ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষিপণ্য রপ্তানিতে সুবিধা বাড়াতে গাবতলীতে ওয়ান-স্টপ সার্ভিস চালু: কৃষিমন্ত্রী


কৃষিপণ্য রপ্তানিতে সুবিধা বাড়াতে গাবতলীতে ওয়ান-স্টপ সার্ভিস চালু: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি পণ্য রপ্তানির সব ধরনের প্রক্রিয়া এক জায়গা থেকে সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল রাজধানীর গাবতলীস্থ ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে কোয়ারেন্টাইন অফিস চালু হবে। ফলে রপ্তানিকারকেরা একই স্থানে পণ্য শোধনাগার, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন।

আজ সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, রপ্তানির প্রশ্নে ওয়ান-স্টপ সার্ভিস চালু করছি। আগামীকাল থেকে এখানে পণ্য আসবে, ওয়াশ হবে, প্যাকিং হবে এবং এখানেই কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানির জন্য পাঠানো যাবে। রপ্তানিকৃত ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমসহ দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী আরও বলেন, চীন বাংলাদেশের কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে এবং পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল নিয়েছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহী। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বিশ্বমানের প্যাকিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হয়। উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরেও অভ্যন্তরীণ বাজারে চাহিদার সীমাবদ্ধতার কারণে অনেক কৃষক কাঙ্ক্ষিত দাম পান না। তাই রপ্তানি বাড়ানোই এখন প্রধান লক্ষ্য অনুষ্ঠিত।

বিমানভাড়া প্রসঙ্গে কৃষি মন্ত্রী বলেন, রপ্তানির খরচ কমাতে বাংলাদেশ বিমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গেও কার্গো সুবিধা বাড়ানো এবং আগাম কার্গো স্পেস সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হবে।

মন্ত্রী আরও বলেন, শুধু আম নয়, লিচু, কাঁঠাল, বরই, টমেটো, পেঁপে, মিষ্টি আলুসহ বিভিন্ন কৃষিপণ্যও এই ভিএইচটি সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা সম্ভব হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

কৃষিমন্ত্রী জানান, কৃষিপণ্য সংরক্ষণে সারা দেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সারা বছর ভোক্তাদের স্থিতিশীল দামে কৃষিপণ্য সরবরাহ করা সম্ভব হবে।

মন্ত্রী রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনই বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির মূল চাবিকাঠি।

বক্তব্যের শেষে কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষিপণ্য রপ্তানির সব ধরনের সহায়তা দেবে এবং গণমাধ্যমকে এ বিষয়ে ইতিবাচক প্রচারের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী ভিএইচটি সেন্টার উদ্বোধন করেন। কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


আধুনিক কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ' এর প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলার উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।

উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কংগ্রেসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জানান, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ডাল, তেলবীজ, ফল ও সবজির উৎপাদন বৃদ্ধি, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, বীজ প্রত্যয়ন, নিরাপদ খাদ্য পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়ন এবং নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষককে আধুনিক চাষাবাদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া উপর গুরুত্ব দিতে কৃষি কর্মকর্তাদের অবহিত করেন।

কংগ্রেসে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা, বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন চলছে

উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বারের মতো আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া। রবিবার (৫ জুলাই) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। অনশন শুরু করার এক দিন পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে আসেননি বলে তিনি অভিযোগ করেছেন। এর আগেও ৫ মে এবং ১৬ মে একই দাবিতে সাকিব আমরণ অনশন করেছিলেন। সে সময় প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অনশন ভেঙে দিলেও পরে কিছুতেই অগ্রগতি না হওয়ায় আবারও এই অনশনের পথে হাঁটছেন তিনি। জানা গেছে, সাকিব দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে অকৃতকার্য হয়েছেন। তার দাবি, তিনি যেসব বিষয়ে ফেল করেছেন, তার মধ্যে পাঁচটির ক্ষেত্রেই তিনি মাত্র ১ থেকে সাড়ে ৩ নম্বরের ব্যবধানে অকৃতকার্য হয়েছেন। এই বিষয়গুলোর উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতেই তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাকিব আরও অভিযোগ করেছেন যে, একটি আন্দোলনে অংশ নেওয়ার পর তার বিভাগীয় এক শিক্ষক তাকে সব বিষয়ে ফেল করানোর হুমকি দিয়েছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, তিনি জানান, গত ১ জুলাই তার বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কোনো বিধান নেই। তাই তাকে পরবর্তী ব্যাচের সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায় মন্তব্য করেছেন, বিষয়টি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিবেচনাধীন রয়েছে। কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে বিভাগের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অনশনরত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য দুইজন নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন। তিনি নিজেও শিক্ষার্থীর খোঁজ নিয়েছেন এবং সাকিবের আবেদনের বিষয়ে একাডেমিক কাউন্সিল ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, তবে শিক্ষার্থী তা মেনে নিচ্ছেন না। তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িক স্থগিত

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগের কারণে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এই পদক্ষেপ নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানোর এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই সময় ব্যবসায়ীদের সচেতন করার জন্য মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে সারা ব্রয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

সোমবার (৬ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছিল। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন বলেছে, প্রচলিত আইন লঙ্ঘন করে নগরীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৯৫ শতাংশ হিজড়া ও মান্তা জনগোষ্ঠী মূলধারার বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


বরিশালে ৯৫ শতাংশ হিজড়া ও মান্তা জনগোষ্ঠী মূলধারার বাইরে

সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ এবং পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবুও ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি হিজড়া ও মান্তা সম্প্রদায়ের। প্রশিক্ষণ পাওয়ার পরেও সামাজিক বৈষম্য, মূলধনের অভাব এবং নানামুখী অনীহার কারণে এই প্রান্তিক জনগণের প্রায় ৯৫ শতাংশ সদস্য মূলধারার অর্থনীতিতে যুক্ত হতে পারছেন না।

বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে বর্তমানে এই পিছিয়ে পড়া জনগণের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে, যাদের জীবন ধারার অঙ্গ হিসেবে ঢোলের তাল এবং তালি দিয়ে আনন্দ বিলানো সেই হিজড়া জনগোষ্ঠী যেমন রয়েছে, তেমনি আছেন জাল-নৌকা নিয়ে জীবিকা নির্বাহকারী যাযাবর মান্তা সম্প্রদায়ও।

জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে মোট ১ হাজার ৩০ জন হিজড়া মানুষ রয়েছেন। এর মধ্যে বরিশালে ৩৫০, পটুয়াখালীতে ২০০, ভোলায় ১৮০, বরগুনায় ১২০, পিরোজপুরে ১০০ এবং ঝালকাঠিতে ৮০ জন বসবাস করছেন।

প্রশিক্ষণ পাওয়ার পরও কেন তারা মূলধারায় ফিরে আসতে পারছেন না, তা তুলে ধরেছেন তৃতীয় লিঙ্গের সদস্য নুপুর। তিনি জানান, 'সরকার আমাদের সেলাই ও বিউটি পার্লারের কাজ শিখিয়েছে। আমি ভাবছিলাম এবার হয়তো মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতার অভ্যাস কমে যাবে। কিন্তু দোকানে যেতে হলে কেউ ঘর ভাড়া দিতে চায় না। মানুষ আমাদের দিকে তাকায় এমনভাবে, যেন আমরা এই সমাজেরই নই। বাধ্য হয়ে আবার পুরোনো পেশায় ফিরে যেতে হয়েছে।'

একইভাবে হতাশা প্রকাশ করেছেন তৃতীয় লিঙ্গের আরেক সদস্য সোহাগী। তিনি বলেন, 'আমাদের যোগ্যতা থাকলেও সমাজ তা মানতে পারেনি। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু আমার পরিচয় জানার পর তারা আমাকে আর রেখেনি। সমাজের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, তাহলে শুধু প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।'

বরিশাল বিভাগের মান্তা সম্প্রদায়ের সংকটও একীভাবে প্রতিফলিত হয়েছে। যাযাবর এই জলমানবদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থাগুলি কাজ করেছে, যদিও বাস্তবে তাদের জীবন এখনও নৌকা ও জালেই সীমাবদ্ধ।

একটি জরিপের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে মান্তা জনগণের মোট ২ হাজার ৯৪৮টি পরিবার রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোলায় ১ হাজার ৫৭০, পটুয়াখালীতে ৮৩০, বরিশালে ৩২০ এবং বরগুনায় ২২৮টি পরিবার বসবাস করে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ভাঙার পাড়ে বসবাসকারী মান্তা সম্প্রদায়ের সদস্য ইকবাল মিয়া বলেন, 'আমরা তো জন্ম থেকেই জলেই ভাসছি। এনজিও থেকে আমাদের অন্য কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু সেই কাজ করতে কোথায় যাব? আমাদের ডাঙায় কিছু জমি বা ঘর নেই। দিনশেষে সেই জাল এবং নৌকাই আমাদের শেষ ভরসা।'

অপর সদস্য জরিনা বেগম বলেন, 'আমি চেয়েছিলাম পোলাপানদের একটু লেখা পড়া শিখিয়ে ভালো পথে তৈরি করতে। কিন্তু পেটের তাগিদে বাধ্য হয়ে তাদের নিয়ে নদীতে নামতে হয়।'

এই পিছিয়ে পড়া জনগণের সমস্যা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলি তাদের সীমাবদ্ধতার কথা জানান। তবে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা ভিন্ন কথা বলেছেন। তাদের মতে, শুধু সুযোগের অভাবই নয়; সামাজিক দৃষ্টিভঙ্গি এবং এই জনগণের নিজেদের অনীহা একটি বড় কারণ।

এ বিষয়ে বেসরকারি সংস্থা 'আভাস'-এর মনিটরিং কো-অর্ডিনেটর মো. আলী আহসান বলেন, 'আমরা মাঠ পর্যায়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু আমাদের একার পক্ষে এত বড় জনগণের পুনর্বাসন সম্পন্ন করা সম্ভব নয়। এখানে কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সীমাবদ্ধতা বিদ্যমান।'

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার বলেন, 'সরকার এই প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের জন্য ভাতা, আবাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং তাদের নিজেদের মধ্যেও মূলধারার কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা কাজ করে। তবে আমরা হতাশ নই। এই পিছিয়ে পড়া জনগণকে পুরোপুরি মূল অর্থনীতিতে যুক্ত করতে সরকার কিছু নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%