ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ২৫ বছর বয়সী নার্সের মৃত্যু


সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ২৫ বছর বয়সী নার্সের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখে সেলাই করা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী রাকিবুল ইসলাম।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক অরবিন্দের মাধ্যমে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। পরিবারের অভিযোগ, ওই অস্ত্রোপচারের পর বিথী আক্তারের পেটে গজ রেখে সেলাই করা হয়েছিল।

এরপর থেকে বিথী শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

চার মাস নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরার তো দূরের কথা, সন্তানকে কোলে নেওয়া কিংবা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও নেই তিনি। তার ছোট্ট সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরিবারের অভিযোগ, গত ৬ মে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিথী আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারের সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলার কারণে তার পেটের ভেতর গজ থেকে যায়। এরপর থেকেই তার শরীরে তীব্র যন্ত্রণা ও দীর্ঘ জটিলতা শুরু হয়।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে, প্রথম অস্ত্রোপচারের প্রায় দুই মাস পর তাকে আবারও বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়। পরে পেটের নাড়িতে তীব্র জটিলতা দেখা দেওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয় এবং বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা নিতে হয়। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে একসময়ের ৬১ কেজি ওজনের সুস্থ বিথী আক্তারের শারীরিক ওজন বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ কেজিতে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা গণমাধ্যমকে জানান, বিথীর মৃত্যুর খবরটি আমি শুনেছি, এটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে বিথীর বাচ্চাকে দেখতে জেলা প্রশাসক গেছেন। আমিও তার বাড়িতে বাচ্চাকে দেখতে দুইবার গিয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে একাধিক পদে চাকরির আবেদন করার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নিউইয়র্কে একাধিক পদে চাকরির আবেদন করার সুযোগ

নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরি, পাবলিক স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে আবেদন করার সুযোগ এখনো বিদ্যমান।

বুধবার (৭ অক্টোবর) সরকারি চাকরির পোর্টাল, নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যারিয়ার পেজে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সক্রিয় রয়েছে। এর মধ্যে রয়েছে কারেকশন অফিসার, পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান, স্কুল এইড এবং রিটেইল ও ফুড সার্ভিস খাতের চাকরিগুলি।

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা ডিসিএএসের তথ্য অনুযায়ী, কারেকশন অফিসার পদে পরীক্ষা নম্বর ৭৩০২-এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে ২৭ অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়নি। প্রার্থীদের যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। নিউইয়র্ক সিটির কারেকশন ফ্যাসিলিটিতে নিরাপত্তা রক্ষা, বন্দিদের তত্ত্বাবধান এবং বিভিন্ন দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এই পদের প্রধান দায়িত্বের অন্তর্ভুক্ত।

পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান পদেও আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষা নম্বর ৭৩০৭-এর জন্য আবেদন করার শেষ সময় ১৩ অক্টোবর। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এই পদে নিয়োগপ্রাপ্তরা মূলত ৯১১ কল গ্রহণ, জরুরি তথ্য সংগ্রহ এবং পুলিশ রিসোর্স ডিসপ্যাচের মতো দায়িত্ব পালন করেন। এই পদের বর্তমান প্রারম্ভিক বেতন বছরে ৫১ হাজার ৭৯০ ডলার। আবেদন ফি ৬৮ ডলার হলেও নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা ফি মওকুফের সুযোগ পেতে পারেন।

ডিসিএএসের চলমান ওপেন কম্পিটিটিভ পরীক্ষার তালিকায় আরও কয়েকটি পদ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার এবং নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের স্পেশাল অফিসার পদও রয়েছে। যোগ্যতা ও আবেদনের সময়সীমা পদভেদে আলাদা হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট নোটিস অব এক্সামিনেশন ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি চাকরির পাশাপাশি নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসেও স্কুলভিত্তিক বিভিন্ন পদে নিয়োগ চলছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন স্কুলে স্কুল এইডসহ একাধিক পদ তালিকাভুক্ত রয়েছে।

ব্রঙ্কসের ইস্ট ব্রঙ্কস একাডেমি ফর দ্য ফিউচারে স্কুল এইড পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি থাকা বাধ্যতামূলক নয়। তবে ভালো উপস্থিতির রেকর্ড, সময়ানুবর্তিতা, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের সঙ্গে কাজ করার সক্ষমতা এবং শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বশীলভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।

এই স্কুল এইড পদে সাধারণত শিক্ষকদের অশিক্ষণমূলক কাজে সহায়তা, শিক্ষার্থীদের প্রবেশ ও ছুটির সময় তদারকি, লাঞ্চরুমে শৃঙ্খলা বজায় রাখা, বই ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সাধারণ ক্লারিক্যাল কাজে সহায়তার মতো দায়িত্ব পালন করতে হয়। কাজের সময় স্কুলভেদে ভিন্ন হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা এবং সপ্তাহে পাঁচ দিন কাজের সুযোগ রয়েছে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন নেওয়া হতে পারে এবং নির্বাচিত প্রার্থীদের ফিঙ্গারপ্রিন্ট ও ব্যাকগ্রাউন্ড চেকের মধ্য দিয়ে যেতে হবে।

বেসরকারি খাতেও নিউইয়র্ক সিটিতে নিয়োগ কার্যক্রম চলছে। বুধবার সকালে ম্যানহাটনের ১০১ লিবার্টি স্ট্রিটে ইটালি ডাউনটাউনে নতুন ইটালি ক্যাফের জন্য ওপেন হায়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি টিম মেম্বার, প্রেপ কুক এবং ক্যাফে লিড পদে কর্মী নিচ্ছে।

ইটালির প্রকাশিত তথ্য অনুযায়ী, টিম মেম্বার পদে ঘণ্টায় ১৭ থেকে ১৮ ডলার এবং টিপস, প্রেপ কুক পদে ঘণ্টায় ১৭ থেকে ১৯ ডলার এবং ক্যাফে লিড পদে ঘণ্টায় ২২ থেকে ২৫ ডলার পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির নিউইয়র্ক ক্যারিয়ার পেজে বর্তমানে আরও বেশ কিছু পদে আবেদন নেওয়া হচ্ছে।

রিটেইল খাতেও নিয়োগ রয়েছে। ওয়েগম্যানসের নিউইয়র্ক সিটি লোকেশনে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, ফুড সার্ভিস ওয়ার্কার, ডিশওয়াশার, সুশি কুক, লাইন কুক এবং স্টোর সিকিউরিটি স্পেশালিস্টসহ বিভিন্ন পদের বিজ্ঞপ্তি সক্রিয় রয়েছে। কিছু পদের ক্ষেত্রে পার্ট টাইম এবং কিছু ক্ষেত্রে ফুল টাইম কাজের সুযোগ রয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য নিউইয়র্ক সিটির ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টারও বিনামূল্যে সহায়তা প্রদান করে। এখানে চাকরি খোঁজা, ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সহায়তা পাওয়া যায়। নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন এজেন্সির চাকরির জন্য সরকারি জব পোর্টাল এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ডিসিএএসের আলাদা আবেদন ব্যবস্থা রয়েছে।

চাকরির বিজ্ঞপ্তির সংখ্যা ও স্ট্যাটাস দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে আবেদনকারীদের নির্দিষ্ট পদের ডেডলাইন, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য শর্ত যাচাই করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন জমা দেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির লংগদু উপজেলায় ব্রিজের ভাঙা অংশ দিয়ে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


রাঙামাটির লংগদু উপজেলায় ব্রিজের ভাঙা অংশ দিয়ে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় পারাপারের সময় একটি জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে মৃত্যু ঘটে রাফি (৮) নামে এক শিশুর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাফি ছিল একই ইউনিয়নের আদর্শ পাড়া এলাকার মো. নাছিরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে করল্যাছড়ি বাজারের প্রধান ব্রিজটি পার হচ্ছিল শিশু রাফি। সে সময় সেতুর পাশে দীর্ঘদিন ধরে ভেঙে থাকা সাইডওয়াল দিয়ে সে অসাবধানতাবশত খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, করল্যাছড়ি বাজারে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটির সাইডওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, অবিলম্বে সেতুটি সংস্কার ও সুরক্ষা রেলিং নির্মাণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বছরের অনুষ্কার চিকিৎসার জন্য প্রয়োজন ৫–৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


৭ বছরের অনুষ্কার চিকিৎসার জন্য প্রয়োজন ৫–৬ লাখ টাকা

প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে একমাত্র সন্তান অনুষ্কার জন্ম হয়। পরিবারের সদস্যরা মেয়েকে ঘিরে যে আনন্দের পরিবেশ তৈরি করেছিলেন, তা হঠাৎ করেই ভেঙে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে জানা যায়, তার ব্রেন টিউমার রয়েছে।

শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও, অনুষ্কার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ব্রেন টিউমারের বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা দ্রুত অপারেশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৬ লাখ টাকা। তবে, এই অর্থ সংগ্রহ করা স্বল্প আয়ের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

অনুষ্কার বাবা মানিক শীল পেশায় একজন চুল কাটার কর্মী। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য তিনি সরকার, দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান এবং মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

মানিক শীল বলেন, "আমার মেয়েকে বাঁচাতে অপারেশন করাতে হবে। কিন্তু এত টাকা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সমাজের মানুষের সহযোগিতা পেলে আমার মেয়েটা হয়ত নতুন জীবন ফিরে পাবে।"

মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান এ বিষয়ে বলেন, "আমরা এই পরিবারের পাশে দাঁড়াব। আর্থিক সহায়তার জন্য আমাদের কাছে আবেদন করলে পরিবারটিকে সামর্থ্য অনুযায়ী সহায়তার ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব।"

ছোট্ট অনুষ্কার চিকিৎসার জন্য এখন মানবিক সহায়তার প্রয়োজন। মানুষের সহযোগিতায় হয়ত একটি শিশুর জীবন বাঁচানো সম্ভব হবে, এবং তার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন পূরণ হতে পারে।

সহযোগিতার জন্য বিকাশঃ 01725-097633 (শিশুটির বাবা)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে স্বজনের গ্রিন কার্ড স্পনসর হতে প্রয়োজনীয় আয় জানুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


যুক্তরাষ্ট্রে স্বজনের গ্রিন কার্ড স্পনসর হতে প্রয়োজনীয় আয় জানুন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দাদের বিদেশে অবস্থানরত স্বজনদের গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনতে নির্দিষ্ট আর্থিক সক্ষমতা প্রদর্শন করা আবশ্যক। এই প্রক্রিয়ায় স্পনসরকে সাধারণত ফর্ম আই-৮৬৪, অর্থাৎ অ্যাফিডেভিট অব সাপোর্ট জমা দিতে হয়। এই নথির মাধ্যমে স্পনসর আইনগতভাবে প্রতিশ্রুতি দেন যে যুক্তরাষ্ট্রে আগত অভিবাসী প্রয়োজন হলে তার আর্থিক সহায়তা পাবেন এবং সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বর্তমান নির্দেশনা অনুযায়ী, অধিকাংশ পরিবারভিত্তিক অভিবাসন আবেদনে এই আর্থিক সহায়তার নথি প্রয়োজন হয়। কিছু নির্দিষ্ট কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে, যদি আবেদনকারীর হয়ে কোনো মার্কিন নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা বা মার্কিন নাগরিকত্বধারী আত্মীয় আবেদন করেন।

মূল বিষয় হলো, স্পনসরের আয় তার পরিবারের মোট সদস্যসংখ্যার জন্য নির্ধারিত ফেডারেল দারিদ্র্যসীমার অন্তত ১২৫ শতাংশ হতে হবে। অর্থাৎ, সবার জন্য একই আয়সীমা প্রযোজ্য নয়। স্পনসরের পরিবারে সদস্যসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় আয়ের পরিমাণ পরিবর্তিত হয়।

২০২৬ সালের যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দারিদ্র্য নির্দেশনা অনুযায়ী, ৪৮টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে দুই সদস্যের পরিবারের দারিদ্র্যসীমা ২১ হাজার ৬৪০ ডলার। এর ১২৫ শতাংশ হলো ২৭ হাজার ৫০ ডলার। তিন সদস্যের পরিবারের ক্ষেত্রে দারিদ্র্যসীমা ২৭ হাজার ৩২০ ডলার এবং ১২৫ শতাংশের হিসাব দাঁড়ায় ৩৪ হাজার ১৫০ ডলার। চার সদস্যের পরিবারের জন্য দারিদ্র্যসীমা ৩৩ হাজার ডলার এবং ১২৫ শতাংশ হলো ৪১ হাজার ২৫০ ডলার। পরিবারের সদস্যসংখ্যা বাড়লে প্রয়োজনীয় আয়ও বাড়ে।

এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্পনসরের নিজের আয় যদি তার নির্ধারিত পরিবারের জন্য প্রয়োজনীয় ১২৫ শতাংশ সীমা পূরণ করে, তাহলে অন্য পরিবারের সদস্যদের আয় যোগ করার প্রয়োজন নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে পরিবারের সদস্যসংখ্যা হিসাবের বাইরে থাকবে। বরং আই-৮৬৪ ফর্মে স্পনসরের পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণ করেই প্রয়োজনীয় আয়ের সীমা ঠিক করা হয়।

পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণের সময় স্পনসরের স্বামী বা স্ত্রী, নির্দিষ্ট সন্তান, আয়কর রিটার্নে নির্ভরশীল হিসেবে দেখানো ব্যক্তি, যে অভিবাসীকে স্পনসর করা হচ্ছে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে অন্যান্য অভিবাসী আবেদনকারীকেও হিসাবের মধ্যে রাখতে হয়। যদি কোনো অ-নির্ভরশীল আত্মীয় একই বাড়িতে থাকেন এবং তার আয় ব্যবহার করতে চান, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে ফর্ম আই-৮৬৪এ প্রয়োজন হতে পারে।

যদি স্পনসরের নিজের আয় প্রয়োজনীয় সীমায় না পৌঁছায়, তখন আবেদন বাতিল হয়ে যায় না। এ ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে। একজন যোগ্য যৌথ স্পনসর বা জয়েন্ট স্পনসর অতিরিক্ত আর্থিক দায়িত্ব নিতে পারেন। অথবা একই পরিবারের যোগ্য সদস্যের আয় নির্দিষ্ট নিয়ম মেনে হিসাবের সঙ্গে যুক্ত করা যেতে পারে। উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় অতিরিক্ত ফর্ম ও আর্থিক প্রমাণ জমা দিতে হয়।

আয়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে সম্পদও ব্যবহার করা যায়। স্পনসরের আয় নির্ধারিত সীমার নিচে থাকলে সঞ্চয়, শেয়ার, বন্ড বা নির্দিষ্ট সম্পদের মূল্য ব্যবহার করে ঘাটতি পূরণের সুযোগ রয়েছে। তবে সম্পদের ক্ষেত্রে আলাদা হিসাব ও প্রমাণের নিয়ম আছে। সাধারণভাবে সম্পদের নিট মূল্য এবং আয়ের ঘাটতির অনুপাত নির্দিষ্ট নিয়মে বিবেচনা করা হয়।

আবেদনের সঙ্গে আর্থিক সক্ষমতার প্রমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সাম্প্রতিক বেতন স্লিপ, চাকরির প্রমাণ, নিয়োগকর্তার চিঠি, আয়কর-সংক্রান্ত নথি বা অন্যান্য আর্থিক কাগজপত্র জমা দিতে হতে পারে। কোনো স্পনসরের আয় দারিদ্র্যসীমার নিচে থাকলে অতিরিক্ত আয় বা সম্পদের প্রমাণ চাওয়া হতে পারে।

স্পনসর হওয়ার জন্য শুধু পর্যাপ্ত আয় থাকা যথেষ্ট নয়। সাধারণভাবে আর্থিক স্পনসরকে অন্তত ১৮ বছর বয়সী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তার যুক্তরাষ্ট্রে ডমিসাইল বা প্রধান বসবাসের ভিত্তি থাকতে হবে।

ফর্ম আই-৮৬৪ স্বাক্ষর করার পর এটি আইনগতভাবে কার্যকর একটি অঙ্গীকারে পরিণত হয়। সাধারণভাবে স্পনসরের আর্থিক দায়িত্ব তখন পর্যন্ত চলতে পারে, যতক্ষণ না স্পনসর করা ব্যক্তি মার্কিন নাগরিকত্ব অর্জন করেন, সামাজিক নিরাপত্তা আইনের অধীনে ৪০টি যোগ্য কর্ম-ত্রৈমাসিক অর্জন করেন বা আইনে নির্ধারিত অন্য কোনো সমাপ্তির শর্ত পূরণ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%