একপর্যায়ে মোবাইল ফোনে কথা হয় ভাই-বোনের। দীর্ঘদিনের বিচ্ছেদের পর সেই কথোপকথন নতুন করে স্বজনদের মধ্যে সম্পর্কের বন্ধন গড়ে তোলার পথ তৈরি করে।

অন্যদিকে, পাকিস্তানে বসেই নিজের পরিবারের সন্ধান পান পরী বেগম। বাংলাদেশে ভাইয়েরা অপেক্ষায় থাকেন প্রিয় বোনকে একনজর দেখার জন্য। অবশেষে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন তিনি। প্রায় ৫০ বছর পর জন্মভূমিতে ফিরে দেখা হয় ভাইদের সঙ্গে।

দীর্ঘদিন পর বোনকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্বজনেরা। বাড়িজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিনের শূন্যতা যেন ভালোবাসা, আবেগ আর অশ্রুসিক্ত পুনর্মিলনে ভরে ওঠে।

পাকিস্তানে দীর্ঘ পাঁচ দশক বসবাসের কারণে বাংলা ভাষা প্রায় ভুলে গেছেন পরী বেগম। স্বজনদের কাছে ফিরে এলেও তাদের সঙ্গে বাংলায় কথা বলতে পারেন না তিনি। পুরো সময়ই কথা বলেন উর্দু ভাষায়। তার কথা পুরোপুরি বুঝতে না পারলেও পরিবারের সদস্যদের কাছে ভাষা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

পরী বেগমের চোখের জল, আবেগ আর অভিব্যক্তিতেই যেন ফুটে উঠছিল দীর্ঘদিন পর আপনজনদের ফিরে পাওয়ার আনন্দ। প্রবীণ থেকে নবীন, শিশু থেকে কিশোর সবাই তার মুখের দিকে তাকিয়ে অনুভব করার চেষ্টা করছিলেন পাঁচ দশকের বিচ্ছেদ পেরিয়ে ফিরে আসা এই নারীর মনের কথা।

পরী বেগমের ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। তার সমবয়সী নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোর সবার মধ্যেই ছিল কৌতূহল ও আনন্দ। অনেকের কাছে ঘটনাটি ছিল অবিশ্বাস্য; আবার অনেকের চোখে ছিল হারিয়ে যাওয়া একজন মানুষের আপনজনের কাছে ফিরে আসার আবেগঘন দৃশ্য।

পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়ে আজ ষাটোর্ধ্ব নারী। সময় বদলেছে, বদলেছে ভাষা ও জীবনযাপন। তবু বদলায়নি শিকড়ের টান। দীর্ঘ ৫০ বছর পর ভাইদের কাছে ফিরে পরী বেগমের এই পুনর্মিলন যেন প্রমাণ করল, সময় আর দূরত্ব যত দীর্ঘই হোক, স্বজনদের প্রতি ভালোবাসার বন্ধন কখনো সহজে মুছে যায় না।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে দেশে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ডেঙ্গুতে দেশে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন রোগী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃত ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১৬ জনে পৌঁছেছে। একই সময়ে, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


শেরপুরের সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান

পাখি শিকার বন্ধের লক্ষ্যে শেরপুরের সদর ও নকলা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ছয়টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে এই অভিযান চলেছে। অভিযানের সময় পাখি শিকারিদের ৬টি হালা (শিকারের সরঞ্জাম) ও ৫টি শিকারি বক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বকগুলো পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পাখির সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাবাসীর মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

এই অভিযান সদর উপজেলার পাকুরিয়া, কামারিয়া এবং নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে পরিচালিত হয়। অভিযানের সময় পাখি শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শিকারি বকগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, নকলা উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মো. মামুন মিয়া, স্বেচ্ছাসেবক মো. গোলাম জাকারিয়া পবনসহ অন্যান্য সদস্যরা।

এদিকে পাখি শিকার হচ্ছে এমন খবর পেয়ে দুপুরে জামালপুর জেলার লাঙ্গলজোড়া পূর্ব নাছিরপুর এলাকায় জামাল ওস্তাগারের বাড়ির পিছনে বাঁশ ঝাড় ও রেইন ট্রি গাছে কলোনি বানিয়ে থাকা শামুকখোল পাখির খোঁজ নিতে এই দলটি উপস্থিত হয়। তারা উপস্থিত হয়ে পাখির সুরক্ষায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট ও স্টিকার বিতরণ করেন।

এ সময় জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি, বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি, বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দাম

বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার প্রেক্ষাপটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। তবে চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তুলনামূলকভাবে কম রয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে সোনার এই দর রেকর্ড করা হয়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১১ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান সোনার দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন মন্তব্য করেছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। বুধবার সেপ্টেম্বরের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য প্রকাশ করা হবে। এছাড়া শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) বক্তব্য দেবেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ।

হ্যানসেনের মতে, এসব তথ্য ও বক্তব্যের ওপর নির্ভর করে স্বল্পমেয়াদে সরকারি বন্ডের মুনাফার হার, ডলারের মূল্য এবং মূল্যবান ধাতুর বাজারের গতিপথ নির্ধারিত হতে পারে। একই সঙ্গে সোনা কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে মঙ্গলবার জ্বালানি তেলের দাম কমেছে। প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দরপতনের দিকে এগোচ্ছে তেলের বাজার। অন্যদিকে, ১৮ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে মার্কিন ডলারের দর। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের মুনাফার হারও ২ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বন্ডের মুনাফার হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগব্যয় কমে যায়। এতে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারে সোনার দাম নির্ধারিত হওয়ায় মার্কিন মুদ্রার দর কমাও সাধারণত সোনার দাম বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে।

তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক। তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেল রিজার্ভের তুলনামূলক দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাজারের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ। তবে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৮৭ শতাংশ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ফেডওয়াচ টুলের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভোর মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিনিয়োগে বৈচিত্র্য আনার প্রবণতা, সরকারি ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং ঋণের সুদ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ার মতো বিষয়গুলো সোনার বাজারকে দীর্ঘমেয়াদে সহায়তা দিতে পারে। তার ধারণা, বছরের শেষ দিকে এবং ২০২৭ সালেও সোনার দাম স্থিতিশীল হয়ে আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে।

সোনার পাশাপাশি মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৪৮১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭০১ দশমিক ১০ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৪৯ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


শাহরাস্তিতে ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ

একটি পরিবারের বুকে স্বস্তি এবং একটি শিশুর মুখে হাসি— এই প্রত্যাশা নিয়ে ঠোঁট ও তালুকাটা শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।

ডা. আরিফ উল হাসান, হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উদ্যোগ গ্রহণ করেছেন এসব শিশুর জন্য বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা প্রদানের। অসচ্ছল পরিবারের অভিভাবকরা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন এই উদ্যোগের মাধ্যমে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উয়ারুক বাজারে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজনের মাধ্যমে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল।

এতে অংশগ্রহণ করেন চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা শিশু ও তাদের অভিভাবকেরা। সন্তানের সুস্থতার প্রত্যাশায় দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসায় অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবার প্রয়োজন হতে পারে। কিন্তু অনেক পরিবারের জন্য আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। অর্থের অভাবে যেন কোনো শিশু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডা. আবু নাছের শাকিল এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, "অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।" তিনি আরও বলেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এসব শিশু সুন্দরভাবে বেঁচে থাকার আরও সুযোগ পাবে।

হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফ-উল-হাসান জানান, "প্রচলিত চিকিৎসাসেবার গণ্ডি পেরিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।" তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিশু যেন ঠোঁট ও তালুকাটার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের যেকোনো এলাকার ঠোঁট ও তালুকাটা শিশুরা নিবন্ধনের মাধ্যমে এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই উদ্বোধনের মাধ্যমে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে হাসপাতালটিতে ২৪ ঘণ্টা জরুরি ও ট্রমা সেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আসা শিশুদের অভিভাবকেরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সন্তানরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

মানবিক এ উদ্যোগ শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%